সুনানে নাসায়ী 50 · The Book of Seeking Refuge with Allah
আপনার ভাষায় এখনো কোনো অনুবাদ নেই — ইংরেজি দেখাচ্ছে
5428আবু আবদুর রহমান আহমদ ইবন শুআয়ব (রহঃ) ... মুআয ইবন আবদুল্লাহ্ তাঁর পিতার মাধ্যমে বর্ণনা করেন যে, একবার কিছু বৃষ্টিপাতের পর চতুর্দিক অন্ধকার হয়ে গেল। আমরা আমাদের নিয়ে সালাত আদায়ের জন্য রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অপেক্ষা করছিলাম। তারপর তিনি এমন কিছু বললেনঃ যার মর্ম হলো, পরে তিনি আমাদের নিয়ে সালাত আদায়ার্থে বের হলেন। তিনি বললেনঃ বল! আমি বললামঃ কি বলবো? তিনি বললেনঃ কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন্নাস এবং সকাল-সন্ধ্যায় তিনবার করে। সকল বিপদাপদে এটাই তোমার জন্য যথেষ্ট।
5429ইউনুস ইবন আবদুল আ'লা (রহঃ) ... আবদুল্লাহ্ ইবন খুবায়ব (রহঃ) তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, আমি মক্কার পথে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলাম। একবার আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে নির্জনে পেয়ে তাঁর নিকট গেলাম। তিনি বললেনঃ বল। আমি বললামঃ কি বলবো? তিনি বললেনঃ বল, আমি বললাম কি বলবো? তিনি বললেন, বল, কুল আউযু বিরাব্বিল ফালাক। তিনি তা শেষ করলেন। এরপর বললেনঃ বল, কুল আউযু বিরাব্বিন্নাস। এই সূরা শেষ করে তিনি বললেনঃ লোকেরা এ দু'টির চেয়ে উত্তম আশ্রয় গ্রহণ করতে পারে না।
5430মুহাম্মদ ইবন আলী (রহঃ) ... উকবা ইবন আমির জুহানী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এক জিহাদের সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উটনী টানছিলাম। তিনি বললেনঃ হে উাকবা! বল! আমি সেদিকে লক্ষ্য করলাম। তিনি আবার বললেন, বল। আমি সেদিকে লক্ষ্য করলাম। তিনি তৃতীয়বার একই কথা বললেন। আমি বললাম, কী বলব? তিনি বললেনঃ বল, কুল হুয়াল্লাহু আহাদ। তিনি সূরা শেষ করলেন। এরপর তিনি কুল আউযু বিরাব্বিল ফালাক পাঠ করলে আমি তাঁর সংগে পাঠ করলাম। তিনি এটিও শেষ করলেন। তারপর বললেন, কুল আউযু বিরাব্বিন্নাস, তাঁর সঙ্গে আমিও তা পড়লাম। তিনি এটিও শেষ করলেন। তারপর বললেনঃ এই সূরাগুলো হতে উত্তম কোন আশ্রয় কেউ গ্রহণ করে না।
5431আহমদ ইবন উসমান ইবন হাকীম (রহঃ) ... উকবা ইবন আমির জুহানী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, বল। আমি বললাম, কী বলবো? তিনি বললেনঃ বল, কুল হুয়াল্লাহু আহাদ এবং কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন্নাস। পরে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পাঠ করলেন এবং বললেনঃ কোন ব্যক্তি এই সূরাগুলোর ন্যায় অন্য কিছুর আশ্রয় গ্রহণ করে না করেনি, কিংবা বললেন, কোন লোক এর মত কিছুর আশ্রয় গ্রহণ করতে পারে না।
5432মাহমূদ ইবন খালিদ (রহঃ) ... ইবন আবিস জুহানী (রাঃ) থেকে বর্ণিত। একদা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেনঃ হে ইবন আবিস! যা দ্বারা লোক আল্লাহর আশ্রয় গ্রহণ করে থাকে, এদের মধ্যে যা উত্তম, তা কি আমি তোমাকে বলবাে না? অথবা তিনি বললেনঃ আমি কি তোমাকে অবহিত করব না? সে বললোঃ হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ! তিনি বললেনঃ তা হলো, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন্নাস-এ দু’টি সূরা।
5433আমর ইবন উসমান (রহঃ) ... উকবা ইবন আমির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে একটি সাদা খচ্চর হাদিয়া দেওয়া হলে তিনি তার উপর সওয়ার হলেন, আর উকবা (রাঃ) তা টেনে নিয়ে চললেন। এমন সময় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা (রাঃ)-কে বললেনঃ হে উকবা, পড়! তিনি বললেন, কি পড়বাে? তিনি বললেন, পড়, কুল আউযু বিরাব্বিল ফালাক। তিনি তা আবারও বললেন, আমি তা পড়লাম। তিনি বুঝতে পারলেন, আমি এতে খুব বেশি খুশি হইনি। তিনি বললেনঃ হয়তো তুমি এর মর্যাদা বুঝিতে পারনি। আমি এর মত সূরা আর পাইনি।
5434মূসা ইবন হিযাম তিরমিযী (রহঃ) ... উকবা ইবন আমির (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সূরা নাস ও ফালাক সম্বন্ধে জিজ্ঞাসা করলে, তিনি এই দুটি সূরা দ্বারাই আমাদের ফজরের সালাতে ইমামতি করেন।
5435মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ... উকবা (রাঃ) থেকে বর্ণিত যে, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতে এ সূরা দুটি তিলাওয়াত করেন।
5436আহমদ ইবন আমর (রহঃ) ... উকবা ইবন আমির (রাঃ) থেকে বর্ণিত যে, আমি সফরে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সওয়ারী টানছিলাম, এমন সময় তিনি বললেনঃ হে উকবা! আমি কি তোমাকে পঠিত সর্বোত্তম দু'টি সূরা শিক্ষা দেব না? তিনি আমাকে শিক্ষা দিলেন কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন্নাস। তিনি দেখলেন, আমি এতে অধিক সন্তুষ্ট হয়নি। এরপর যখন তিনি ফজরের নামায পড়তে বের হলেন, তখন তিনি এই দু'টি সূরা দিয়েই নামায পড়লেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায শেষ করে আমার প্রতি লক্ষ্য করে বললেনঃ হে উকবা! কেমন পেলে?
