সুনানে নাসায়ী 51 · The Book of Drinks
আপনার ভাষায় এখনো কোনো অনুবাদ নেই — ইংরেজি দেখাচ্ছে
5540قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنْصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَنْ يُوقِعَ بَيْنَكُمْ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ وَعَنْ الصَّلَاةِ فَهَلْ أَنْتُمْ مُنْتَهُونَ আল্লাহ্ তা'আলা বলেনঃ হে মুমিনগণ! মদ, জুয়া, মূর্তিপূজার বেদী ও ভাগ্য নির্ধারণী তীর-এ সমস্তই ঘৃণ্য বস্তু এবং শয়তানের কাজ, সুতরাং তোমরা তা পরিত্যাগ কর, যাতে তোমরা সফলকাম হতে পার। শয়তান তো মদ ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শক্রতা ও বিদ্বেষ ঘটাতে চায় এবং তোমাদেরকে আল্লাহর যিকির ও সালাতে বাঁধা দিতে চায়। তবে কি তোমরা নিবৃত্ত হবে না? (সূরা মায়িদাঃ ৯০–৯১) ৫৫৩৯. আবু বকর ইবন আহমদ (রহঃ) ... উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন মদ হারাম হওয়া সম্পর্কে আয়াত নাযিল হলো, তখন উমর (রাঃ) দু'আ করলেনঃ হে আল্লাহ! মদ সম্পর্কে আমাদেরকে স্পষ্ট আদেশ দান করুন। তখন সূরা বাকারার আয়াত নাযিল হলো। উমর (রাঃ)-কে ডেকে ঐ আয়াত পড়ে শোনানো হলো। তিনি দু'আ করলেনঃ হে আল্লাহ্! মদ সম্পর্কে আমাদেরকে পরিষ্কার আদেশ দান করুন। তখন সূরা নিসা-এর আয়াত নাযিল হলোঃ (يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَقْرَبُوا الصَّلَاةَ وَأَنْتُمْ سُكَارَى) অর্থাৎ “হে ঈমানদারগণ! তোমরা নেশা অবস্থায় সালাতের নিকটেও যাবে না।” এরপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ হতে একজন আহ্বানকারী নামাযের সময় বলতোঃ তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতের নিকটবর্তী হয়াে না। উমর (রাঃ)-কে ডেকে এই আয়াত পড়ে শুনানো হলো। তিনি পুনরায় দু'আ করলেনঃ হে আল্লাহ্! মদ সম্পর্কে আমাদের জন্য পরিষ্কার হুকুম নাযিল করুন। তারপর যখন সূরা মায়িদার আয়াত নাযিল হলো, তখন উমর (রাঃ)-কে ডেকে তা শুনানো হলো। যখন তিলাওয়াতকারী ঐ আয়াতের (فَهَلْ أَنْتُمْ مُنْتَهُونَ) পর্যন্ত পৌছলেন, তখন উমর (রাঃ) বলে উঠলেনঃ আমরা নিবৃত্ত হলাম, আমরা নিবৃত্ত হলাম।
5541সুওয়ায়দ ইবন নাসর (রহঃ) ... সুলায়মান তায়মী (রহঃ) থেকে বর্ণিত, আনাস ইবন মালিক (রাঃ) তাদেরকে জানিয়েছেন যে, আমি আমার চাচাদের সাথে গােত্রের মধ্যে দাঁড়ান ছিলাম। আমি ছিলাম বয়সে তাদের সর্বকনিষ্ঠ। এমন সময় এক ব্যক্তি এসে বললোঃ খামর (মদ) হারাম হয়ে গেছে। আমি তখন তাদের মাঝে দাঁড়িয়ে তাদেরকে ফাযীখ নামক পানীয় পান করাচ্ছিলাম। তারা বললেনঃ এই পাত্র উলটে দাও, তখন আমি ঐ পাত্রগুলো উলটে দিলাম। এ সময় আমি আনাস (রাঃ)-কে জিজ্ঞাসা করলামঃ ফাযীখ কি? তিনি বললেনঃ তা শুকনো এবং কাঁচা খেজুরের তৈরি পানীয়। আবু বকর ইবন আনাস (রহঃ) বললেন, তখন এটাই ছিল তাদের খামদর (মদ)। আনাস (রাঃ) তা শুনে আপত্তি করেন নি।
5542সুওয়ায়দ ইবন নাসর (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি, আবূ তালহা, উবাই ইব্ন কা'ব এবং আবু দুজানা আনসারদের এক দলকে শরাব পান করাতাম। তখন এক ব্যক্তি এসে বললোঃ একটা ঘটনা ঘটেছে। মদ হারাম করা হয়েছে। এ খবর শুনে আমরা শরাবের পাত্র উল্টিয়ে দিলাম। তিনি বলেনঃ তখনকার দিনের মদ ছিল ফাযীখ।
5543সুওয়ায়দ ইন নাসর (রহঃ) ... আনাস ইবন মালিক (রাঃ) বলেন, মদ যখন হারাম হওয়ার সময় হলো, তখন হারাম হলো। আর তাদের শরাব ছিল শুকনো ও কাঁচা খেজুর দ্বারা তৈরি।
5544সুওয়ায়দ ইবন নসর (রহঃ) ... জাবির ইবন আবদুল্লাহ (রাঃ) বলেনঃ কাঁচা ও শুকনা খেজুরের শারাবকে খামর বলা হয়।
5545সুওয়ায়দ ইবন নসর (রহঃ) ... মুহারিব ইবন দিসার (রহঃ) বলেন, আমি জাবির ইবন আবদুল্লাহ (রাঃ)-কে বলতে শুনেছি, কাঁচা ও শুকনো খেজুরের শরাব খামর (মদ)।
5546কাসিম ইবন যাকারিয়া (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আঙ্গুর এবং খেজুর মিশ্রিত পানীয় খামর (মদ)।
5547ইসহাক ইবন মানসূর (রহঃ) ... নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জনৈক সাহাবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেকে ওঠা কাঁচা খেজুর ও শুকনো খেজুর এবং আঙুর ও খেজুরযোগে তৈরি পানীয় পান করতে নিষেধ করেছেন।
5548ওয়াসিল ইবন আবদুল আ'লা (রহঃ) .... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদুর খোলে, হানতাম, মুযাফফাত এবং নকীরে পানীয় তৈরি করতে এবং আধাপাকা-ও হলদে হয়ে ওঠা খেজুর মিশাতে নিষেধ করেছেন।
5549ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদুর খোল, মুযাফফাত এবং কাঠের পাত্র ব্যবহার করতে নিষেধ করেছেন, আর তিনি খেজুরকে কিশমিশের সাথে এবং কাঁচা খেজুরকে শুকনো খেজুরের সাথে মিশাতে নিষেধ করেছেন।
5550হুসায়ন ইবন মানসূর ইবন জা'ফর (রহঃ) ... আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা ও শুকনো খেজুর এবং কিশমিশ ও খেজুর মিশিয়ে ভেজাতে নিষেধ করেছেন।
5551সুওয়ায়দ ইবন নাসর (রহঃ) ... আবূ কাতাদা (রাঃ) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ খেজুর এবং কিশমিশ মিশাবে না এবং কাঁচা ও পাকা খেজুর মিশ্রিত করবে না।
5552মুহাম্মাদ ইবন মুসান্না (রহঃ) ... আবূ কাতাদা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা কাঁচা ও পাকা খেজুর মিশিয়ে শরাব বানাবে না এবং কিশমিশ ও পাকা খেজুর একত্রে মিশাবে না।
5553আহমাদ ইবন হাফস (রহঃ) ... আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর এবং কিশমিশ মিশাতে নিষেধ করেছেন। আর তিনি হলদে হয়ে ওঠা ও শুকনো খেজুর মিশাতে নিষেধ করেছেন।
5554ইয়াকূব ইবন ইবরাহীম (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর কিশমিশ এবং কাঁচা ও পাকা খেজুর মিশাতে নিষেধ করেছেন।
5555আমর ইবন আলী (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা কিশমিশ ও খেজুর মিশাবে না এবং কাঁচা ও পাকা খেজুর মিশ্রিত করবে না।
5556কুতায়বা (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিশমিশ ও খেজুর মিশিয়ে এবং কাঁচা ও শুকনো পাকা খেজুর মিশ্রিত করে একত্রে ভেজাতে নিষেধ করেছেন।
5557ওয়াসিল ইব্ন আবদুল আ'লা (রহঃ) ... ইব্ন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদুর খোল, হানতাম, মুযাফফাত, নকীর ব্যবহার করতে নিষেধ করেছেন। আর তিনি কাঁচা ও পাকা খেজুর এবং কিশমিশ ও খেজুর মিশ্রিত পানীয় তৈরি করতে নিষেধ করেছেন। আর তিনি হাজার নামক এলাকাবাসীদেরকে লিখেন যে, তোমরা কিশমিশ এবং খেজুর একসাথে মিশ্রিত করবে না।
5558আহমাদ ইবন সুলায়মান (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, শুধু কাঁচা খেজুরের শরাবও হারাম এবং শুকনো খেজুরের সাথে মিশ্রিত করাও হারাম।
5559মুহাম্মাদ ইবন আদম ও আলী ইবন সাঈদ (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর এবং কিশমিশ মিশাতে এবং কাঁচা ও শুকনো খেজুর একত্রে ভেজাতে নিষেধ করেছেন।
5560কুরায়শ ইবন আব্দুর রহীম বাওয়ারদী (রহঃ) ... আমর ইবন দীনার (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি জাবির ইব্ন আবদুল্লাহ (রাঃ)-কে বলতে শুনেছিঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর ও কিশমিশ মিশাতে নিষেধ করেছেন। আর তিনি কাঁচা ও পাকা খেজুর একসাথে মিশাতে নিষেধ করেছেন।
5561সুওয়ায়দ ইবন নাসর (রহঃ) ... আবূ কাতাদা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা কাঁচা খেজুর ও পাকা তাজা খেজুর মিশিয়ে পানীয় তৈরি করো না, এবং পাকা খেজুর ও কিশমিশ মিশিয়েও পানীয় তৈরি করো না।
5562কুতায়বা (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিশমিশ ও কাঁচা খেজুর এক সাথে মিশিয়ে পানীয় তৈরি করতে নিষেধ করেছেন। তিনি কাঁচা খেজুর ও ভেজা খেজুরও এক সাথে মিশাতে নিষেধ করেছেন।
5563সুওয়ায়দ ইবন নাসর (রহঃ) ... আনাস ইবন মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই বস্তু মিশিয়ে নবীয প্রস্তুত করতে নিষেধ করেছেন। কেননা তাতে একটি অন্যটির উপর শক্তিশালী হয়ে ওঠে। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট ফাযীখ সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি তা পান করতে নিষেধ করেন। আর তিনি ঐ খেজুর পছন্দ করতেন না, যা একদিক থেকে পাকতে শুরু করেছে। কেননা তাতে দুই বস্তু হওয়ার ভয় রয়েছে। সেজন্য আমরা তার যেদিক থেকে পাকা শুরু হয়েছে তা কেটে ফেলতাম।
5564সুওয়ায়দ ইব্ন নাসর (রহঃ) ... আবু ইদরীস (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি দেখলাম, আনাস ইবন মালিক (রাঃ)-এর নিকট একদিকে অর্ধপাকা খেজুর উপস্থিত করা হলে তিনি তা কেটে ফেলছেন।
5565সুওয়ায়দ ইবন নাসর (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি নিজের কাঁচা খেজুর হতে ঐ অংশটুকু কেটে ফেলতেন, যেটুকু পেকে গেছে।
5566ইসমাঈল ইবন মাসউদ (রহঃ) ... আবূ কাতাদা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা কাঁচা এবং তাজা পাকা খেজুর একত্রে মিশিয়ে পানীয় তৈরি করবে না। আর কিশমিশ এবং কাঁচা খেজুরও একত্রে ভেজাবে না, বরং এগুলো পৃথক পৃথকভাবে ভেজাবে।
5567ইয়াহইয়া ইবন দুরস্ত (রহঃ) ... আবূ কাতাদা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা এবং শুকনো খেজুর মিশ্রিত করে ভেজাতে নিষেধ করেছেন, এবং অর্ধপাকা এবং শুকনো খেজুর মিশ্রিত করে ভেজাতে নিষেধ করেছেন। তিনি বলেছেনঃ এদের প্রত্যেকটি পৃথকভাবে ঐ পাত্রে ভেজাবে যার মুখবন্ধ করা হয়েছে।
5568সুওয়ায়দ ইবন নাসর (রহঃ) ... আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা খেজুরকে শুকনো খেজুরের সাথে মিশাতে অথবা কিশমিশকে শুকনো খেজুরের সাথে কিংবা কিশমিশকে কাঁচা খেজুরের সাথে মিশাতে নিষেধ করেছেন। আর তিনি বলেছেনঃ যে ব্যক্তি তা পান করতে চায়, সে যেন পৃথক পৃথকভাবে পান করে। খেজুরকে পৃথক, অর্ধপাকা খেজুরকে পৃথক এবং আঙুরকে পৃথক।
5569আহমদ ইবন খালিদ (রহঃ) ... আবু সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকনো খেজুরের সাথে অর্ধপাকা খেজুর মিশাতে, অথবা শুকনো খেজুরের সাথে কিশমিশ বা অর্ধপাকা খেজুরের সাথে কিশমিশ মিশাতে নিষেধ করেছেন। আর তিনি বলেছেনঃ তোমাদের মধ্যে যে এগুলো পান করতে চায়, সে যেন পৃথক পৃথকভাবে পান করে।
5570সুওয়ায়দ ইবন নাসর (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা খেজুর ও কিশমিশ এবং অর্ধপাকা খেজুর ও শুকনো খেজুর একত্রে মিশাতে নিষেধ করেছেন। তিনি বলেছেনঃ প্রত্যেকটিকে পৃথক পৃথক ভেজাবে।
5571মুহাম্মাদ ইবন আবদুল্লাহ ইবন আম্মার (রহঃ) ... আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর এবং কিশমিশ একত্রে ভেজাতে নিষেধ করেছেন এবং শুকনো ও অর্ধপাকা খেজুর একত্রে ভেজাতেও নিষেধ করেছেন। তিনি বলেছেনঃ কিশমিশকে পৃথক এবং খেজুর পৃথক ভেজাবে এবং অর্ধপাকা খেজুরও পৃথক ভেজাবে।
5572সুওয়ায়দ ইবন নাসর ও হুমায়দ ইবন মাস'আদা (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এ দু'টি থেকেই মদ প্রস্তুত হয়। সুওয়ায়দ (রহঃ)-এর বর্ণনায় আছে এ দুটো গাছ অর্থাৎ খেজুর ও আঙুরের গাছ থেকে।
5573যিয়াদ ইবন আইয়্যুব (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, খেজুর ও আঙ্গুর এ দু'টি গাছ (-এর ফল) থেকেই মদ তৈরি হয়।
5574সুওয়ায়দ ইবন নাসর (রহঃ) ... ইবরাহীম এবং শা'বী (রহঃ) বলেন, (سكر) অর্থ মদ।
5575সুওয়ায়দ ইবন নাসর (রহঃ) ... সাইদ ইবন জুবায়র (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, (سكر) অর্থ মদ।
5576ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... সাঈদ ইবন জুবায়র (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, (سكر) অর্থ মদ।
5577সুওয়ায়দ ইবন নাসর (রহঃ) ... সাইদ ইবন জুবায়র (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আয়াতে, 'সাকার' হলো হারাম এবং উত্তম রিযক হলো- হালাল।
5578ইয়াকূব ইবন ইবরাহীম (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি উমর (রাঃ)-কে মিম্বরে খুতবা দিতে শুনি। তিনি বলেন, ওহে লোকসকল! যেদিন মদ হারাম করা হয়েছিল, তখন পাঁচ বস্তু দ্বারা মদ তৈরি হতোঃ আঙুর, খেজুর, মধু, গম ও যব। আর তাই মদ যা দ্বারা জ্ঞান আচ্ছন্ন করে।
5579মুহাম্মাদ ইবন আলা (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি উমর (রাঃ)-কে মিম্বরে বলতে শুনেছি। তিনি আল্লাহর প্রশংসা করার পর বলেনঃ জেনে রাখ! যখন মদ হারাম হয় তখন খেজুর, গম, যব, মধু এবং আঙুর এ পাঁচটি বস্তু থেকে মদ তৈরি হতো।
5580আহমাদ ইবন সুলায়মান (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মদ পাঁচ বস্তু দ্বারা প্রস্তুত হয়, খেজুর, গম, যব, মধু এবং আঙ্গুর।
5581সুওয়ায়দ ইবন নাসর (রহঃ) ... ইবন সীরীন (রহঃ) বলেন, আবদুল্লাহ ইবন উমর (রাঃ) এর নিকট এক ব্যক্তি এসে বললোঃ সন্ধ্যায় লোক আমাদের জন্য পানীয় তৈরি করে, পরে আমরা তা ভােরে পান করি। আবদুল্লাহ (রাঃ) বললোঃ আমি তোমাকে মাদক দ্রব্য থেকে নিষেধ করছি, তা অল্প হােক বা অধিক। আর আমি তোমাকে আল্লাহর নামে সাক্ষ্য দিয়ে নিষেধ করছি - মাদকদ্রব্য থেকে; তা কম হােক বা বেশি। খায়বারবাসীরা অমুক অমুক বস্তু হতে মদ তৈরি করতো এবং তার এটা ওটা নাম রাখতো, অথচ প্রকৃতপক্ষে তা মদ, আর ফাদাকবাসীরা অমুক অমুক বস্তুর শরাব তৈরি করে তার এই নাম রাখে, অথচ তাও মদ। এভাবে তিনি চার প্রকার শরাবের কথা বললেন, এর মধ্যে একটা ছিল মধুর শরাব।
5582সুওয়ায়দ ইবন নসর (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রত্যেক মাদকদ্রব্যই হারাম এবং প্রত্যেক মাদকদ্রব্যই খামর (মদ)।
5583হুসায়ন ইবন মানসূর ইবন জা'ফর (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রত্যেক মাদকদ্রব্য হারাম এবং প্রত্যেক মাদকদ্রব্যই খামর।
5584ইয়াহইয়া ইবন দুরস্ত (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রত্যেক নেশাদ্রব্যই খামর।
5585আলী ইবন মায়মূন (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রত্যেক মাদকদ্রব্য হারাম, আর প্রত্যেক মাদকদ্রব্যই খামর।
5586সুওয়ায়দ (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রত্যেক মাদকদ্রব্যই হারাম এবং প্রত্যেক মাদকদ্রব্যই খামর।
5587মুহাম্মাদ ইবন মুসান্না (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রত্যেক মাদকদ্রব্যই হারাম।
5588মুহাম্মাদ ইবন মুসান্না (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রত্যেক মাদকদ্রব্যই হারাম।
5589আলী ইবন হুজর (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুব্বা, মুযাফফাত, নকীর ও হানতাম নামক পাত্রে নবীয প্রস্তুত করতে নিষেধ করেছেন এবং তিনি বলেন, প্রত্যেক মাদকদ্রব্য হারাম।
5590আবু দাউদ (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা দুব্বায়, মুযাফফাত, নকীরে নবীয প্রস্তুত করবে না এবং প্রত্যেক মাদকদ্রব্যই হারাম।
5591ইসহাক ইবন ইবরাহীম ও কুতায়বা (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রত্যেক পানীয়, যা মাদকতা সৃষ্টি করে, হারাম।
5592কুতায়বা ও সুওয়ায়দ (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামএর নিকট মধুর তৈরি শরাব সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে তিনি বললেনঃ প্রত্যেক নেশাযুক্ত পানীয়ই হারাম।
5593সুওয়ায়দ (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে মধুর শরাব সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে তিনি বললেনঃ প্রত্যেক পানীয় যাতে মাদকতা রয়েছে, তা হারাম। আর মধুর শরাবকে 'বিত' বলা হয়।
5594আলী ইবন মায়মূন (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে মধুর তৈরি শরাব সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেনঃ যে বস্তুই মাদকতা আনে তা হারাম। আর 'বিত' হলো মধুর তৈরি শরাব।
5595আহমদ ইবন আবদুল্লাহ ইবন সুওয়ায়দ ইবন মানজুফ ও আবদুল্লাহ ইবন হায়সাম (রহঃ) ... আবূ মূসা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রত্যেক মাদকদ্রব্যই হারাম।
5596আহমাদ ইবন আবদুল্লাহ ইবন আলী (রহঃ) ... আবূ বুরদা (রহঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এবং মু'আয (রাঃ)-কে ইয়ামনে পাঠান। মুআয (রাঃ) বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাদেরকে এমন এক দেশে পাঠাচ্ছেন, যেখানকার অধিবাসীগণ নানারকমের পানীয় ব্যবহার করে থাকে। আমরা কী পান করবাে? তিনি বললেনঃ তোমরা পানীয় পান করবে কিন্তু ঐ পানীয় যাতে মাদকতা থাকে, তা পান করবে না।
5597ইয়াহইয়া ইবন মূসা বালখী (রহঃ) ... আবূ মূসা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রত্যেক মাদকদ্রব্য হারাম।
5598সুওয়ায়দ (রহঃ) ... আসওয়াদ ইবন শায়বান সাদুসী (রহঃ) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি আতা (রহঃ) এর নিকট জিজ্ঞাসা করলোঃ আমরা বিভিন্ন সফরে যাই। তখন বাজারে নানা রকম পানীয় দেখি; কিন্তু ঐ পানীয় কোন পাত্রে বানানো হয়েছে, তা জানি না। আতা (রহঃ) বললেনঃ প্রত্যেক নেশাকরবস্তু হারাম। ঐ ব্যক্তি তার প্রশ্নের পুনরাবৃত্তি করল। তিনি বললেন, প্রত্যেক নেশাকর বস্তু হারাম। লোকটি আবারও সেই প্রশ্ন করল। তিনি বললেনঃ আমি তোমাকে যা বলেছি, তা-ই ঠিক।
5599সুওয়ায়দ (রহঃ) ... ইবন সিরীন (রহঃ) বলেন, প্রত্যেক মাদকদ্রব্য হারাম।
5600সুওয়ায়দ (রহঃ) ... আবদুল মালিক ইবন তুফায়ল জাযারী (রহঃ) বলেন, উমর ইবন আবদুল আযীয (রহঃ) আমাদের নিকট ফরমান পাঠান যে, তোমরা জ্বালানো দ্রাক্ষারস পান করবে না, যতক্ষণ না তার দুই-তৃতীয়াংশ চলে যায় এবং এক-তৃতীয়াংশ অবশিষ্ট থাকে। আর প্রত্যেক মাদকদ্রব্যই হারাম।
5601সুওয়ায়দ (রহঃ) ... সা'ক ইবন হাযন (রহঃ) বলেন, উমর ইবন আবদুল আযীয (রহঃ) আদী ইবন আরতাত (রহঃ)-কে লিখলেনঃ প্রত্যেক মাদকদ্রব্য হারাম।
5602আমর ইবন আলী (রহঃ) ... আবূ মূসা আশ'আরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রত্যেক মাদকদ্রব্য হারাম।
5603সুওয়ায়দ (রহঃ) ... আবূ মূসা (রাঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইয়ামানে প্রেরণ করেন, তখন আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! সেখানে বিভিন্ন ধরনের পানীয় পাওয়া যায়। আমি কোন প্রকার পানীয় পান করবো এবং কোন প্রকার বর্জন করবো? তিনি বললেনঃ সেখানে কোন প্রকার পানীয় পাওয়া যায়? আমি বললামঃ 'বিত' এবং 'মিযর'। তিনি বললেনঃ তা কি দিয়ে তৈরি হয়? আমি বললামঃ বিত মধু দ্বারা তৈরি হয় এবং মিযর ভুট্টার দ্বারা। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যে শরাবে মাদকতা রয়েছে তা পান করবে না। কেননা আমি প্রত্যেক মাদকতাপূর্ণ শরাবকে হারাম করেছি।
5604মুহাম্মাদ ইবন আদম ইবন সুমায়মান (রহঃ) ... আবূ বুরদা (রহঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইয়ামানে পাঠান। তখন আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! সেখানে মিযর এবং বিত পাওয়া যায়। তিনি বললেনঃ বিত ও মিযর কী বস্তু? আমি বললামঃ বিত্ এক প্রকার পানীয় যা মধু দ্বারা তৈরি করা হয়; আর মিযর যব দ্বারা তৈরি হয়ে থাকে। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যা মাদকতা সৃষ্টি করে, তা-ই হারাম।
5605আবু বকর ইবন আলী (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত যে, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় মদের আয়াত পাঠ করলেন। তখন এক ব্যক্তি বললোঃ ইয়া রাসূলাল্লাহ্! মিযর-এর কী বিধান? তিনি বললেনঃ মিযর কী? সে বললোঃ এক প্রকার পানীয়, যা ইয়ামানে তৈরি হয়। তিনি বললেনঃ তাতে মাদকতা আছে কি? সে বললোঃ হ্যাঁ। তিনি বললেনঃ যা মাদকতা সৃষ্টি করে, তা হারাম।