5437মাহমূদ ইবন খালিদ (রহঃ) ... উকবা ইবন আমির (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমি এক রাস্তায় রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সওয়ারীর রশি এক ঘাঁটি হতে টেনে নিচ্ছিলাম। এমন সময় তিনি বললেনঃ হে উকবা! তুমি সওয়ার হবে না? আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মর্যাদার প্রতি লক্ষ্য করে তাঁর বাহনে আরোহণ সমীচীন মনে করলাম না। কিছুক্ষণ পর তিনি আবার বললেনঃ হে উকবা! তুমি কি সওয়ার হবে না? তখন আমি আশংকাবোধ করলাম যে, আদেশ অমান্য করার অপরাধ হয়ে যায় কিনা। সুতরাং তিনি অবতরণ করলা আমি সওয়ার হলাম। কিছুক্ষণ পরে আমি নীচে নামলাম, আর তিনি সওয়ার হলেন। এরপর তিনি বললেনঃ মানুষ যা তিলাওয়াত করে, এমন দু'টি উত্তম সূরা আমি কি তোমাকে শিক্ষা দিব না। এরপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দুটি সূরা - কুল আউযু বিরাব্বিল ফালাক ও সূরা নাস শিক্ষা দিলেন। এমন সময় নামাযের ইকামত বলা হলো এবং তিনি অগ্রসর হয়ে এ দু'টি সূরাই পড়লেন, পরে তিনি আমার নিকট দিয়ে যাওয়ার সময় বললেনঃ হে উকবা! কিরূপ মনে হলো? তুমি প্রত্যেক শয়ন ও জাগরণে এ সূরা দু'টি পাঠ করবে ।
5438কুতায়বা (রহঃ) ... উকবা ইবন আমির (রা) থেকে বর্ণিত যে, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ছিলাম। তিনি বললেনঃ হে উকবা! বল। আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! কি বলবো? তিনি কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর বললেনঃ হে উকবা! বল। আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! আমি কি বলবো? তিনি আবার চুপ থাকলেন। আমি বললামঃ হে আল্লাহ্! তাকে আমার দিকে ফিরিয়ে দিন। তারপর তিনি বললেনঃ হে উকবা! বল। আমি বললামঃ ইয়া রাসূলুল্লাহ! কি বলবো? এবার তিনি বললেনঃ বল, কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি তা পড়ে শেষ করলাম। এরপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ বল। আমি বললামঃ কি বলবো? তিনি বললেনঃ বল, কুল আউযু বিরাব্বিন্নাস। আমি তা পাঠ করলাম। এরপর তিনি বললেনঃ কোন প্রার্থনাকারী এর মত কিছু দ্বারা প্রার্থনা করেনি এবং কোন আশ্রয়প্রার্থী এর মত অন্য কিছু দ্বারা আশ্রয় গ্রহণ করেনি।
5439কুতায়বা (রহঃ) ... উকবা ইবন আমির (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে দেখলাম, তিনি বাহনে আরোহণ করে আছেন। আমি তাঁর পায়ে আমার হাত রেখে বললামঃ আমাকে সূরা হূদ শিক্ষা দিন, আমাকে সূরা ইউসুফ শিক্ষা দিন। তিনি বললেনঃ তুমি আল্লাহর নিকট অতি প্রিয় সূরা ফালাক অপেক্ষা শ্রেষ্ঠ কোন সূরা পড়বে না।
5440মুহাম্মদ ইবন মুসান্না (র) ... উকবা ইবন আমির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার উপর কয়েকটি আয়াত নাযিল হয়েছে, যার মত আর কোন আয়াত দেখা যায় না, আর তা হলো ‘কুল আউযুবি রাব্বিল ফালাক’ শেষ পর্যন্ত এবং কুল আউযুবিরাব্বিন নাস’ শেষ পর্যন্ত।
5441আমর ইবন আলী (র) ... জাবির ইবন আবদুল্লাহ্ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেনঃ হে জাবির! পড়। আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আমার মাতাপিতা আপনার উপর কুরবান হোক, আমি কি পড়বো? তিনি বললেনঃ তুমি পড়, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন্নাস। তখন আমি উভয় সূরা তিলাওয়াত করলাম। তিনি বললেনঃ একটি পাঠ কর। এর মত আর কোন সূরা তিলাওয়াত করবে না।
5442ইয়াযীদ ইবন সিনান (রহঃ) ... আবদুল্লাহ্ ইবন আমর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি বস্তু হতে আল্লাহর আশ্রয় কামনা করতেন : অনুপকারী ইলম হতে, এমন অন্তর হতে- যা আল্লাহর ভয়ে ভীত কম্পিত হয় না, এমন দু'আ হতে, যা ককূল হয় না, আর ঐ প্রবৃত্তি হতে যা পরিতৃপ্ত হয় না।
5443ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... উমর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় কামনা করতেন কাপুরুষতা, কৃপণতা, অন্তরের ফিতনা এবং কবরের আযাব হতে।
5444হুসায়ন ইবন ইসহাক (রহঃ) ... শাকাল ইবন হুমায়দ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! আমাকে এমন এক আশ্রয় প্রার্থনার দু'আ শিক্ষা দিন, আমি যা দ্বারা আল্লাহর আশ্রয় প্রার্থনা করতে পারি। তখন তিনি আমার হাত ধরে বললেনঃ তুমি বল, হে আল্লাহ্! আমি আমার কান, চক্ষু, জিহ্বা, অন্তর এবং বীর্যের অনিষ্ট হতে আপনার আশ্রয় প্রার্থনা করছি। রাবী বলেন, আমি তা মুখস্থ করে নিয়েছি। সাঈদ (রাঃ) বলেন, হাদীসের 'মনি' শব্দের অর্থ বীর্য।
5445ইসমাঈল ইবন মাসউদ (রহঃ) ... মুস'আব ইবন সা'দ (রাঃ) তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন যে, তিনি আমাদেরকে পাঁচটি কথা শিক্ষা দিতেন এবং তিনি বলতেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলাে দ্বারা দু'আ করতেন এবং তিনি বলতেনঃ হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কৃপণতা থেকে, আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কাপুরুষতা থেকে, আমি আরো আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি জীবনের নিকৃষ্টতম অংশ (অতি বার্ধক্য) থেকে এবং আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি দুনিয়ার ফিতনা থেকে এবং আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কবরের আযাব থেকে।