5606কুতায়বা (রহঃ) ... আবুল জুওাইরিয়া (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবন আব্বাস (রাঃ) এর নিকট কাউকে প্রশ্ন করতে শুনলাম, কেউ তাঁকে বললোঃ আমাকে বাযাক সম্বন্ধে কিছু বলুন, তিনি বললেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় বাযাক ছিল না। আর প্রত্যেক মাদকদ্রব্যই হারাম।
5607উবায়দুল্লাহ ইবন সাঈদ (রহঃ) ... আমর ইবন শু‘আয়ব (রহঃ) তাঁর পিতার মাধ্যমে তাঁর দাদা থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে পানীয় বস্তুর অধিক পানে মাদকতা আসে, তার অল্পও হারাম।
5608হুমায়দ ইবন মাখলাদ (রহঃ) ... আমির ইবন সা'দ (রহঃ) তাঁর পিতা সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ আমি তোমাদেরকে ঐ পানীয় বস্তুর অল্পও পান করতে নিষেধ করছি, যার অধিক পানে মাদকতা সৃষ্টি হয়।
5609মুহাম্মাদ ইবন আবদুল্লাহ ইবন আম্মার (রহঃ) ... আমির ইবন সা'দ (রহঃ) তাঁর পিতা সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে, তিনি ঐ পানীয় বস্তুর অল্পও পান করতে নিষেধ করেছেন, যার অধিক পানে মাদকতা সৃষ্টি হয়।
5610হিশাম ইব্ন আম্মার (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এবার আমি জানলাম যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোযা রেখেছেন। আমি তাঁর ইফতারের সময় নবীয নিয়ে তাঁর নিকট উপস্থিত হলাম, যা আমি তাঁর জন্য কদুর খােলে তৈরি করেছিলাম। তিনি বললেন, নিকটে আনো। আমি যখন তা নিকটে নিলাম, তখন তা গাজাচ্ছিল। এরপর তিনি বললেনঃ দেওয়ালে ছুঁড়ে মার। কেননা এটা ঐ ব্যক্তির পানীয় যে আল্লাহ এবং কিয়ামতের দিনের প্রতি ঈমান রাখে না। আবু আবদুর রহমান বলেনঃ এতে মাদকদ্রব্য হারাম হওয়ার প্রমাণ রয়েছে; অল্প হােক বা বেশি। এর বিপরীত সেই আত্মপ্রবঞ্চকদের এ কথা ঠিক নয় যে, পানপাত্রের সর্বশেষ চুমুকটি হারাম, আগে যা পান করেছে, তা হারাম নয়। জ্ঞানীজনের মধ্যে এই বিষয়ে কোন মতপার্থক্য নেই যে, নেশা প্রথম বা দ্বিতীয় চুমুক বা কেবল শেষ চুমুকে আসে তা না; বরং সবগুলো চুমুকের সমষ্টি দ্বারাই নেশা সৃষ্টি হয়।
5611মুহাম্মাদ ইবন আবদুল্লাহ ইবনুল মুবারক (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার বালা ও রেশমী কাপড় পরিধান করতে, আর রেশমী লাল জীনপপাশে সওয়ার হতে এবং যবের তৈরি শরাব পান করতে নিষেধ করেছেন।
5612কুতায়বা (রহঃ) ... স'সা (রহঃ) আলী ইবন আবু তালিব (রাঃ)-কে বললেনঃ হে আমীরুল মু'মিনীন! আপনি আমাদেরকে ঐ সকল বস্তু হতে নিষেধ করুন, যা থেকে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নিষেধ করেছেন। তিনি বললেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দুব্বা এবং হানতাম থেকে নিষেধ করেছেন।
5613কুতায়বা (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য পাথরের পাত্রে নবীয তৈরি করা হতো।
5614যে সকল পাত্রে নবীয তৈরি নিষেধ এবং যে সব পাত্রে নিষেধ নয় ৫৬১৪. সুওয়ায়দ ইবন নাসর (রহঃ) ... তাউস (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি ইবন উমর (রাঃ)-কে বললো, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাটির পাত্রে নবীয তৈরি করতে নিষেধ করেছেন? তিনি বললেনঃ হ্যাঁ। তাউস (রহঃ) বলেন, আল্লাহর শপথ! আমি তাঁর নিকট এটা শুনেছি।
5615হারূন ইব্ন যায়দ ইবন ইয়াযীদ ইবন আবু যারকা (রহঃ) ... তাউস (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি ইবন উমর (রাঃ)-এর নিকট এসে বললোঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাটির পাত্রে নবীয তৈরি করতে : নিষেধ করেছেন? তিনি বললেনঃ হ্যাঁ। ইবরাহীম (রহঃ) তাঁর হাদীসে উল্লেখ করেছেনঃ আর কদুর খােলেও।
5616সুওয়ায়দ (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামমাটির মটকার তৈরি নবীয় পান করতে নিষেধ করেছেন।
5617আলী ইবন হুসায়ন (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানতাম ব্যবহার করতে নিষেধ করেছেন। আমি বললামঃ হাতাম কি? তিনি বললেনঃ হানতাম হলো মাটির তৈরি পাত্র।
5618মুহাম্মদ ইবন আবদুল আ'লা (রহঃ) ... আবদুল আযীয ইবন আসীদ তাহী বসরী (রহঃ) বলেন, ইবন যুবায়র (রাঃ)-কে মাটির পাত্রে নবীয তৈরি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বললেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তা থেকে নিষেধ করেছেন।
5619আহমদ ইব্ন আবদুল্লাহ ইবন আলী ইবন সুওয়ায়দ ইবন মানজূফ (রহঃ) ... সাঈদ ইবন জুবায়র (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা ইবন উমর (রাঃ)-কে মাটির পাত্রে নবীয প্রস্তুত করা সম্পর্কে জিজ্ঞাসা করলে, তিনি বললেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হারাম করেছেন। পরে আমি ইব্ন আব্বাস (রাঃ)-এর নিকট এসে বললামঃ আজ আমি এমন কথা শুনলাম, যাতে আমি বিস্মিত হয়েছি। তিনি বললেনঃ তা কী? আমি বললামঃ আমি ইবন উমর (রাঃ)-কে মাটির পাত্রে নবীয তৈরি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হারাম করেছেন। তিনি বললেনঃ ইবন উমর (রাঃ) সত্যই বলেছেন। আমি বললামঃ 'জার' কি বস্তু? তিনি বললেনঃ মাটির পাত্র।
5620আমর ইবন যুরারা (রহঃ) ... সাঈদ ইবন জুবায়র (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবন উমর (রাঃ)-এর নিকট ছিলাম। তখন তাকে মাটির পাত্রের নবীয সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, তিনি বললেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হারাম করেছেন। এটা যখন শুনলাম, বিষয়টা আমার কাছে কঠিন মনে হল। তাই আমি ইবন আব্বাস (রাঃ)-এর নিকট গিয়ে তাঁকে বললামঃ ইবন উমর (রাঃ)-কে একটি কথা জিজ্ঞাসা করা হলে তিনি যে উত্তর দিলেন, তা আমার কাছে কঠিন মনে হচ্ছে। তিনি বললেন, সেটা কি? আমি বললামঃ তাঁকে মাটির পাত্রে নবীয তৈরি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি এই বলেছেন। তিনি বললেনঃ তিনি ঠিকই বলেছেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হারাম করেছেন। আমি বললামঃ 'জার' কী বস্তু? তিনি বললেনঃ মাটির তৈরি পাত্র।
5621মাহমূদ ইবন গায়লান (রহঃ) ... শায়বানী (রহঃ) বলেন, আমি ইবন আবু আওফা (রাঃ)-কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবুজ মাটির পাত্রে নবীয তৈরি করতে নিষেধ করেছেন। আমি জিজ্ঞাসা করলামঃ সাদা পাত্রে? তিনি বললেনঃ আমি জানি না।
5622আবু আবদুর রহমান (রহঃ) ... আবু ইসহাক শায়বানী বলেন, আমি ইব্ন আওফা (রাঃ)-কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবুজ ও সাদা মাটির পাত্রে নবীয তৈরি করতে নিষেধ করেছেন।
5623মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ... আবূ রাজা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হাসান (রাঃ)-কে মাটির পাত্রে নবীয তৈরি সম্পর্কে জিজ্ঞাসা করলামঃ তা কি হারাম? তিনি বললেনঃ তা হারাম। আমার নিকট এমন ব্যক্তি যিনি কখনও মিথ্যা বলেন নি, বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির পাত্র, কাষ্ঠ পাত্র এবং কদুর খোলে নবীয তৈরি করতে নিষেধ করেছেন।
5624মাহমূদ ইবন গায়লান (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকদুর খোল ব্যবহার নিষেধ করেছেন।
5625জাফর ইবন মুসাফির (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদুর খোল ব্যবহার নিষেধ করেছেন।
5626মুহাম্মদ ইবন মুসান্না (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদুব্বা এবং আলকাতরা মাখানো কলসির ব্যবহার (অর্থাৎ তাতে নবীয তৈরি করতে) নিষেধ করেছেন।
5627মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ... আলী (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি কদুর খােল এবং আলকাতরা মাখানো কলসি ব্যবহার নিষেধ করেছেন।
5628মুহাম্মদ ইবন আবান (রহঃ) ... আবদুর রহমান ইবন ইয়ামুর (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি কদুর খোল এবং আলকাতরা মাখানো কলসির ব্যবহার নিষেধ করেছেন।
5629কুতায়বা (রহঃ) ... আনাস ইবন মালিক (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদুর খোল এবং আলকাতরা মাখা কলসে নবীয তৈরি করতে নিষেধ করেছেন।
5630মুহাম্মাদ ইবন মানসূর (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুব্বা ও আলকাতরা মাখা কলসে নবীয তৈরি করতে নিষেধ করেছেন।
5631উবায়দুল্লাহ ইবন সাঈদ (রহঃ) ... ইবন উমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামআলকাতরা মাখা কলস ও কদুর খোল থেকে নিষেধ করেছেন।
5632আহমদ ইব্ন আবদুল্লাহ্ ইবন হাকাম ইবন ফারওয়া (রহঃ) ... ইব্ন উমর (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদুর খোল, মাটির পাত্র এবং কাঠের পাত্রে নবীয তৈরি করতে নিষেধ করেছেন।
5633সুওয়ায়দ ইবন নাসর (রহঃ) ... আবু সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির পাত্র, কদুর খোল এবং কাঠের পাত্রে তৈরি নবীয পান করতে নিষেধ করেছেন।
5634সুওয়ায়দ (রহঃ) ... ইব্ন উমর (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদুর খোল, মাটির পাত্র এবং আলকাতরা মাখা কলসে নবীয তৈরি করতে নিষেধ করেছেন।
5635সুওয়ায়দ (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির পাত্র, কদুর খোল এবং আলকাতরা মাখা পাত্রের ব্যবহার নিষেধ করেছেন।
5636সুওয়ায়দ (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দুব্বা, হান্তাম এবং আলকাতরা মাখা পাত্রে পান করতে নিষেধ করতে শুনেছি। যয়তুন তেল এবং সিরকা এ থেকে পৃথক।
5637কুরায়শ ইবন আব্দুর রহমান (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদুর খোল, সবুজ কলস, কাঠের পাত্র এবং আলকাতরা মাখা পাত্ৰ থৈকে নিষেধ করেছেন।
5638সুওয়ায়দ (রহঃ) ... সুমামা ইবন হাযন কুশায়রী (রহঃ) বলেন, আমি আয়েশা (রাঃ)-এর সাথে সাক্ষাত করে তাঁর নিকট নবীয সম্বন্ধে জিজ্ঞাসা করলাম। তিনি বললেনঃ আবদুল কায়স গােত্রের লোক রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে তাঁকে নবীয তৈরির পাত্র সম্বন্ধে জিজ্ঞাসা করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কদুর খোল, কাঠের তৈরি পাত্র ও সবুজ কলসে নবীয তৈরি করতে নিষেধ করেন।
5639যিয়াদ ইবন আইয়্যুব (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদুর খোলে নবীয তৈরি করতে নিষেধ করেছেন।
5640মুহাম্মদ ইব্ন আবদুল আ'লা (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঠের পাত্র, আলকাতরা মাখা পাত্র, কদুর খােল এবং সবুজ কলসে তৈরি নবীয পান করতে নিষেধ করেছেন। ইবন উলায়্যার হাদীসে আছে। ইসহাক বলেছেন, হুনায়দা আয়েশা (রাঃ) থেকে মুআয (রাঃ)-এর হাদীসের ন্যায় বর্ণনা করেন। তিনি পাত্রের নাম উল্লেখ করেছেন। আমি হুনায়দাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি আয়েশা (রাঃ)-কে কলসিগুলোর নাম বলতে শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ।
5641সুওয়ায়দ (রহঃ) ... শারীক ইব্ন আবানের কন্যা হুনায়দা (রহঃ) বলেন, আমি খুরায়বা নামক স্থানে আয়েশা (রাঃ)-এর সাথে মিলিত হলাম। আমি তাঁর নিকট শরাবের তলানী সম্বন্ধে জিজ্ঞাসা করলাম। তিনি আমাকে তা থেকে নিষেধ করলেন। তিনি বললেন, নবীয সন্ধ্যায় ভেজাবে এবং ভােরে পান করবে। আর যদি তা কোন মশকে থাকে, তবে তার মুখ বন্ধ করে দেবে। আর তিনি আমাকে কদুর খােল, কাষ্ঠের পাত্র, আলকাতরা মাখা পাত্র ও সবুজ কলস ব্যবহার করতে নিষেধ করেছেন।
5642যিয়াদ ইবন আইয়ুব (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামমুযাফফাত (আলকাতরা মাখা পাত্র) থেকে নিষেধ করেছেন।
5643আহমদ ইবন সুলায়মান (রহঃ) .... ইবন উমর এবং ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, তাঁরা উভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাক্ষ্য দান করেন যে, তিনি কদুর খােল, সবুজ কলস, আলকাতরা মাখা পাত্র এবং কাঠের পাত্র থেকে নিষেধ করেছেন। এরপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করেনঃ অর্থাৎ রাসূল তোমাদেরকে যা দান করেন তা গ্রহণ করাে আর যা হতে তিনি তোমাদের নিষেধ করেন, তা থেকে তোমরা বিরত থাক। (সূরা হাশরঃ)
5644সুওয়ায়দ (রহঃ) ... আসমা বিনত ইয়াযীদ (রাঃ) তাঁর চাচাত ভাই আনাস (রাঃ) এর নিকট শ্রবন করেছেন, তিনি বলেছেন, আল্লাহ্ তা'আলা কি বলেন নি যে, “রাসূল তোমাদেরকে যা দেন, তা তোমরা গ্রহণ কর; আর তিনি তোমাদেরকে যা থেকে নিষেধ করেন, তা থেকে তোমরা বিরত থাক।”(সূরা হাশরঃ ৭) আমি বললামঃ হ্যাঁ। তিনি আবার বললেনঃ আল্লাহ্ তা'আলা কি বলেন নি যে, “যখন আল্লাহ্ এবং তাঁর রাসূল কোন বিষয়ে আদেশ করেন, তখন মুসলিম পুরুষ অথবা নারীর সে বিষয়ে কোন এখতিয়ার থাকে না।” (সূরা আহযাবঃ ৩৬) আমি বললামঃ হ্যাঁ। তিনি বললেনঃ আমি সাক্ষ্য দিচ্ছি যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কাঠের পাত্র, আলকাতরা মাখা পাত্র, কদুর খােল এবং সবুজ কলস থেকে।
5645আমর ইব্ন ইয়াযীদ (রহঃ) ... যাযান (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবদুল্লাহ্ ইবন উমর (রাঃ)-কে বললাম, আপনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পাত্র সম্বন্ধে যা শ্রবণ করেছেন, তা আমার নিকট বর্ণনা করুন এবং তার ব্যাখ্যা করুন। তিনি বললেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন হানতাম (সবুজ কলসি) থেকে যাকে তোমরা জার্রা বলে থাক। আর তিনি দুব্বা (কদুর খােল) হতে নিষেধ করেছেন, যাকে তোমরা কার বলে থাক। আর তিনি নাকীর হতে নিষেধ করেছেন; যা খেজুর গাছ হতে নির্মিত পাত্র। আর তিনি মুযাফফাত হতে নিষেধ করেছেন, আর তা হলো আলকাতরা মাখা পাত্র।
5646সাউওয়ার ইবন আবদুল্লাহ্ ইবন সাউওয়ার (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল কায়সের প্রতিনিধি দল আসলে তাদেরকে দুব্বা, হান্তাম, নাকীর এবং মুযাফফাত হতে নিষেধ করেন। তিনি বলেন, তোমরা নিজেদের মশকে নবীয তৈরি করবে এবং তার মুখ বেঁধে রাখবে আর তা মিষ্টি করে পান করবে। উপস্থিত লোকের একজন বললোঃ ইয়া রাসূলাল্লাহ! আমাকে এতটুকুতে অনুমতি দান করুন। তিনি হাতে ইঙ্গিত করে বললেনঃ তাহলে তুমি এতখানি করবে (অর্থাৎ সীমালঙ্ঘন করবে)।
5647সুওয়ায়দ (রহঃ) ... আবুয-যুবায়র বলেন, আমি জাবির (রাঃ)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদুর খোল, মাটির কলসি এবং কাঠের পাত্র হতে নিষেধ করেছেন। নবীসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাঁর নিকট নবীয তৈরি করার জন্য কোন পাত্র পেতেন না তখন তাঁর জন্য পাথরের পাত্রে নবীয বানানো হলো।
5648আহমাদ ইবন খালিদ (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য মশকে নবীয বানানো হতো; যদি মশক না হতো তবে পাথরের পাত্রে। তিনি কদুর খােল, কাঠের পাত্র ও আলকাতরা মাখা পাত্রে পান করতে নিষেধ করেছেন।
5649সাউওয়ার ইবন আবদুল্লাহ্ ইবন সাউওয়ার (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদুর খোল, কাঠের পাত্র, মাটির কলসি ও আলকাতরা মাখা পাত্র হতে নিষেধ করেছেন।
5650ইবরাহীম ইবন সাঈদ (রহঃ) ... আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐ মাটির পাত্রে নবীয তৈরি করার অনুমতি দিয়েছেন, যাতে আলকাতরার প্রলেপ দেয়া হয়নি।
5651আব্বাস ইবন আবদুল আযীম (রহঃ) ... বুরায়দা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি তোমাদেরকে কুরবানীর গােশত জমা রাখতে নিষেধ করেছিলাম, এখন তোমরা তা খাও এবং জমা করে রাখতে পার। আর যদি কেউ কবর যিয়ারত করতে মনস্থ করে, সে করতে পারে। কেননা কবর যিয়ারত আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। আর যে কোন পাত্রে তোমরা পানীয়দ্রব্য পান করতে পার, কিন্তু মাদকদ্রব্য হতে দূরে থাকবে।
5652মুহাম্মদ ইবন আদম ইবন সুলায়মান (রহঃ) ... বুরায়দা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি তোমাদেরকে কবর যিয়ারত করতে নিষেধ করেছিলাম; কিন্তু এখন তোমরা কবর যিয়ারত করতে পার। আর আমি তোমাদেরকে তিন দিনের অধিক কুরবানীর গোশত রাখতে নিষেধ করেছিলাম; এখন তোমাদের যতদিন ইচ্ছা গােশত রাখতে পার। আমি তোমাদেরকে মশক ব্যতীত অন্য পাত্রে নবীয তৈরি করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা সকল পাত্রেই নবীয তৈরি করে পান করতে পার, কিন্তু মাদকদ্রব্য পান করবে না।
5653মুহাম্মদ ইবন মা'দান ইব্ন ঈসা ইব্ন মাদান হাররানী (রহঃ) ... বুরায়দা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি তোমাদেরকে তিনটি বস্তু হতে নিষেধ করেছিলাম। একটি হল, কবর যিয়ারত, এখন তোমরা কবর যিয়ারত করতে পার। কেননা এতে তোমাদের জন্য উপকার রয়েছে। আর তোমাদেরকে তিন দিনের অধিক কুরবানীর গােশত হতে নিষেধ করেছিলাম; এখন যতদিন ইচ্ছা তা রাখতে পার। আমি কিছু পাত্র হতে তোমাদেরকে নিষেধ করেছিলাম, এখন তোমরা যে কোন পাত্রে পান করতে পার কিন্তু মাদকদ্রব্য পান করবে না।
5654আবু বকর ইবন আলী (রহঃ) ... বুরায়দা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি তোমাদেরকে কোন কোন পাত্র হতে নিষেধ করেছিলাম, এখন তোমরা যে কোন পাত্রে নবীয তৈরি কর, কিন্তু প্রত্যেক মাদকদ্রব্য হতে দূরে থাকবে।
5655আবু আলী মুহাম্মদ ইবন ইয়াহইয়া ইবন আইয়ুব মারওয়াযী (রহঃ) ... বুরায়দা (রাঃ) থেকে বর্ণিত যে, একদা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে বের হন, তখন একদল লোককে হৈ-হল্লা করতে শুনে তিনি জিজ্ঞাসা করেনঃ এটা কিসের আওয়াজ? তারা বললোঃ ইয়া রাসূলাল্লাহ্! তাদের এক প্রকার পানীয় আছে, তারা তা পান করছে। তিনি তাদেরকে ডেকে বললেনঃ তোমরা কোন্ পাত্রে পানীয় তৈরি করে থাক? তারা বললোঃ কাঠের পাত্র, কদুর খোল ছাড়া আমাদের নিকট অন্য কোন পাত্র নেই। তিনি বললেনঃ তোমরা শুধু এমন পাত্রে নবীয তৈরি করবে যার মুখ বন্ধ করতে পারবে। এরপর যতদিন আল্লাহর ইচ্ছা ছিল, ততদিন তিনি সেই সফরে ছিলেন। পরে তিনি তাদের নিকট দিয়ে প্রত্যাবর্তনকালে দেখলেন, তারা এক মহামারীতে আক্রান্ত হয়ে হলুদ হয়ে গেছে। তিনি বললেনঃ কী হলো, তোমাদেরকে এমন অবস্থায় দেখছি কেন? তারা বললোঃ ইয়া রাসূলাল্লাহ্! আবহাওয়ার দরুন আমাদের এখানে মহামারী লেগে থাকে। আর আপনি তো আমাদের জন্য মুখ বন্ধ করা যায় এমন পাত্র ছাড়া অন্য সব পাত্রের নবীয হারাম করেছেন। তিনি বললেনঃ তোমরা পান কর। তবে জেনে রাখ, সব ধরনের মাদকদ্রব্য হারাম।
5656মাহমূদ ইবন গায়লান (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাত্র সম্বন্ধে নিষেধ করলেন, তখন আনসার লোক অভিযােগ করলো যে, ইয়া রাসূলাল্লাহ্! আমাদের এখানে তো অন্য কোন প্রকার পাত্র নেই। তিনি বললেনঃ তবে কোন অসুবিধা নেই।
5657সুওয়ায়দ (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, মি'রাজের রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট দুধ এবং মদের দুটি পেয়ালা উপস্থিত করা হলে, তিনি উভয়টির প্রতি দৃষ্টিপাত করলেন। তারপর তিনি দুধকেই গ্রহণ করলেন। জিবরীল (আঃ) তাঁকে বললেনঃ আল্লাহর শোকর যে, তিনি আপনাকে ফিতরাতে বা স্বভাব ধর্মের প্রতি হিদায়ত দান করেছেন। যদি আপনি মদের পাত্র গ্রহণ করতেন, তবে আপনার উম্মত পথভ্রষ্ট হতো।
5658মুহাম্মাদ ইবন আবদুল আ'লা (রহঃ) ... নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমার উম্মতের কিছু লোক মদ পান করবে কিন্তু তারা এর অন্য নাম দেবে।
5659ঈসা ইবন হাম্মাদ (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ব্যভিচারী যখন ব্যভিচার করে, তখন সে মু'মিন অবস্থায় ব্যভিচার করে না। মদখোর যখন মদ পান করে, তখন সে মু'মিন অবস্থায় মদ পান করে না। চোর যখন চুরি করে, তখন সে মু'মিন অবস্থায় চুরি করে না। আর যখন কোন ডাকাত ডাকাতিতে লিপ্ত হয়, আর লোক চোখ তুলে দেখতে থাকে, তখন সেও মু'মিন অবস্থায় ডাকাতি করে না।