5446মুহাম্মাদ ইবন আবদুল আযীয (রহঃ) ... ইবন মাসউদ (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটি বিষয় হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতেনঃ কৃপণতা হতে, কাপুরুষতা হতে, মন্দ আয়ু হতে, অন্তরের ফিতনা এবং কবরের আযাব হতে।
5447ইয়াহইয়া ইবন মুহাম্মদ (রহঃ) ... আমর ইবন মায়মূন আওদী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন সা'দ (রাঃ) তাঁর সন্তানদেরকে এই বাক্যসমূহ শিক্ষা দিতেন, যেমন শিক্ষক ছাত্রদেরকে শিক্ষা দিয়ে থাকেন। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দু'আগুলো নামাযের পর পাঠ করতেনঃ হে আল্লাহ! আমি কাপুরুষতা, কার্পণ্য, চরম বার্ধক্য, দুনিয়ার ফিতনা এবং কবরের আযাব থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। রাবী বলেনঃ আমি এই হাদীস মুসআব (রাঃ)-এর নিকট বর্ণনা করলে তিনি এর সত্যয়ন করেন।
5448মুহাম্মাদ ইবন মুসান্না (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ ইয়া আল্লাহ্! আমি অপারগতা, অলসতা, কৃপণতা, চরম বার্ধক্য এবং জীবন ও মরণের ফিতনা হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি।
5449আলী ইবন মুনযির (রহঃ) ... আনাস ইবন মালিক (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কয়েকটি নির্দিষ্ট দু'আ ছিল, যা তিনি কোন সময় ছাড়তেন না। তা এই যে, তিনি বলতেন, হে আল্লাহ্! আমি দুশ্চিন্তা, অপারগতা, অলসতা, কৃপণতা, কাপুরুষতা, এবং লােকের আগ্রাসন হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি।
5450ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আনাস ইবন মালিক (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কয়েকটি দু'আ ছিল, যা তিনি কখনও ত্যাগ করতেন না। হে আল্লাহ্! আমি দুশ্চিন্তা, ভয়, অপরাগতা, অলসতা, কৃপণতা, কাপুরুষতা, ঋণ এবং লােকের আগ্রাসন হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি।
5451হুমায়দ ইবন মাস'আদা (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু'আ করতেনঃ হে আল্লাহ্! আমি আপনার কাছে অলসতা, চরম বার্ধক্য, কাপুরুষতা, কৃপণতা, দাজ্জালের ফিতনা এবং কবরের আযাব থেকে পানাহ্ চাচ্ছি।
5452মুহাম্মাদ ইবন আবদুল আ'লা সানআনী (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ হে আল্লাহ্! আমি আপনার নিকট অপারগতা, অলসতা, চরম বার্ধক্য, কৃপণতা এবং কাপুরুষতা থেকে আশ্রয় প্রার্থনা করছি। আমি আপনার কাছে কবরের আযাব এবং জীবন-মৃত্যুর ফিতনা থেকেও আশ্রয় প্রার্থনা করছি।
5453আবু হাতিম সিজিস্তানী (রহঃ) ... আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু'আর সময় বলতেনঃ হে আল্লাহ! আমি দুশ্চিন্তা, দুঃখ, অপারগতা, অলসতা, কৃপণতা, কাপুরুষতা, ঋণের বােঝা এবং ললাকের আগ্রাসন হতে আপনার নিকট আশ্রয় চাচ্ছি।
5454মুহাম্মাদ ইবন উসমান (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় ঋণ এবং পাপ হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতেন। আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি কত বেশিই না ঋণ হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করে থাকেন! তখন তিনি বললেনঃ যে ব্যক্তি ঋণী হয়, সে যখন কথা বলে, মিথ্যা বলে এবং যখন ওয়াদা করে, তা ভঙ্গ করে।
5455হুসায়ন ইবন ইসহাক (রহঃ) ... শাকাল ইবন হুমায়দ (রাঃ) থেকে বর্ণিত যে, একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে বললামঃ হে আল্লাহর নবী! আমাকে এমন আশ্রয়ের দু'আ শিখিয়ে দিন, যা দ্বারা আমি আশ্রয় প্রার্থনা করতে পারি। তিনি আমার হাত ধরে বললেনঃ তুমি বল, আমি আমার কান, চোখ, জিহ্বা, অন্তর এবং বীর্যের অপকারিতা হতে আল্লাহর আশ্রয় চাচ্ছি। রাবী বলেনঃ আমি তা মুখস্থ করে নিলাম। সা'দ (রাঃ) বলেন, হাদীসে বর্ণিত 'মনি' অর্থ বীর্য।
5456উবায়দ ইবন ওয়াকী (রহঃ) ... শাকাল ইবন হুমায়দ (রাঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! আমাকে কিছু দু'আ শিখিয়ে দিন, যা দ্বারা আমি লাভবান হতে পারি। তিনি বললেনঃ তুমি বল, হে আল্লাহ্! আমাকে কান, চোখ, জিহ্বা, অন্তর এবং পুরুষাঙ্গের অপকারিতা হতে রক্ষা করুন।
5457মুহাম্মাদ ইবন মুসান্না (রহঃ) ... হুমায়দ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আনাস ইবন মালিক (রাঃ)-এর নিকট কবর আযাব এবং দাজ্জাল সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ ইয়া আল্লাহ! আমি অলসতা, চরম বার্ধক্য, কাপুরুষতা, কৃপণতা, দাজ্জালের ফিতনা এবং কবর আযাব হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি।
5458আহমদ ইবন সুলায়মান (রহঃ) ... যায়দ ইবন আরকাম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি তােমাদেরকে তা-ই শিক্ষা দেব, যা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিতেন, তিনি বলতেনঃ হে আল্লাহ্! আমি অপারগতা, অলসতা, কৃপণতা, কাপুরুষতা, চরম বার্ধক্য এবং কবর আযাব হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ! আমার আত্মাকে পরহেযগারী দান করুন এবং একে মন্দ কার্য হতে পবিত্র করুন; আপনি অতি উত্তম পবিত্রকারী এবং আপনিই এর মালিক। হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি ঐ অন্তর হতে যা ভীত হয় না, আর ঐ প্রবৃত্তি থেকে, যা তৃপ্ত হয় না, আর এমন ইলম হতে, যা উপকার করে না এবং এমন দু'আ থেকে, যা ককূল হয় না।