5660ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন ব্যভিচারী ব্যভিচার করে, তখন সে মু'মিন অবস্থায় ব্যভিচার করে না। চোর যখন চুরি করে তখন সে মু'মিন অবস্থায় চুরি করে না। আর কেউ যখন মদ পান করে, তখন সে মু'মিন অবস্থায় মদ পান করে না এবং যখন কেউ কোন মূল্যবান সম্পদ লুণ্ঠন করে আর মুসলিমগণ তার দিকে তাদের চোখ তুলে তাকিয়ে থাকে, তখন সে মু'মিন অবস্থায় লুণ্ঠন করে না।
5661ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... ইবন উমর (রাঃ) সহ একদল সাহাবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে মদ পান করে, তাকে বেত্রাঘাত কর। পুনরায় পান করলে আবার বেত্রাঘাত কর; তারপর আবার পান করলে তাকে হত্যা কর।
5662ইসহাক ইবন ইব্রাহীম (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে মদ পান করে, তাকে কশাঘাত কর, পুনরায় মদ পান করলে তাকে আবার কশাঘাত কর, আবার মদ পান করলে আবার কশাঘাত কর, চতুর্থবারে বললেনঃ তাকে হত্যা কর।
5663ওয়াসিল ইবন আবদুল আ'লা (রহঃ) ... আবূ মূসা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমার নিকট মদ্যপান করা অথবা আল্লাহ্ ব্যতীত এই খুঁটির পূজা করা সমান।
5664আলী ইবন হুজুর (রহঃ) ... উরওয়া ইবন রুওয়ায়ম (রহঃ) বলেন, একদা ইবন দায়লামী (রহঃ) আবদুল্লাহ্ ইবন আমর ইবন আস (রাঃ)-এর খোঁজে সওয়ার হলেন। তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবন আমর (রাঃ)-এর নিকট উপস্থিত হলাম। জিজ্ঞাসা করলামঃ হে আবদুল্লাহ্ ইবন আমর! আপনি কি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে মদ সম্বন্ধে কিছু বলতে শুনেছেন? তিনি বললেনঃ হ্যাঁ, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ আমার উম্মতের কেউ শরাব পান করলে আল্লাহ তা'আলা তার চল্লিশ দিনের নামায কবুল করবেন না।
5665কুতায়বা ও আলী ইবন হুজুর (রহঃ) ... মাসরূক (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, কোন বিচারক যখন কোন উপঢৌকন গ্রহণ করে, তখন সে যেন হারাম খায়, আর যখন সে ঘুষ গ্রহণ করে, তখন সে কুফরী পর্যন্ত পৌছায়। মাসরুক (রহঃ) আরো বলেনঃ যে ব্যক্তি শরাব পান করে, সে কাফির হয়ে যায়। তার কুফরী এই যে, তার নামায কবুল হয় না।
5666সুওয়ায়দ (রহঃ) ... উসমান (রাঃ) থেকে বর্ণিত, তোমরা মাদকদ্রব্য পরিত্যাগ কর, কেননা তা নানা প্রকার অপকর্মের প্রসূতি। তোমাদের পূর্ববর্তী যুগে এক আবেদ ব্যক্তি ছিল। এক কুলটা রমণী তাকে নিজের ধোঁকাবাজির জালে আবদ্ধ করতে মনস্থ করে। এজন্য সে তার এক দাসীকে তার নিকট প্রেরণ করে তাকে সাক্ষ্যদানের জন্য ডেকে পাঠায়। তখন ঐ আবেদ ব্যক্তি ঐ দাসীর সাথে গমন করলো। সে যখনই কোন দরজা অতিক্রম করত, দাসী পেছন থেকে সেটি বন্ধ করে দিত। এভাবে সেই আবেদ ব্যক্তি এক অতি সুন্দরী নারীর সামনে উপস্থিত হলো আর তার সামনে ছিল একটি ছেলে এবং এক পেয়ালা মদ। সেই নারী আবেদকে বললোঃ আল্লাহর শপথ! আমি আপনাকে সাক্ষ্য দেওয়ার জন্য ডেকে পাঠাই নি, বরং এজন্য ডেকে পাঠিয়েছি যে, আপনি আমার সাথে ব্যভিচারে লিপ্ত হবেন, অথবা এই মদ পান করবেন, অথবা এই ছেলেকে হত্যা করবেন। সেই আবেদ বললোঃ আমাকে এই মদের একটি মাত্র পেয়ালা দাও। ঐ নারী তাকে এক পেয়ালা মদ পান করালো। তখন সে বললোঃ আরও দাও। মোটকথা ঐ আবেদ আর থামল না, যাবৎ না সে তার সাথে ব্যভিচার করলো এবং ঐ ছেলেকেও হত্যা করলো। অতএব তোমরা মদ পরিত্যাগ কর। কেননা আল্লাহর শপথ! মদ ও ঈমান কখন সহাবস্থান করে না। এর একটি অন্যটিকে বের করে দেয়।
5667সুওয়ায়দ (রহঃ) ... উসমান (রাঃ) বলতেন, তোমরা মদ পরিত্যাগ কর। কেননা এটাই সকল অনিষ্টের মূল। তোমাদের পূর্ব যুগে এক ব্যক্তি ছিল। সে সর্বদা ইবাদত-বন্দেগীতে লিপ্ত থাকত এবং লোক সংশ্রব হতে দূরে থাকত। এরপর পূর্বোক্ত ঘটনা বর্ণনা করে বললেনঃ তোমরা মদ পরিত্যাগ কর; কেননা, আল্লাহর শপথ! মদ এবং ঈমান কখনো সহাবস্থান করে না; বরং একটি অপরটিকে বের করে দেয়।
5668আবু বকর ইবন আলী (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি মদ পান করলো, অথচ নেশাগ্রস্থ হলো না, তার নামায কবূল হবে না, যতক্ষণ ঐ মদ তার পেটে অথবা শিরায় অবস্থান করবে। যদি ঐ ব্যক্তি সে অবস্থায় মারা যায়, তবে তার চল্লিশ দিনের নামায কবূল হবে না। যদি সে এ অবস্থায় মারা যায়, তবে সে কাফির অবস্থায় মারা যাবে।
5669মুহাম্মদ ইব্ন আদম ইব্ন সুলায়মান ও ওয়াসিল ইবন আবদুল আ'লা (রহঃ) ... আবদুল্লাহ্ ইব্ন আমর (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর মুহাম্মদ ইবন আদম (রহঃ) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি মদ পান করে আর তা তার পেটে পৌছে, আল্লাহ্ তা'আলা তার সাতদিনের নামায কবূল করেন না। যদি সে এ অবস্থায় মারা যায়, তবে সে কাফির অবস্থায় মরবে। যদি সে জ্ঞানহারা হয়ে যায় আর তার কোন ফরয কাজ ছুটে যায়, তা হলে তার চল্লিশ দিনের নামায কবূল হবে না। যদি সে এ অবস্থায় মারা যায়, তবে সে কাফির হয়ে মারা যাবে।
5670কাসিম ইবন যাকারিয়া ইবন দীনার ও আম্র ইবন উসমান ইবন সাঈদ (রহঃ) ... আবদুল্লাহ ইবন দায়লামী (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবন আমর ইবন আস (রাঃ)-এর নিকট উপস্থিত হলাম, তখন তিনি তাঁর তায়েফস্থিত ওহাত নামক গানে ছিলেন। তিনি কুরায়শের এক যুবকের হাত ধরে চলছিলেন। লোকের ধারণা ছিল যে, ঐ যুবক মদ পান করতো। তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, তিনি বলেছেনঃ যে ব্যক্তি একঢোক শরাব পান করবে, আল্লাহ্ পাক চল্লিশ দিনের মধ্যে তার তাওবা কবূল করবেন না। অতঃপর যদি সে তাওবা করে, তবে আল্লাহ্ তাকে ক্ষমা করবেন। যদি সে পুনরায় পান করে, তবে তার তাওবা চল্লিশ দিন পর্যন্ত কবূল করবেন না; পুনরায় তাওবা করলে আল্লাহ তাকে ক্ষমা করবেন। এরপরও যদি সে শরাব পান করে, তাহলে আল্লাহ্ তা'আলা নিশ্চিতরূপে তাকে কিয়ামতের দিন দোযখীদের পুঁজ পান করাবেন।
5671কুতায়বা ও হারিস ইবন মিসকীন (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি পৃথিবীতে মদ পান করে এবং পরে তাওবা না করে, আখিরাতে সে পবিত্র পানীয় হতে বঞ্চিত থাকবে।
5672মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ... আবদুল্লাহ ইবন আমর (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ উপকার করে খোটা দানকারী আর মাতাপিতার অবাধ্যতাকারী এবং মাদকাসক্ত ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না।
5673সুওয়ায়দ (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যাক্তি পৃথিবীতে মদ পান করে এ অবস্থায় মারা যাবে যে, সে সর্বদা তা পান করতো এবং তা থেকে তাওবা করে নি, আখিরাতে সে পবিত্র পানীয় পান করতে পাবে না।
5674ইয়াহইয়া ইবন দুরস্ত (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি পৃথিবীতে সদা-সর্বদা শরাব পান করে মারা যায়, সে আখিরাতে তা অর্থাৎ পবিত্র পানীয় পান করতে পারবে না।
5675সুওয়ায়দ (রহঃ) ... যাহহাক (রহঃ) বলেন, যে ব্যক্তি সব সময় মদ পান করা অবস্থায় মারা যায়, দুনিয়া ত্যাগকালে তার চেহারায় গরম পানির ছিটা দেয়া হয়।
5676যাকারিয়া ইবন ইয়াহইয়া (রহঃ) ... সাঈদ ইব্ন মুসায়্যিব (রহঃ) থেকে বর্ণিত যে, উমর (রাঃ) রবীআ ইবন উমাইয়্যাকে শরাব পান করার দরুন খায়বরে নির্বাসন দিয়েছিলেন। পরে সে রোমের বাদশাহ হিরাকলের নিকট চলে যায় এবং খৃস্টধর্ম গ্রহণ করে। তা শুনে উমর (রাঃ) বললেনঃ এরপর আমি আর কোন মুসলিমকে নির্বাসন দেব না।
5677হান্নাদ ইবন সারী (রহঃ) ... আবুল আহওয়াস সিমাক থেকে, তিনি কাসিম ইব্ন আবদুর রহমান থেকে, তিনি তার পিতা থেকে এবং তিনি আবু বুরদা ইবন নিয়ার (রাঃ) থেকে। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা যে কোন পাত্রে পান করতে পার কিন্তু মাতাল হয়োনা। আবূ আবদুর রহমান (ইমাম নাসাঈ) বলেন, এ হাদীস আপত্তিকর। আবুল আহওয়াস সাল্লাম ইবন সুলায়ম এতে ভুল করেছেন। সিমাকের অপর কোন ছাত্র তার মত বর্ণনা করেন নি, তদুপরি সিমাক শক্তিশালী রাবী নন। সিমাক থেকে শারীক আবুল আহওয়াসের বিপরীত বর্ণনা করেছেন। নিম্নের বর্ণনা দ্রষ্টব্যঃ
5678মুহাম্মদ ইবন ইসমাঈল (রহঃ) ... শারীক সিমাক ইবন হারব থেকে, তিনি ইবন বুরায়দা থেকে, তিনি তার পিতা বুরায়দা (রাঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদুর খোল, সবুজ মাটির পাত্র, কাঠের তৈরি পাত্র এবং আলকাতরা মাখা পাত্র থেকে নিষেধ করেছেন। সিমাক থেকে আবু আওয়ানা শারীকের বিপরীত বর্ণনা করেছেন। নিম্নের বর্ণনা দ্রষ্টব্যঃ
5679আবু বকর ইব্ন আলী (রহঃ) ... আবু আওয়ানা সিমাক থেকে, তিনি কারসাফা থেকে এবং তিনি আয়েশা (রাঃ) থেকে। তিনি বলেন, তোমরা পান কর, কিন্তু মাতাল হয়ো না। আবু আবদুর রহমান বলেন, এটাও সঠিক নয়। এই কারসাফা কে, আমি জানি না। আয়েশা (রাঃ) থেকে প্রসিদ্ধ বর্ণনা এর বিপরীত। নিচের বর্ণনা দ্রষ্টব্যঃ
5680সুওয়ায়দ ইবন নাসর (রহঃ) ... জাসরা বিনত দিজাজা বলেন, আয়েশা (রাঃ)-এর নিকট কিছু লোক নবীযের ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, আমরা ভধরে খেজুর ভেজাই, সন্ধ্যায় পান করি আবার সন্ধ্যায় ভেজাই এবং ভধরে পান করি। তিনি বলেন, আমি কোন মাদকদ্রব্যকে হালাল বলছি না, যদিও তা রুটি হয় বা পানি হয়। একথা তিনি তিনবার বলেন।
5681সুওয়ায়দ ইবন না (রহঃ) ... কারীমা বিনত হাম্মাম বলেন, আমি উম্মুল মু'মিনীন আয়েশা (রাঃ)-কে বলতে শুনেছি যে, তোমাদেরকে কদুর খোল, মাটির পাত্র এবং তৈলাক্ত পাত্র হতে নিষেধ করা হয়েছে। এরপর তিনি নারীদের দিকে মুখ ফিরিয়ে বললেনঃ যদি সবুজ মাটির পাত্র হতেও মাদকতা আসতে দেখ, তবে তাতেও পান করবে না।
5682ইসমাঈল ইবন মাসউদ (রহঃ) ... আবান ইবন সাম'আ বলেন, আমার মা আমার কাছে আয়েশা (রাঃ) থেকে বর্ণনা করেছেন যে, তাঁর নিকট কোন ব্যক্তি মদের ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মাদকদ্রব্য থেকে নিষেধ করেছেন। ইমাম নাসাঈ (রহঃ) বলেন, তারা ‘আবদুল্লাহ ইবন আব্বাস (রাঃ) থেকে আবদুল্লাহ ইবন শাদ্দাদ যে হাদীস বর্ণনা করেছেন, সেটিকেও অজুহাত বানিয়েছেন। বর্ণনাটি নিম্নরূপঃ