5459আমর ইবন আলী (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ হে আল্লাহ! আমি অপারগতা, অলসতা, কৃপণতা, কাপুরুষতা, চরম বার্ধক্য, কবর আযাব এবং জীবন-মরণের ফিতনা হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি।
5460আবু আসিম খুশায়শ ইন আসরাম (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি দারিদ্রতা হতে, আমি আরও আশ্রয় প্রার্থনা করি অপ্রতুলতা এবং অপমান ও লাঞ্ছনা থেকে, আর আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি আমি যেন কারাে উপর অত্যাচার না করি অথবা আমি যেন অত্যাচারিত না হই।
5461মাহমূদ ইবন খালিদ (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে অভাব-অনটন, অপ্রতুলতা, অপমান থেকে এবং কারো উপর অত্যাচার করা কিংবা কারো দ্বারা অত্যাচারিত হওয়া থেকে।
5462আহমাদ ইবন নাসর (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ হে আল্লাহ্! আমি আপনার কাছে স্বল্পতা, অভাব-অনটন, লাঞ্ছনা থেকে আশ্রয় চাই। আমি অত্যাচার করা ও অত্যাচারিত হওয়া থেকে আপনার পানাহ্ চাই।
5463মাহমূদ ইবন খালিদ (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা আল্লাহর নিকট অভাব-অনটন, অপ্রতুলতা, লাঞ্ছনা এবং অত্যাচার করা ও অত্যাচারিত হওয়া থেকে আশ্রয় প্রার্থনা কর।
5464ইউনুস ইবন আবদুল আ'লা (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা আল্লাহর নিকট অভাব-অনটন, অপ্রতুলতা, লাঞ্ছনা এবং অন্যের উপর অত্যাচার করা এবং অত্যাচারিত হওয়া থেকে আশ্রয় প্রার্থনা করবে।
5465মুহাম্মদ ইবন মুসান্না (রহঃ) ... মুসলিম (রহঃ) বলেন, তাঁর পিতাকে প্রত্যেক নামাযের পর বলতে শুনতেন যে, হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কুফরী, অভাব এবং কবরের আযাব হতে। আমিও এ দ্বারা দু'আ করতে আরম্ভ করলাম। তখন আমার পিতা বললেনঃ হে প্রিয় বৎস! এই দু'আ কোথা থেকে শিখলে? আমি বললামঃ হে পিতা! আমি আপনাকে এই দু'আ করতে শুনেছি প্রত্যেক নামাযের পর। আমি তা আপনার নিকটেই শিখেছি। তিনি বললেনঃ বেটা, এগুলােকে আঁকড়ে ধরবে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাযের পর এগুলাে দ্বারা দু'আ করতেন।
5466মুহাম্মদ ইবন আবদুল্লাহ (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই এই দু'আ পাঠ করতেনঃ হে আল্লাহ! আমি দোযখের ফিতনা, দোযখের আযাব, কবরের ফিতনা, কবরের আযাব, দাজ্জালের ফিতনা, অভাব-অনটন এবং ঐশ্বর্যের ফিতনা থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ্! আমার পাপসমূহকে বরফ ও শিলার পানি দ্বারা ধুয়ে দিন, আর আমার অন্তরকে পাপ-পঙ্কিলতা হতে এভাবে পরিষ্কার করে দিন, যেভাবে সাদা কাপড় ময়লা হতে পরিষ্কার করা হয়ে থাকে। আর আমাকে পাপ হতে এত দূরে রাখুন, যেমন পূর্ব ও পশ্চিমের মধ্যে দূরত্ব রেখেছেন। হে আল্লাহ্! আমি অলসতা, অতি বার্ধক্য, পাপ এবং ঋণগ্রস্ত হওয়া থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি।
5467কুতায়বা (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ হে আল্লাহ্! আমি চারটি বস্তু থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি : অনুপকারী ইলম হতে; ঐ অন্তর হতে, যাতে ভয় থাকে না; ঐ প্রবৃত্তি হতে, যা তৃপ্ত হয় না আর ঐ দু'আ হতে যা কবূল হয় না।
5468মুহাম্মাদ ইবন আলা (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ হে আল্লাহ্! আমি ক্ষুধা হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। কেননা তা অতি নিকৃষ্ট সঙ্গী। আর আমি আমানতে খিয়ানত করা হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। কেননা তা অতি মন্দ চরিত্র।
5469মুহাম্মাদ ইবন মুসান্না (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ! আমি ক্ষুধা হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। কেননা তা অতি নিকৃষ্ট সাথী। আর খিয়ানত হতে, যা অতি মন্দ চরিত্র।
5470কুতায়বা (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দু'আ করতেনঃ হে আল্লাহ্! আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি অনুপকারী বিদ্যা হতে; এমন অন্তর হতে, যে ভয় করে না; এমন দু'আ হতে যা কবূল হয় না; আর ঐ প্রবৃত্তি হতে, যা তৃপ্ত হয় না। তিনি বললেনঃ হে আল্লাহ! আমি এই চারটি বস্তু হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি।
5471আমর ইবন উসমান (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু'আ করতেনঃ হে আল্লাহ! আমি শক্রতা, নিফাক এবং মন্দ চরিত্র থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি।
5472ইসহাক ইবন ইব্রাহীম (রহঃ) ... আয়েশা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই পাপ এবং ঋণভার হতে আশ্রয় প্রার্থনা করতেন। তখন কেউ তাঁকে প্রশ্ন করলোঃ ইয়া রাসূলাল্লাহ্! আপনি পাপ ও ঋণভার থেকে অত্যধিক আশ্রয় প্রার্থনা করেন? তিনি বললেনঃ কোন লোক যখন করযদার হয়, তখন সে কথা বললে মিথ্যা বলে এবং ওয়াদা করলে খেলাফ করে।
5473মুহাম্মদ ইবন আবদুল্লাহ ইবন ইয়াযীদ (রহঃ) ... আবু সাঈদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ আমি কুফর এবং দেনা হতে আল্লাহ্র আশ্রয় প্রার্থনা করছি। তখন এক ব্যক্তি বললোঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি কি দেনা এবং কুফরকে একই রকম মনে করেন? রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ।