5683আবু বকর ইবন আলী (রহঃ) ... ইবন শুবরুমা আবদুল্লাহ ইব্ন শাদ্দাদ থেকে এবং তিনি ইব্ন আব্বাস (রাঃ) থেকে। তিনি বলেন, মদ অল্প হোক অথবা বেশি হোক তা হারাম করা হয়েছে। অন্যান্য পানীয় ততটুকু হারাম, যখন তাতে মাদকতা সৃষ্টি হয়। ইমাম নাসাঈ (রহঃ) বলেন, ইবন শুবরুমা এটা আবদুল্লাহ্ ইবন শাদ্দাদ থেকে শোনেন নি। নিম্নের বর্ণনা দ্রষ্টব্যঃ
5684আবু বকর ইবন আলী (রহঃ) ... ইবন শুবরুমা বলেন, আমার কাছে নির্ভরযোগ্য ব্যক্তি অবিদুল্লাহ ইবন শাদ্দাদ থেকে এবং তিনি ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেন, মদতো প্রকৃতপক্ষে হারাম বস্তু, তা কম হোক বা বেশি। অন্যান্য পানীয় তখন হারাম, যখন তাতে মাদকতা সৃষ্টি হয়। আবূ আওন মুহাম্মাদ ইবন উবায়দুল্লাহ সাকাফী তার বিপরীত বর্ণনা করেছেন যা নিম্নরূপঃ
5685মুহাম্মদ ইব্ন আবদুল্লাহ ইবন হাকাম ও হুসায়ন ইন মানসূর (রহঃ) ... আবূ আওন আবদুল্লাহ ইবন শাদ্দাদ থেকে এবং তিনি ইব্ন আব্বাস (রাঃ) থেকে বর্ণনা করেন যে, মদ অল্প হােক বা অধিক, তা হারাম। আর অন্যান্য পানীয়ের মধ্যে যা মাদকতা সৃষ্টি করে, তা-ও হারাম।
5686হুসায়ন ইব্ন মানসূর (রহঃ) ... আবু অওন আবদুল্লাহ ইব্ন শাদ্দাদ থেকে এবং তিনি ইবন আব্বাস (রাঃ) থেকে। তিনি বলেন, মদ হারাম বস্তু অল্প হোক বা অধিক। আর অন্যান্য পানীয় যাতে মাদকতা সৃষ্টি হয়, তা হারাম। আবু আবদুর রহমান বলেন, ইবন শুবরুমা বর্ণিত হাদীস অপেক্ষা এই হাদীসই বেশি সঠিক। হুশায়ম ইবন বুশায়র তাদলীস (লুকোচুরি) করতেন। তা ছাড়া তার বর্ণনায় স্পষ্ট নেই যে, তিনি ইবন শুবরুমা থেকে শুনেছেন। আবার ইবন আব্বাস (রাঃ) থেকে নির্ভরযােগ্য রাবীগণ যা বর্ণনা করেছেন ইব্ন আওনের বর্ণনা তার সাথে সাদৃশ্যপূর্ণ।
5687কুতায়বা (রহঃ) ... আবূ জুওয়াইরিয়া জারমী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি ইবন আব্বাস (রাঃ)-এর নিকট জিজ্ঞাসা করলাম, তখন তিনি কাবার দিকে পিঠ দিয়ে বসেছিলেন, আমি তাঁকে বাযাক সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেনঃ বাযাক বের হওয়ার পূর্বেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনতিকাল করেছেন। জেনে রাখ! প্রত্যেক মাদকদ্রব্যই হারাম। আরবদের মধ্যে আমিই সর্বপ্রথম এ সম্পর্কে প্রশ্ন করেছি।
5688ইসহাক ইবন ইব্রাহীম (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, যে ব্যক্তি আল্লাহ এবং তাঁর রাসূলের হারাম করা বস্তু হারাম মনে করে, সে যেন নবীয-কে হারাম মনে করে।
5689সুওয়ায়দ ইবন নাসর (রহঃ) ... আবদুর রহমান তাঁর পিতা থেকে থেকে বর্ণিত যে, এক ব্যক্তি ইবন আব্বাস (রাঃ)-কে বললেনঃ আমি খুরাসানের বাসিন্দা। আমাদের এলাকা শীত প্রধান। আমরা কিশমিশ আঙুর ইত্যাদি দ্বারা এক প্রকার পানীয় প্রস্তুত করি। এ নিয়ে আমি দ্বিধা-দ্বন্দ্বে পড়েছি। এরপর সে আরও কয়েক প্রকার পানীয়ের উল্লেখ করলো। আমি মনে করলাম, হয়তো ইবন আব্বাস তা বুঝতে পারেন নি। ইবন আব্বাস (রাঃ) বললেনঃ তুমি তো অনেক শরাবের কথাই বললে। মনে রেখ! মাদকদ্রব্য পরিত্যাগ করবে, তা খেজুর, আঙুর অথবা অন্য কিছু দ্বারাই তৈরি হোক না কেন।
5690আবূ বকর ইবন আলী (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, কেবল কাঁচা খেজুরের নবীযও হালাল নয়।
5691মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ... আবু জামরা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবন আব্বাস (রাঃ) এবং অন্যান্য লোকের মধ্যে দোভাষীর কাজ করতাম। একবার এক নারী তাঁর নিকট উপস্থিত হয়ে কলসে নবীয প্রস্তুত করা সম্বন্ধে প্রশ্ন করলে তিনি তাকে তা থেকে নিষেধ করলেন। আমি বললামঃ হে ইবন আব্বাস! আমি সবুজ কলসে নবীয প্রস্তুত করি, মিষ্টি নবীয, আমি তা পান করলে আমার পেটে ভুড়ভুড় করে। তিনি বললেনঃ তা মধু থেকে মিষ্টি হলে পান করবে না।
5692আবু দাউদ (রহঃ) ... আবু জামরা নাসর (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা আমি ইবন আব্বাস (রাঃ)-কে বললামঃ আমার দাদী এক কলসিতে নবীয প্রস্তুত করেন, যা আমি পান করে থাকি, তা মিষ্টি হয়। অধিকমাত্রায় তা পান করে লোকের মধ্যে যেতে আমার ভয় হয়, পাছে লজ্জিত হয়ে পড়ি। তিনি বললেনঃ আবদে কায়স গােত্রের প্রতিনিধি দল রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হলে তিনি বললেনঃ যারা লজ্জিত ও অপদস্থ হয়ে আসেনি তাদেরকে স্বাগত। তারা বললো, ইয়া রাসূলাল্লাহ! আমাদের ও আপনার মধ্যে এক মুশরিক দল রয়েছে। তাই আমরা হারাম মাস ব্যতীত আপনার নিকট উপস্থিত হতে পারি না। অতএব আপনি আমাদেরকে এমন কিছু শিক্ষা দিন, যা দ্বারা আমরা জান্নাতে প্রবেশ করতে পারি। আর আমরা অন্যান্য লোকদেরকেও তা শিক্ষা দিতে পারি। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমি তোমাদেরকে তিনটি কাজ করার আদেশ দিচ্ছি এবং চারটি কাজ থেকে নিষেধ করছি। আমি তোমাদেরকে এক আল্লাহর উপর ঈমান আনতে আদেশ করছি। তোমরা জান কি, আল্লাহর উপর ঈমান কী বস্তু? তারা বললোঃ আল্লাহ্ এবং তাঁর রাসূল অধিক জ্ঞাত। তিনি বললেনঃ এ কথার সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ্ ব্যতীত কোন ইলাহ্ নেই, সালাত আদায় করা, যাকাত দেওয়া এবং যুদ্ধলব্ধ মালের এক-পঞ্চমাংশ বায়তুলমালে দান করা। আর আমি চারিটি বস্তু থেকে তোমাদেরকে নিষেধ করছি। কদুর খোল, সবুজ মাটির পাত্র, কাঠের পাত্র এবং আলকাতরা মাখানো পাত্রে প্রস্তুত করা নবীয় পান করা হতে।
5693সুওয়ায়দ (রহঃ) ... কায়স ইবন ওহবান (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবন আব্বাস (রাঃ)-কে জিজ্ঞাসা করলাম, আমার একটি কলস আছে, আমি তাতে নবীয প্রস্তুত করি। যখন গজিয়ে ওঠে, তারপর ঠাণ্ডা হয়ে যায়, তখন আমি তা পান করি। তিনি বললেনঃ আপনি কতদিন থেকে এভাবে নবীয পান করছেন? আমি বললামঃ বিশ বছর যাবত অথবা চল্লিশ বছর যাবত। তিনি বললেনঃ আপনার শিরা বহুদিন থেকে অপবিত্র বস্তু দ্বারা সিঞ্চিত হচ্ছে।
5694যিয়াদ ইবন আইয়্যুব (রহঃ) ... আবদুল মালিক ইবন নাফি' (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইবন উমর (রাঃ) বলেছেনঃ আমি এক ব্যক্তিকে নবীযের পাত্র নিয়ে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হাযির হতে দেখেছি, তখন তিনি রুকনের নিকট দাঁড়ান অবস্থায় ছিলেন। ঐ ব্যক্তি ঐ পাত্র তাঁর সামনে পেশ করলে, তিনি তা নিজের মুখের নিকট নিতেই তা খুব ঝাঁঝাল মনে হলো। তখন তিনি ঐ ব্যক্তিকে তা ফিরিয়ে দিলেন। এই সময় অন্য এক ব্যক্তি বললোঃ ইয়া রাসূলাল্লাহ্! তা কি হারাম? তিনি বললেনঃ যে ব্যক্তি ঐ পাত্র এনেছিল তাকে ডাক। ঐ ব্যক্তি উপস্থিত হলে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত থেকে ঐ পাত্র নিয়ে নেন এবং পানি আনিয়ে তাতে মিশ্রিত করেন। পরে তিনি বলেনঃ যখন ঐ সকল পাত্রে নবীয ঝাঁঝাল হয়ে যায়, তখন পানি দ্বারা তার তীব্রতা দূর করবে।
5695যিয়াদ ইবন আইয়ুব (রহঃ) ... আবদুল মালিক ইবন নাফি (রহঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। আবু আবদুর রহমান বলেন, আবদুল মালিক ইব্ন নাফি (রহঃ) প্রসিদ্ধ নন। তাঁর হাদীস দ্বারা প্রমাণ দেওয়া যায় না। ইবন উমর (রাঃ) থেকে প্রসিদ্ধ বর্ণনা এর বিপরীত, যা নিম্নরূপঃ
5696সুওয়ায়দ ইবন নাসর (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত যে, তাঁকে কেউ পানীয় সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি বলেনঃ নেশা আনে এমন প্রতিটি বস্তু বর্জন করবে।
5697কুতায়বা (রহঃ) ... যায়দ ইবন জুবায়র (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবন উমর (রাঃ)-কে পানীয় সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, প্রত্যেক নেশার বস্তু বর্জন করবে।
5698সুওয়ায়দ (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, প্রত্যেক নেশাযুক্ত দ্রব্য, অল্প হোক বা অধিক, হারাম।
5699হারিস ইবন মিসকীন (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ প্রত্যেক নেশাদায়ক দ্রব্য মদ, আর প্রত্যেক নেশাদায়ক দ্রব্য হারাম।
5700মুহাম্মাদ ইবন আবদুল আ'লা (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ্ তা'আলা মদ হারাম করেছেন। আর প্রত্যেক নেশাদায়ক দ্রব্য হারাম।
5701হুসায়ন ইবন মানসূর (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রত্যেক মাদকদ্রব্যই হারাম। আর প্রত্যেক নেশাদায়ক দ্রব্যই মদ। আবু আবদুর রহমান নাসাঈ (রহঃ) বলেনঃ এ হাদীসের রাবীগণ নির্ভরযােগ্য, বিশুদ্ধ বর্ণনার ক্ষেত্রে প্রসিদ্ধ। আবদুল মালিক (রহঃ)-এর বর্ণিত হাদীস, তাদের বর্ণিত হাদীসের মুকাবিলায় গ্রহণযােগ্য হতে পারে না, যদিও তার মত একদল রাবী তার সমর্থন করে।
5702সুওয়ায়দ (রহঃ) ... রুকাইয়া বিনতে আমর ইবন সাঈদ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবন উমর (রাঃ)-এর নিকট প্রতিপালিত হই। তাঁর জন্য কিশমিশ ভেজানাে হতো। তিনি তা পরবর্তী দিন পান করতেন। পরে কিসমিশ শুকিয়ে নেয়া হতো এবং তার সাথে অন্য কিসমিশ মিশিয়ে তাতে পানি ঢালা হতো। পরের দিন তিনি তা পান করতেন। তারপরের দিন তা ফেলে দিতেন। তারা আবু মাসঊদ উকবা ইন আমর এর বর্ণিত হাদীস দ্বারাও দলীল দিয়ে থাকেন, যা নিম্নরূপঃ
5703হাসান ইবন ইসমাঈল ইবন সুলায়মান (রহঃ) ... আবূ মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার কাবার নিকট রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিপাসার্ত হন। তিনি পানি চাইলে লোক মশক হতে নবীয দিল। তিনি তার গন্ধ শুঁকে তা অপছন্দ করলেন এবং বললেনঃ আমার নিকট যমযমের পানির পাত্র আনা হোক। তিনি তাতে যমযমের পানি যিশিয়ে তা পান করলেন। তখন এক ব্যক্তি জিজ্ঞাসা করলোঃ ইয়া রাসূলাল্লাহ্! তা কি হারাম? তিনি বললেনঃ না। এই বর্ণনাটি দুর্বল। ইয়াহইয়া ইবন ইয়ামান রাবীর বর্ণনা গ্রহণযােগ্য নয়। তার স্মরণশক্তি দুর্বল হয়ে গিয়েছিল। তিনি প্রায়ই ভুল করতেন।