5474মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ... আবূ সাঈদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি আল্লাহর নিকট কুফর এবং দেনা থেকে আশ্রয় প্রার্থনা করছি। তখন এক ব্যক্তি বললোঃ আপনি কি কুফর এবং দেনাকে একই রকম মনে করেন? তিনি বললেনঃ হ্যাঁ।
5475আহমাদ ইবন আমর ইবন সারহ (রহঃ) ... আবদুল্লাহ ইবন আমর ইবন আস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো দ্বারা দু'আ করতেনঃ হে আল্লাহ্! আমি আপনার নিকট ঋণের প্রাবল্য, শত্রুর প্রাধান্য এবং দুশমনের সন্তুষ্টি থেকে আশ্রয় প্রার্থনা করছি।
5476আহমাদ ইবন হারব (রহঃ) ... আনাস ইবন মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ হে আল্লাহ! আমিই দুঃখ-কষ্ট, দুশ্চিন্তা-আলস্য, ভীরুতা, কৃপণতা এবং ঋণের বােঝা থেকে এবং মানুষের আধিপত্য বিস্তার হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি।
5477ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ হে আল্লাহ্! আমি কবরের আযাব, দোযখের ফিতনা, কবরের ফিতনা, কবরের আযাব, মসীহ্ দাজ্জালের ফিতনা, সম্পদশালী হওয়ার ফিতনার অনিষ্টতা, অভাবগ্রস্ততার ফিতনার অনিষ্টতা হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ্! আমার পাপসমূহ বরফ এবং শিলার পানি দ্বারা ধুয়ে দিন, আর আমার অন্তরকে পাপসমূহ হতে এমন পবিত্র করে দিন, যেমন আপনি সাদা কাপড়কে ময়লা থেকে পবিত্র করে দেন। হে আল্লাহ! আমি আপনার নিকট আলস্য, অতি বার্ধক্য, ঋণ এবং গুনাহ হতে আশ্রয় প্রার্থনা করছি।
5478মাহমূদ ইবন গায়লান (রহঃ) ... মুস'আব ইবন সা'দ (রাঃ) থেকে বর্ণিত যে, সা'দ (রাঃ) তাকে এ সকল দু'আ শিক্ষা দিতেন, আর তিনি তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করতেনঃ হে আল্লাহ্! আমি কৃপণতা হতে আপনার নিকট আশ্রয় চাচ্ছি এবং আমি কাপুরুষতা হতে আপনার আশ্রয় চাচ্ছি, আর অতি বার্ধক্যে পৌছা হতে আপনার আশ্রয় চাচ্ছি এবং দুনিয়ার ফিতনা ও কবরের আযাব থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি।
5479হিলাল ইব্ন 'আলা (রহঃ) ... মুসআব ইবন সা'দ এবং আমর ইবন মায়মূন আওদী (রহঃ) থেকে বর্ণিত যে, সা'দ (রাঃ) তাঁর সন্তানদেরকে এ সকল দু'আ শিক্ষা দিতেন, যেমন শিক্ষক মক্তবের ছেলেদেরকে শিক্ষা দিয়ে থাকে। তিনি বলতেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাযের পর এ সকল দু'আ দ্বারা আশ্রয় প্রার্থনা করতেন। তিনি বলতেনঃ হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কৃপণতা, কাপুরুষতা, চরম বার্ধক্যে উপনীত হওয়া, দুনিয়ার ফিতনা এবং কবরের আযাব থেকে।
5480আহমাদ ইবন ফাযালা (রহঃ) ... উমর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপুরুষতা, কৃপণতা, নিকৃষ্ট জীবন, অন্তরের ফিতনা এবং কবরের আযাব থেকে আল্লাহ্ তা'আলার নিকট আশ্রয় প্রার্থনা করতেন।
5481সুলায়মান ইবন সালাম বালাখী (রহঃ) ... আমর ইবন মায়মূন (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি উমর ইবন খাত্তাব (রাঃ)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটি বিষয় হতে আশ্রয় চাইতেনঃ হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি- কাপুরুষতা, কৃপণতা, চরম বার্ধক্য, অন্তরের ফিতনা এবং কবরের আযাব হতে।
5482হিলাল ইবন আলা (রহঃ) ... আমর ইবন মায়মূন (রহঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীগণ আমার নিকট বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় চাইতেন কৃপণতা, কাপুরুষতা, অন্তরের ফিতনা এবং কবরের আযাব থেকে।
5483আহমদ ইবন সুলায়মান (রহঃ) ... আমর ইবন মায়মূন (রহঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় চাইতেন। হাদীসটি মুরসাল।
5484উবায়দুল্লাহ ইবন ওয়াকী' (রহঃ) ... শাকাল ইবন হুমায়দ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আমাকে এমন একটি দু'আ শিক্ষা দিন যা দ্বারা আমি উপকৃত হতে পারি। তিনি বললেনঃ তুমি বল, হে আল্লাহ! আমাকে আমার কান, আমার চোখ, আমার জিহবা, আমার অন্তর এবং আমার বীর্য অর্থাৎ পুরুষাঙ্গের অনিষ্ট থেকে রক্ষা করুন।
5485আহমাদ ইবন আমর ইবন সারহ (রহঃ) ... আবূ সাঈদ খুদরী (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলতেনঃ হে আল্লাহ্! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কুফর এবং অভাবগ্রস্ততা থেকে। তখন এক ব্যক্তি জিজ্ঞাসা করলোঃ এ দু'টি কি সমপর্যায়ের? তিনি বললেনঃ হ্যাঁ।
5486মুহাম্মাদ ইবন কুদামা (রহঃ) ... উম্মে সালামা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাঁর ঘর থেকে বের হতেন, তখন তিনি বলতেনঃ বিসমিল্লাহ্, হে আমার রব! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি, পদস্খলিত হওয়া থেকে, রাস্তা ভুলে যাওয়া থেকে, অত্যাচার করা হতে, অত্যাচারিত হওয়া থেকে, মূর্খতাসুলভ আচরণ থেকে এবং কারও মূর্খতাসুলভ আচরণের শিকার হওয়া থেকে।
5487আহমাদ ইবন আমর ইবন সারহ (রহঃ) ... আবদুল্লাহ ইবন আমর ইবন আস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সকল কথা দ্বারা দু'আ করতেনঃ হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি, ঋণের প্রাবল্য, শক্রর প্রাধান্য এবং শত্রুর হাসির পাত্র হওয়া থেকে।
5488ইউনুস ইবন আবদুল আ'লা (রহঃ) ... আবদুল্লাহ ইবন আমর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব কথা দ্বারা দু'আ করতেনঃ হে আল্লাহ্! আপনার নিকট ঋণের প্রাবল্য ও শত্রুর হাসির পাত্র হওয়া থেকে পানাহ চাই।
5489আবদুল্লাহ ইবন মুহাম্মদ ইবন আবদুর রহমান (রহঃ) ... উসমান ইবন আবুল আস (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সকল দু'আ করতেনঃ হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি অলসতা, চরম বার্ধক্য, কাপুরুষতা, অকর্মণ্যতা এবং জীবন-মরণের ফিতনা থেকে।
5490মুহাম্মদ ইবন আবদুল হাকাম (রহঃ) ... শুআয়ব (রহঃ) তাঁর পিতা ও দাদা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ হে আল্লাহ্! আমি আলস্য, চরম বার্ধক্য, ঋণ এবং গুনাহ থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। আর কানা দাজ্জালের অনিষ্ট হতে আশ্রয় চাচ্ছি এবং আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কবরের আযাব থেকে, আর আপনার নিকট আশ্রয় চাচ্ছি দোযখের আযাব হতে।
5491ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি বিষয় হতে আশ্রয় প্রার্থনা করতেন, দুর্ভাগ্য, শত্রুর হাসির পাত্র হওয়া, মন্দ ভাগ্য ও দুর্বিষহ বিপদ হতে। রাবী সুফিয়ান (রহঃ) বলেনঃ বিষয় মূলত তিনটিই, কিন্তু আমি চারটি উল্লেখ করেছি। কেননা আমি একটি স্মরণ রাখতে পারিনি, যে, এ চারটি হতে কোনটি তিনটির বাইরে।
5492কুতায়বা (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্ভাগ্য, শত্রুর আনন্দ, অপমৃত্যু ও দুর্বিষহ বিপদ থেকে আশ্রয় প্রার্থনা করতেন।
5493মুহাম্মাদ ইবন মুসান্না (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ হে আল্লাহ্! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি পাগলামী, কুষ্ঠ রোগ এবং শ্বেতরোগ এবং অতি মন্দ রোগ ব্যাধি হতে।
5494হিলাল ইবন আলা (রহঃ) ... আবূ সাঈদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্নের কুদৃষ্টি এবং মানুষের কুদৃষ্টি হতে আশ্রয় প্রার্থনা করতেন। পরে যখন সূরা ফালাক এবং সূরা নাস নাযিল হলো, তখন তিনি ঐ সূরাদ্বয় পড়া আরম্ভ করলেন এবং অন্যগুলো পরিত্যাগ করলেন।
5495মূসা ইব্ন আবদুর রহমান (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসকল শব্দ দ্বারা আশ্রয় প্রার্থনা করতেন। তিনি বলতেনঃ হে আল্লাহ্! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি- আলস্য, চরম বার্ধক্য, কাপুরুষতা, কৃপণতা, গর্বের আপদ, দাজ্জালের ফিতনা এবং কবরের আযাব থেকে।
5496মুহাম্মদ ইবন আবদুল আ’লা (রহঃ) ... মুসআব ইবন সা'দ (রহঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, তিনি আমাদেরকে ঐ পাঁচ বস্তু শিক্ষা দিতেন, যা দ্বারা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু'আ করতেন। তিনি বলতেনঃ হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কার্পণ্য হতে এবং আপনার নিকট আশ্রয় চাচ্ছি কাপুরুষতা হতে, আর আপনার নিকট আশ্রয় চাচ্ছি অতি বার্ধক্যে উপনীত হওয়া থেকে, আর আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কবরের আযাব থেকে।
5497ইমরান ইবন বাক্কার (রহঃ) ... আমর ইবন মায়মূন (রহঃ) বলেন, একবার আমি উমর (রাঃ)-এর সাথে হজ্জ আদায় করি এবং তাঁকে এক সমাবেশে বলতে শুনিঃ জেনে রাখ! রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ বস্তু হতে আশ্রয় প্রার্থনা করতেনঃ হে আল্লাহ্! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কার্পণ্য, কাপুরুষতা হতে, আর আপনার নিকট আশ্রয় চাচ্ছি মন্দ জীবন থেকে, আর আপনার নিকট আশ্রয় চাচ্ছি অন্তরের ফিতনা হতে এবং আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কবরের আযাব থেকে।
5498আযহার ইবন জামিল (রহঃ) ... আবদুল্লাহ ইবন সারজিস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর করতেন, তখন বলতেনঃ হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি সফরের কষ্ট, দুঃখজনক প্রত্যাবর্তন, লাভের পর ক্ষতি, মযলুমের বদ-দু'আ এবং সম্পদ ও পরিবারে মন্দ দৃশ্য থেকে।
5499ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আবদুল্লাহ ইবন সারজিস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর করতেন, বলতেনঃ হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি সফরের কষ্ট, দুঃখজনক প্রত্যাবর্তন, লাভের পর ক্ষতি, নির্যাতীতের বদ-দু'আ এবং সম্পদ, বাসস্থান ও সন্তানের ক্ষেত্রে মন্দ দৃশ্য থেকে।
5500ইউসুফ ইবন হাম্মাদ (রহঃ) ... আবদুল্লাহ ইবন সারজিস্ (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর করতেন, তখন তিনি সফরের কষ্ট, দুঃখজনক প্রত্যাবর্তন, লাভের পর ক্ষতি, অত্যাচারিতের বদ-দু'আ এবং মন্দ দৃশ্য থেকে আশ্রয় প্রার্থনা করতেন।
5501মুহাম্মাদ ইবন আলী ইবন মুকাদ্দাম (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর করতেন এবং স্বীয় বাহনে আরােহণ করতেন, তখন তিনি স্বীয় আঙ্গুল দ্বারা ইশারা করে শো'বা (রাঃ) অঙ্গুলী ইশারা করে দেখালেন, বলতেনঃ হে আল্লাহ! আপনিই সফরের সাথী এবং ঘর ও সম্পদে আপনিই আমার স্থলাভিষিক্ত। হে আল্লাহ! আমি সফরের কষ্ট এবং দু:খজনক প্রত্যাবর্তন থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি।
5502আমর ইবন আলী (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ লোকালয়ের মন্দ পড়শী থেকে আল্লাহ্ তা'আলার নিকট আশ্রয় প্রার্থনা করবে। কেননা মরুভূমির প্রতিবেশী তো তোমার নিকট হতে প্রস্থান করবে।