5704আলী ইবন হুজুর (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার জানা ছিল যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন বিশেষ দিনে রােযা রাখতেন। একবার আমি তাঁর ইফতারের জন্য কদুর খোলে নবীয তৈরি করলাম। সন্ধ্যায় আমি ঐ নবীয নিয়ে তাঁর নিকট উপস্থিত হয়ে বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আমি জানতাম, আপনি এ দিনে রােযা রাখেন। আমি এই নবীয আপনার ইফতারের জন্য এনেছি। তিনি বললেনঃ হে আবূ হুরায়রা! তুমি তা আমার কাছে নিয়ে এসাে। আমি তা তাঁর নিকট নিয়ে গেলে দেখা গেল যে, তা গাঁজাচ্ছে। তিনি বললেনঃ এটা নিয়ে গিয়ে দেয়ালে নিক্ষেপ কর। কেননা এটা ঐ ব্যক্তির পানীয়, যে আল্লাহ ও কিয়ামতের দিনের প্রতি ঈমান রাখে না।
5705সুওয়ায়দ (রহঃ) ... আবু রাফে (রাঃ) থেকে বর্ণিত। উমর ইবন খাত্তাব (রাঃ) বলেছেন, যখন তোমরা নবীয ঝাঁঝবিশিষ্ট হয়েছে বলে ভয় করবে, তখন তোমরা এর সাথে পানি মিশিয়ে ঠাণ্ডা করবে। আবদুল্লাহ্ (রাঃ) বলেন, ঝাঁঝযুক্ত হওয়ার পূর্বেই এরূপ করতে হবে।
5706যাকারিয়া ইবন ইয়াহ্ইয়া (রহঃ) ... সাঈদ ইবন মুসায়্যিব (রহঃ) বলেন, সাকীফ গোত্রের লোকজন উমর (রাঃ)-এর সংগে এক প্রকারের পানীয় নিয়ে সাক্ষাত করল। তিনি তার কাছে নিতে বললেন। তারপর তিনি যখন তা মুখের কাছে নিলেন, তখন তাঁর কাছে তা খারাপ লাগল। তারপর তিনি পানি মিশিয়ে তার ঝাঁঝ কমিয়ে দিলেন। পরে তিনি বললেনঃ তোমরাও এরূপ করবে।
5707আবু বকর ইবন আলী (রহঃ) ... উতবা ইবন ফারকাদ (রহঃ) থেকে বর্ণিত যে, উমর (রাঃ) যে নবীয পান করতেন তা সির্কা বানিয়ে দেওয়া হত। সায়িবের বর্ণিত হাদীস দ্বারা এর বিশুদ্ধতা প্রমাণিত হয়, যা নিম্নরূপঃ
5708হারিস ইবন মিসকীন (রহঃ) ... সাইব ইবন ইয়াযীদ (রাঃ) থেকে বর্ণিত যে, একদা উমর ইবন খাত্তাব (রাঃ) লোকদের নিকট বের হয়ে বললেনঃ আমি অমুক ব্যক্তির মুখে শরাবের গন্ধ পাচ্ছি। তিনি মনে করলেন, আঙুরের জ্বালানো রস। তবুও আমি তাকে জিজ্ঞাসা করবো, সে কী পান করেছে? যদি তা মাদকদ্রব্য হয়, তবে আমি তাকে (শরীআতের হদ লাগাব)। পরে উমর ইবন খাত্তাব (রাঃ) তাকে বেত্রাঘাত করেছিলেন।
5709কুতায়বা (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত যে, ইয়ামানের জায়শান গােত্রের এক ব্যক্তি এসে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট মিযর নামক এক প্রকার পানীয় সম্পর্কে জিজ্ঞাসা করলো, যা তারা তাদের দেশে পান করে থাকে এবং যা ভুট্টা হতে প্রস্তুত হয়। তিনি বললেনঃ তা কি মাদকতা সৃষ্টি করে? সে ব্যক্তি বললোঃ হ্যাঁ। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ প্রত্যেক মাদকদ্রব্যই হারাম। আল্লাহ্ তা'আলা নির্ধারিত করে রেখেছেন, যে ব্যক্তি মদ পান করে, তাকে ‘তীনাতুল খাবাল’ থেকে পান করাবেন। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেনঃ ইয়া রাসূলাল্লাহ্! তীনাতুল খাবাল কি? তিনি বললেনঃ তা হলো দোযখীদের ঘাম অথবা পুঁজ।
5710হুমায়দ ইবন মাসআদা (রহঃ) ... নু'মান ইবন বশীর (রাঃ) থেকে বর্ণিত যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ হালাল স্পষ্ট এবং হারামও স্পষ্ট আর এ দুয়ের মধ্যে রয়েছে বহু সন্দেহযুক্ত বস্তু— আমি তা একটি উদাহরণ দ্বারা বুঝাচ্ছি। আল্লাহ্ তা'আলা একটি নিষিদ্ধ স্থান প্রস্তুত করেছেন, আর আল্লাহর নিষিদ্ধ এলাকা হল তিনি যা হারাম করেছেন তাই। যে ব্যক্তি স্বীয় পশুপালকে নিষিদ্ধ এলাকার আশে-পাশে চরায়, সে যে কোন সময় এতে ঢুকে পড়তে পারে। অনুরূপ যে ব্যক্তি সন্দেহযুক্ত কাজে লিপ্ত হয়, সে হারামে লিপ্ত হওয়ারও দুঃসাহস করতে পারে।
5711মুহাম্মদ ইব্ন আবান (রহঃ) ... আবুল হাওরা সাদী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, হাসান ইব্ন আলী (রাঃ)-এর নিকট জিজ্ঞাসা করলাম, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোন কথা স্মরণ রেখেছেন? তিনি বললেনঃ আমি তার থেকে স্মরণ রেখেছি, যা তোমাকে সন্দেহে নিপতিত করে, তা পরিত্যাগ করবে। আর যাতে কোন সন্দেহ নেই তা-ই করবে।
5712জারূদ ইবন মুআয (রহঃ) ... তাউস (রহঃ) থেকে বর্ণিত। তিনি মদ প্রস্তুতকারীর নিকট কিশমিশ বিক্রি করাকে মাকরূহ মনে করতেন।
5713সুওয়ায়দ (রহঃ) ... মুসআব ইবন সা'দ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সা'দের বাগানে বহু আঙুর হতো। তার পক্ষ হতে বাগানে এক প্রহরী ছিল। একবার যখন বহু আঙুর ধরলো তখন ঐ প্রহরী ব্যক্তি সা'দ (রাঃ)-কে লিখলো, আঙুর বিনষ্ট হওয়ার আশংকা রয়েছে। আপনি অনুমতি দিলে আমি এর রস বের করতে পারি। সা'দ (রাঃ) তাকে লিখলেনঃ আমার এই পত্র পাওয়ামাত্র তুমি আমার বাগান ত্যাগ কর। আল্লাহর কসম! এরপরে তোমার কোন কথা আমি বিশ্বাস করবে না। তিনি তাকে বাগানের দায়িত্ব হতে বরখাস্ত করলেন।
5714সুওয়ায়দ (রহঃ) ... ইবন সীরীন (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ঐ ব্যক্তির নিকট রস বিক্রি কর, যে তা জ্বালিয়ে তিলা (জেলি) বানাবে; মদ বানাবে না।
5715মুহাম্মদ ইবন আবদুল আ'লা (রহঃ) ... সুওয়ায়দ ইবন গাফালা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উমর ইবনুল খাত্তাব (রাঃ) তাঁর কোন কর্মচারির নিকট লিখলেনঃ মুসলিমদেরকে এমন দ্রাক্ষারস পান করতে দিবে, যার দুই-তৃতীয়াংশ জ্বলে নিঃশেষ হয়ে গেছে, আর এক অংশ অবশিষ্ট রয়েছে।
5716সুওয়ায়দ (রহঃ) ... আমির ইবন আবদুল্লাহ্ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উমরইবন খাত্তাব (রাঃ) যে চিঠি আবু মূসা আশআরীকে লিখেছিলেন, তা আমি পাঠ করেছি। তাতে ছিল, আমার নিকট শামদেশ হতে একদল লোক এসেছে, তাদের নিকট রয়েছে কাল এবং গাঢ় এক প্রকার পানীয়, যা উটের গায়ে লাগানো মালিশের মত। আমি জিজ্ঞাসা করলামঃ তোমরা এর কত অংশ জ্বালাও? তারা বললেনঃ দুই অংশ পর্যন্ত, যখন এর মন্দ দুই-তৃতীয়াংশ চলে যায়, এক-তৃতীয়াংশ মন্দ- ক্ষতিকর হওয়ার কারণে আরেক তৃতীয়াংশ মন্দ গন্ধের কারণে। আপনি আপনার দেশে বসবাসকারীদের এরূপ রস পান করার অনুমতি দিন।
5717সুওয়ায়দ (রহঃ) ... আবদুল্লাহ্ ইবন ইয়াযীদ খাতমী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উমর ইবন খাত্তাব (রাঃ) আমাদেরকে লিখলেন, প্রকাশ থাকে যে, তোমরা তোমাদের পানীয় ততক্ষণ জ্বালাবে, যতক্ষণ তা থেকে শয়তানের অংশ দূর হয়ে যায়। কেননা তার জন্য দুই ভাগ, আর তোমাদের জন্য এক ভাগ।
5718সুওয়ায়দ (রহঃ) ... শা'বী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আলী (রাঃ) লোকদেরকে দ্রাক্ষারস পান করাতেন, আর তা এত গাঢ় হতো যে, যদি তাতে মাছি পতিত হতো, তবে সে বের হতে পারতো না।
5719মুহাম্মদ ইবন মুসান্না (রহঃ) ... দাউদ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি সাঈদ (রহঃ)-কে জিজ্ঞাসা করলাম, উমর (রাঃ) কোন্ প্রকার শরাব পান হালাল করেছেন? তিনি বললেনঃ যে শরাবের দুই অংশ জ্বালিয়ে নিঃশেষ করা হয় এবং এক অংশ অবশিষ্ট থাকে।
5720যাকারিয়া ইবন ইয়াহইয়া (রহঃ) ... সাঈদ ইব্ন মুসায়্যিব (রহঃ) থেকে বর্ণিত যে, আবুদ্দারদা (রাঃ) ঐ শরাব পান করতেন, যার দুই অংশ জ্বালানাে হয়, আর এক অংশ অবশিষ্ট থাকে।
5721সুওয়ায়দ (রহঃ) ... আবু মূসা আশআরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি এমন দ্রাক্ষারস পান করতেন, যার দুই অংশ জ্বালিয়ে ফেলা হতো, আর এক অংশ অবশিষ্ট থাকতো।
5722সুওয়ায়দ (রহঃ) ... সাঈদ ইবন মুসায়্যিব (রহঃ) থেকে বর্ণিত। যে দ্রাক্ষারস জ্বালানাের পর একতৃতীয়াংশ অবশিষ্ট থাকে তা পান করাতে পাপ নেই।
5723আহমদ ইবন খালিদ (রহঃ) ... সাঈদ ইব্ন মুসায়্যিব (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন দ্রাক্ষারসের এক-তৃতীয়াংশ রেখে বাকিটা জ্বালানো হয়, তা পানে কোন দোষ নেই।
5724সুওয়ায়দ (রহঃ) ... আবূ রাজা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হাসান (রাঃ) এর নিকট ঐ দ্রাক্ষারস সম্পর্কে প্রশ্ন করলাম, যা জ্বালার পর অর্ধেক অবশিষ্ট রয়েছে, তা পান করা সম্পর্কে তিনি বললেনঃ না, তা পান করাে না।
5725সুওয়ায়দ (রহঃ) ... বশীর ইবন মুহাজির (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হাসান এর নিকট যে দ্রাক্ষারস জ্বালানো হয় সে সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, তুমি জ্বালাতে থাকবে, যাবৎ না দুই-তৃতীয়াংশ জ্বলে যায় এবং এক-তৃতীয়াংশ অবশিষ্ট থাকে, তা পান করতে পারবে।
5726ইসহাক ইবন ইব্রাহীম (রহঃ) ... আনাস ইবন সিরীন (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস ইবন মালিক (রাঃ)-কে বলতে শুনেছিঃ শয়তান নূহ (আঃ)-এর সাথে একটি খেজুরগাছের ব্যাপারে ঝগড়া করলো। সে বললোঃ এটা আমার, আর নূহ (আঃ) বললেনঃ এটা আমার। তখন সাব্যস্ত হলো যে, এর দুই অংশ শয়তানের এবং এক অংশ নূহ (আঃ)-এর।
5727সুওয়ায়দ (রহঃ) ... আবদুল মালিক ইবন তুফায়ল জাযারী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উমর ইবন আবদুল আযীয (রহঃ) আমাদেরকে লিখলেনঃ দ্রাক্ষারসের দুই অংশ জ্বলে গিয়ে এক অংশ অবশিষ্ট না থাকলে তা পান করো না। আর জেনে রাখ, প্রত্যেক মাদকদ্রব্যই হারাম।
5728ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... মাকহূল (রহঃ) থেকে বর্ণিত যে, প্রত্যেক মাদকদ্রব্যই হারাম।
5729সুওয়ায়দ (রহঃ) ... আবূ সাবিত সালাবী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবন আব্বাস (রাঃ)-এর নিকট উপবিষ্ট ছিলাম। এমন সময় তাঁর নিকট এক ব্যক্তি এসে রস সম্বন্ধে জিজ্ঞাসা করল। তিনি বললেনঃ যতক্ষণ তা তাজা থাকে, ততক্ষণ তা পান কর। সে বললোঃ আমি তা জ্বাল দিয়েছি। কিন্তু এখনও আমার মনে সন্দেহ রয়েছে। ইবন আব্বাস (রাঃ) জিজ্ঞাসা করলেনঃ তুমি কি জ্বাল দেয়ার আগে তা পান করতে পারতে? সে বললোঃ না। তিনি বললেনঃ আগুন হারাম বস্তুকে হালাল করতে পারে না।