5503আলী ইবন হুজর (রহঃ) ... আনাস ইবন মালিক (রাঃ) থেকে বর্ণিত যে, একদা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবূ তালহা (রাঃ)-কে বললেনঃ তোমাদের বালকদের মধ্য হতে এক বালককে আমার খিদমতের জন্য ঠিক কর। এরপর আবু তালহা (রাঃ) আমাকে তাঁর বাহনের পেছনে উঠিয়ে নিয়ে বের হলেন। আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমত করতাম। যখনই তিনি কোন স্থানে অবতরণ করতেন, আমি প্রায়ই তাঁকে বলতে শুনতামঃ হে আল্লাহ! আমি চরম বার্ধক্য, চিন্তা, অপারগতা, অলসতা, কৃপণতা, কাপুরুষতা, ঋণের বোঝা এবং লোকের আধিপত্য থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি।
5504কুতায়বা (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব এবং দাজ্জালের ফিতনা হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতেন। তিনি বলতেনঃ তোমরা তোমাদের কবরে ফিতনা বা পরীক্ষার সম্মুখীন হবে।
5505আহমদ ইবন হাফস ইবন আবদুল্লাহ (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি দোযখের আযাব হতে আল্লাহ তা'আলার নিকট আশ্রয় প্রার্থনা করছি, আর আমি কবরের আযাব হতে আল্লাহর আশ্রয় কামনা করি, আমি দাজ্জালের ফিতনা হতে আল্লাহর আশ্রয় চাচ্ছি এবং জীবন-মরণের ফিতনা অনিষ্ট থেকেও আল্লাহ্ তা'আলার আশ্রয় প্রার্থনা করছি।
5506ইয়াহইয়া ইবন দুরুস্ত (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ হে আল্লাহ্! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি, কবরের আযাব হতে, আর আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি দোযখের আযাব হতে, আর আপনার নিকট আশ্রয় চাচ্ছি জীবন-মরণের ফিতনা হতে এবং আপনার আশ্রয় প্রার্থনা করছি দাজ্জালের অনিষ্ট থেকে।
5507আহমদ ইবন সুলায়মান (রহঃ) ... আবু যর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মসজিদে প্রবেশ করে দেখলাম, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে রয়েছেন। আমি এসে তাঁর নিকট গিয়ে বসলাম। তিনি বললেনঃ হে আবু যর! তুমি জিন্ন শয়তান এবং মানুষ শয়তানদের থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে। আমি বললামঃ মানুষের মধ্যেও কি শয়তান হয়? তিনি বললেনঃ হ্যাঁ।
5508কুতায়বা (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা কবরের আযাব থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে; তোমরা জীবিতকাল ও মরণকালের ফিতনা হতেও আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে; আর তােমরা দাজ্জালের ফিতনা থেকেও আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে।
5509আব্দুর রহমান ইবন মুহাম্মাদ (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ বস্তু হতে আশ্রয় প্রার্থনা করতেন, তিনি বলতেনঃ তোমরা কবরের আযাব, দোযখের আযাব থেকে, জীবন-মরণের ফিতনা থেকে এবং কানা দাজ্জালের অনিষ্ট থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে।
5510মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ যে আমার আনুগত্য করলো, সে আল্লাহরই আনুগত্য করলো; আর যে ব্যক্তি আমার অবাধ্যতা করল, সে আল্লাহরই অবাধ্যতা করল। আর তিনি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতেন কবরের আযাব হতে, দোযখের আযাব হতে, আর জীবিত ও মৃতদের ফিতনা এবং দাজ্জালের ফিতনা থেকে।
5511আবু দাউদ (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা কবরের আযাব, দোযখের আযাব, জীবন ও মৃত্যুর ফিতনা এবং দাজ্জালের ফিতনা—এই পাঁচ বস্তু থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে।
5512কুতায়বা (রহঃ) ... আবদুল্লাহ ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যেমন কুরআনের সূরা শিক্ষা দিতেন, তেমনি এই দু'আ শিক্ষা দিতেন। তিনি বলতেনঃ বল, হে আল্লাহ! আমরা আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি দোযখের আযাব হতে, আর আমরা আপনার নিকট আশ্রয় চাচ্ছি, কবরের আযাব হতে, আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি দাজ্জালের ফিতনা হতে এবং আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি জীবন ও মৃত্যুর ফিতনা থেকে।
5513মুহাম্মদ ইবন মায়মূন (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা আল্লাহ্ তা'আলার নিকট আশ্রয় প্রার্থনা করবে আল্লাহর আযাব হতে, আর আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে জীবন ও মরণের ফিতনা হতে, আর কবরের আযাব এবং দাজ্জালের ফিতনা থেকে।
5514হারিস ইবন মিসকীন (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু'আ করতেন এবং দু'আয় তিনি বলতেনঃ হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি দোযখের আযাব হতে, আপনার আশ্রয় চাচ্ছি কবরের আযাব হতে, আপনার আশ্রয় চাচ্ছি দাজ্জালের ফিতনা হতে এবং আপনার আশ্রয় প্রার্থনা করছি জীবন ও মরণের ফিতনা থেকে।
5515আবূ আসিম (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তাঁর দু'আয় বলতে শুনেছিঃ হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি কবরের ফিতনা, দাজ্জালের ফিতনা এবং জীবন ও মৃত্যুর ফিতনা থেকে।
5516মুহাম্মদ ইবন মানসূর (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা আল্লাহ তা'আলার নিকট আল্লাহর আযাব থেকে আশ্রয় প্রার্থনা করবে, তোমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে কবরের আযাব থেকে, তোমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে জীবন ও মরণের ফিতনা হতে এবং তোমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে কানা দাজ্জালের ফিতনা থেকে।