5730সুওয়ায়দ (রহঃ) ... আতা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবন আব্বাস (রাঃ)-কে বলতে শুনেছি, আল্লাহর শপথ! আগুন কোন বস্তুকে হালালও করতে পারে না, আর হারামও করতে পারে না। “হালাল করতে পারে না,” এর ব্যাখ্যায় আমাকে বললেনঃ লোকে বলে, জ্বালানো দ্রাক্ষারস হালাল। অথচ তা জ্বালানাের পূর্বে হারাম ছিল। আর “হারাম করতে পারে না”(-এর ব্যাখ্যায় তিনি বললেন, লোকে বলে, আগুনে পাকান বস্তু খাওয়ার পর উযূ করবে।)
5731সুওয়ায়দ (রহঃ) ... সাঈদ ইব্ন মুসায়্যিব (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, তুমি রস না গজানাে পর্যন্ত পান করবে।
5732সুওয়ায়দ (রহঃ) ... হিশাম ইবন আয়িয আল-আসাদী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবরাহীমকে দ্রাক্ষারস সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেনঃ তা উথলে না ওঠা এবং পরিবর্তিত না হওয়া পর্যন্ত পান করতে পার।
5733সুওয়ায়দ (রহঃ) ... আতা (রহঃ) রস সম্পর্কে বলেন : যতক্ষণ না গাঁজিয়ে ওঠে, ততক্ষণ তা পান করতে পার।
5734সুওয়ায়দ (রহঃ) ... শা'বী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন রস তিন দিন (গত হওয়া) পর্যন্ত পান করতে পার, যতক্ষণ না তা উথলে ওঠে।
5735আমর ইবন উসমান (রহঃ) ... ফায়রূয দায়লামী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করলামঃ ইয়া রাসূলাল্লাহ্! আমরা আঙুরওয়ালা। আর আল্লাহ্ তা'আলা মদ হারাম করার ঘােষণা দিয়ে আয়াত নাযিল করেছেন। আমরা এখন কি করবো? তিনি বললেনঃ তোমরা তা কিশমিশ বানিয়ে ফেলবে। আমি বললাম, কিশমিশ দিয়ে কি করব? তিনি বললেনঃ তা ভোরে ভিজিয়ে বৈকালীক আহারের পর পান করবে। আর সন্ধ্যায় ভিজিয়ে সকালের খাবারের পর পান করবে। আমি বললামঃ তা উথলানো পর্যন্ত কি রেখে দেব না ? তিনি বললেনঃ তা মাটির পাত্রে না রেখে মশকে রাখবে; আর যদি অনেকক্ষণ এভাবে থাকে, তবে তা সিরকা হয়ে যাবে।
5736ঈসা ইবন মুহাম্মদ আবু উমায়র ইবন নাহহাস (রহঃ) ... ফায়রূয দায়লামী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমরা বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আমাদের অনেক আঙুর আছে। আমরা তা কি করবো? তিনি বললেন, তোমরা তা কিশমিশ বানিয়ে ফেলবে। আমি বললাম, কিশমিশ দিয়ে কি করব? তিনি বললেন, তোমরা তা দিয়ে নবীয তৈরি করবে। তা ভোরে ভিজিয়ে বৈকালীক আহারের পর পান করবে এবং সন্ধ্যায় ভিজিয়ে সকালে খাবারের পর পান করবে। আর তা মাটির পাত্রে না রেখে মশকে রাখবে। বেশি দেরী হলে তা সিরকা হয়ে যাবে।
5737আবূ দাউদ (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য নবীয তৈরি করা হতো। তিনি তা দ্বিতীয় ও তৃতীয় দিনেও পান করতেন। আর যদি তৃতীয় দিনেও পাত্রে কিছু অবশিষ্ট থাকতো, তবে তিনি তা ফেলে দিতেন এবং পান করতেন না।
5738ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য কিশমিশ ভিজিয়ে রাখা হতো আর তিনি তা সেই দিন, দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন পান করতেন।
5739ওয়াসিল ইবন আবদুল আ'লা (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য রাতে মুনাক্কা ভিজিয়ে রাখা হতো। পরে তিনি তা একটি মশকে ভরে রাখতেন এবং দ্বিতীয় দিন তা পান করতেন, পরে তৃতীয় দিনেও পান করতেন। তৃতীয় দিনের শেষ সময়ে তিনি তা অন্যদেরকে পান করিয়ে দিতেন এবং নিজেও পান করতেন। যদি তারপরেও ভাের পর্যন্ত কিছু থাকতো, তবে তিনি তা ফেলে দিতেন।
5740সুওয়ায়দ (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত যে, তার জন্য ভােরে মশকে আঙুর ভেজানাে হতো, তিনি তা রাত্রে পান করতেন, যদি রাতে ভেজানাে হতো, তিনি তা ভােরে পান করতেন। আর মশক ধুয়ে ফেলতেন এবং তা তীব্র করার জন্য তাতে তলানী বা অন্য কোন বস্তু মিশাতেন না। নাফে (রহঃ) বলেন, আমরা তা মধুর মত পান করেছি।
5741সুওয়ায়দ (রহঃ) ... বাসসাম (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবূ জাফর (রহঃ)-কে নবীয সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি বললেনঃ আলী ইবন হুসায়ন (রাঃ)-এর জন্য রাত্রে নবীয ভেজানাে হতো, তিনি তা ভোরে পান করতেন। আর ভোরে ভেজানাে হতো, তিনি তা সন্ধ্যায় পান করতেন।
5742সুওয়ায়দ (রহঃ) ... আবদুল্লাহ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি শুনেছি, সুফইয়ানকে নবীয সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেনঃ তা সন্ধ্যায় ভিজিয়ে রেখে ভোরে পান করবে।
5743সুওয়ায়দ (রহঃ) ... আবু উসমান (রহঃ), ইনি আবু উসমান নাহদী নন, বলেন, উম্মুল ফযল আনাস ইবন মালিক (রাঃ)-এর নিকট লোক পাঠিয়ে জিজ্ঞেস করলেন যে, মাটির কলসের নবীয পান করা কেমন? তিনি তার পুত্র নাযর সম্পর্কে বর্ণনা করলেন যে, সে মাটির পাত্রে নবীয বানাত। ভোরে নবীয ভেজাত আর তা সন্ধ্যায় পান করত (অর্থাৎ তা হালাল, অন্যথায় তার ঘরে এটা করা হতো না)।
5744সুওয়ায়দ (রহঃ) ... সাঈদ ইবন মুসায়্যিব (রহঃ) নবীযকে শক্তিশালী করার জন্য (পুরানো) নবীযের তলানী (নতুন) নবীযে মেশানো মাকরুহ মনে করতেন।
5745সুওয়ায়দ (রহঃ) ... সাঈদ ইবন মুসায়্যিব (রহঃ) থেকে বর্ণিত। তিনি নবীয সম্পর্কে বলেন, এর তলানী মদ।
5746সুওয়ায়দ (রহঃ) ... সাঈদ ইবন মুসায়্যিব (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, খামর (মদ)-কে খামর এজন্য বলা হয় যে, একে রেখে দেয়া হয়, ফলে এর স্বচ্ছতা দূর হয়ে যায় এবং এর ময়লা অবশিষ্ট থাকে। আর তিনি এরূপ নবীযকে মাকরূহ মনে করতেন যাতে তলানী মেশানাে হয়।
5747আবূ বকর ইবন আলী (রহঃ) ... ফুযায়ল ইবন আমর ইবরাহীম (রহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, লোকে মনে করতো, যে ব্যক্তি কোন প্রকার পানীয় পান করার ফলে নেশাগ্রস্থ হয়ে পড়ে, সে যেন আবার তা পান না করে।
5748সুওয়ায়দ (রহঃ) ... আবূ মা'শার ইবরাহীম (রহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, পাকানো নবীযে কোন ক্ষতি নেই।
5749সুওয়ায়দ (রহঃ) ... আবূ মিসকীন (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবরাহীম (রহঃ)-কে জিজ্ঞাসা করলামঃ আমরা মদ অথবা দ্রাক্ষারসের তলানী পরিষ্কার করি, তারপর তিন দিন পর্যন্ত তাতে মনাক্কা ভিজিয়ে রাখি। তিন দিন পর তা পরিষ্কার করে রেখে দেই, যেন তা তীব্র হয়ে যায়। ইব্রাহীম (রহঃ) বলেনঃ এটা মাকরূহ।
5750ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... ইবন শুবরুমা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ্ তা'আলা ইব্রাহীমের উপর রহম করুন। লোক নবীযের ব্যাপারে কঠোরতা আরােপ করতে অথচ তিনি তা সহজ করে দিয়েছেন।
5751উবায়দুল্লাহ ইবন সাঈদ (রহঃ) ... আবু উসমান (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবন মুবারক (রহঃ)-কে বলতে শুনেছিঃ আমি ইব্রাহীম (রহঃ) ব্যতীত অন্য কাউকে মাদকদ্রব্যের অনুমতি দিতে শুনিনি।
5752উবায়দুল্লাহ ইবন সা'দ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবু উসামা (রহঃ)-কে বলতে শুনেছি, শাম, মিসর, ইয়ামন ও হিজাযে আমি আবদুল্লাহ ইবন মুবারক (রহঃ)-এর চাইতে জ্ঞান-পিপাসু আর কাউকে দেখিনি।
5753রবী' ইবন সুলায়মান (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উম্মে সুলায়ম (রাঃ) এর নিকট একটি কাঠের পেয়ালা ছিল। তিনি বলতেন, আমি এই পাত্রে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পানীয় পান করাতাম, যা ছিল পানি, দুধ, মধু ও নবীয।
5754সুওয়ায়দ (রহঃ) ... আব্দুর রহমান ইবন আবযা (রহঃ) তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, আমি উবাই ইবন কা'ব (রাঃ)-কে নবীযের ব্যাপারে প্রশ্ন করলে, তিনি বললেনঃ পানি পান কর, মধু, ছাতু এবং দুধ পান কর, যা পান করে তুমি ছোট থেকে বড় হয়েছ— আমি আবার জিজ্ঞাসা করলে, তিনি বললেনঃ তুমি মদ পান করতে চাও? মদ পান করতে চাও?
5755আহমদ ইবন আলী (রহঃ) ... ইবন মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, লোক নানা প্রকার পানীয় আবিষ্কার করেছে, আমি জানি না, তা কী? অথচ আমি বিশ অথবা চল্লিশ বছর যাবত পানি এবং ছাতু ব্যতীত আর কিছুই পান করিনি। উল্লেখ্য যে, তিনি নবীযের কথা বলেন নি।
5756সুওয়ায়দ (রহঃ) ... আবীদা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, লোক নানা প্রকার পানীয় বানাচ্ছে। আমি জানি না, তা কী, অথচ বিশ বছর যাবত আমার পানীয় হলো পানি, দুধ এবং মধু।
5757ইসহাক ইবন ইব্রাহীম (রহঃ) ... ইবন শুবরুমা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, তালহা (রাঃ) কূফাবাসীদের সম্পর্কে বলেন যে, তারা নবীযের ব্যাপারে এক পরীক্ষার সম্মুখীন হয়েছে। ছােট তাতে বড় হচ্ছে আর বৃদ্ধ তাতে আরও বার্ধক্যে উপনীত হচ্ছে। ইবন শুবরুমা (রহঃ) বলেন, যখন কোন বিবাহ হতো, তখন তালহা এবং যুবায়র (রাঃ) লোকদেরকে দুধ এবং মধু পান করাতেন। কেউ তালহা (রাঃ)-কে জিজ্ঞাসা করলো, আপনি নবীয পান করান না কেন? তিনি বললেনঃ আমি এটা পছন্দ করি না যে, আমার কারণে কোন মুসলিম নেশাগ্রস্ত হােক।
5758ইসহাক ইবন ইব্রাহীম (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, জারীর (রহঃ) আমাদের বলেছেন, ইবন শুবরুমা (রহঃ) শুধু পানি এবং দুধ পান করতেন।
উৎস: Sunan an Nasai
WEBREATH · 11:11
«Should I not be a thankful servant?» — Sahih al-Bukhari
Breath is one for all: everyone lives by it, whoever they are and whatever they believe. Every day at 11:11 local time people stop for sixty seconds, breathe, and thank GOD for the breath — each in their own words, each within themselves. In that minute we are One Breath.
WEBREATH — the Minute at 11:11, your own local time — we are One Breath