5517ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোযখের আযাব, কবরের আযাব এবং কানা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর নিকট প্রার্থনা করতেন।
5518মাহমূদ ইব্ন খালিদ (রহঃ) .... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আযাব, কবরের আযাব এবং কানা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতেন।
5519আহমদ ইবন হাফস (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ! জিবরীল ও মিকাঈলের রব এবং ইস্রাফীলের রব! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি জাহান্নামের উত্তাপ ও কবরের আযাব থেকে।
5520আমর ইবন সাওয়াদ (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তাঁর সালাতে বলতে শুনেছিঃ হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি; কবরের ফিতনা, দাজ্জালের ফিতনা, জীবন-মৃত্যুর ফিতনা এবং জাহান্নামের আগুনের উত্তাপ থেকে।
5521কুতায়বা (রহঃ) ... আনাস ইবন মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি তিনবার আল্লাহর নিকট জান্নাত চায়, তখন জান্নাত বলেঃ হে আল্লাহ্! আপনি তাকে জান্নাতে প্রবেশ করান। আর যে ব্যক্তি তিনবার জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, জাহান্নাম বলেঃ হে আল্লাহ! আপনি তাকে জাহান্নাম হতে পরিত্রাণ দিন।
5522আমর ইবন আলী (রহঃ) ... শাদ্দাদ ইবন আউস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সাইয়্যিদুল ইস্তিগফার (শ্রেষ্ঠ ক্ষমা প্রার্থনা) এই যে, বান্দা বলবেঃ হে আল্লাহ! আপনি আমার রব! আপনি ব্যতীত কোন ইলাহ নেই, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি আপনার বান্দা, আমি আপনার সাথে কৃত ওয়াদা ও অঙ্গীকারের উপর প্রতিষ্ঠিত রয়েছি। যতটুকু আমার দ্বারা সম্ভব। আমি যা করেছি তার অনিষ্ট হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি, আপনার কাছে আমি আমার গুনাহের কথা স্বীকার করছি। আর আপনার নিয়ামতের কথা স্বীকার করছি। আমাকে ক্ষমা করুন। আপনি ব্যতীত আর কেউ গুনাহ মাফ করতে পারে না। যদি কেউ এই দু'আ ভােরবেলা দৃঢ় বিশ্বাসের সাথে পড়ে। তারপর মৃত্যুবরণ করে, তবে সে জান্নাতে প্রবেশ করবে। আর যদি কেউ দৃঢ় বিশ্বাসের সাথে সন্ধ্যায় পড়ে, সে জান্নাতে প্রবেশ করবে।
5523ইউনুস ইবন আবদুল আ'লা (রহঃ) ... আবদা ইবন আবু লুবাবা (রহঃ) থেকে বর্ণিত। ইবন ইয়াসাফ তাঁর নিকট বর্ণনা করেছেন যে, একদা তিনি উম্মুল মু'মিনীন আয়েশা (রাঃ)-কে জিজ্ঞাসা করেছিলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পূর্বে কোন দুআ বেশি পড়তেন? তিনি বললেনঃ তিনি প্রায়ই এই দুআ পড়তেনঃ হে আল্লাহ্! আমি আমার আমলের অনিষ্ট হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি যা আমি করেছি এবং যা এখনও করিনি।
5524ইমরান ইবন বাক্কার (রহঃ) ... ইবন ইয়াসাফ (রহঃ) বলেন, আয়েশা (রাঃ)-কে জিজ্ঞাসা করা হল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দুআ করতেন? তিনি বললেন, তিনি প্রায়ই দুআয় বলতেনঃ হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি, আমি যা করেছি এবং যা এখনাে করিনি, তার অনিষ্ট থেকে।
5525মুহাম্মদ ইবন কুদামা (রহঃ) ... ফারওয়া ইবন নওফাল (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি উম্মুল মুমিনীন আয়েশা (রাঃ)-কে জিজ্ঞাসা করলামঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দু'আ করতেন? তিনি বললেন, তিনি বলতেনঃ হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি, আমি যা করেছি তার অনিষ্ট হতে এবং যা করিনি তার অনিষ্ট হতে।
5526হান্নাদ (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি, আমি যা করেছি তার অনিষ্ট এবং যা করিনি তার অনিষ্ট হতে।
5527মুহাম্মদ ইব্ন আবদুল আ'লা (রহঃ) ... ফারওয়া ইবন নওফাল (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আয়েশা (রাঃ)-কে জিজ্ঞাসা করলামঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দ্বারা দু'আ করতেন, তা আমার নিকট বর্ণনা করুন। তিনি বললেন, তিনি বলতেনঃ হে আল্লাহ্! আমি যা করেছি তার অপকারিতা এবং যা করিনি তার অনিষ্ট থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি।
5528মাহমূদ ইবন গায়লান (রহঃ) ... ফারওয়া ইবন নওফাল (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি আয়েশা (রাঃ)-কে জিজ্ঞাসা করলামঃ আমাকে ঐ দু'আ সম্বন্ধে অবহিত করুন, যা দ্বারা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু'আ করতেন। তিনি বললেন, তিনি বলতেনঃ হে আল্লাহ্! আমি যা করেছি, তার অনিষ্ট হতে এবং আমি যা করিনি, তার অনিষ্ট হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি।
5529আমর ইবন মানসূর (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ হে আল্লাহ! আমি আমার নিচের দিকে ধসে যাওয়া থেকে আপনার মর্যাদার আশ্রয় গ্রহণ করছি। জুবায়র (রাঃ) বলেনঃ এই হাদীসে মাটিতে ধসে যাওয়াকেই বুঝানাে হয়েছে। উবাদা (রাঃ) বলেনঃ আমি জানি না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা, না জুবায়র (রাঃ) রত কথা।
5530মুহাম্মাদ ইবন খলীল (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ হে আল্লাহ্! এরপর উক্ত দু'আর উল্লেখ করলেন। এর শেষদিকে বললেন: আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি মাটিতে ধ্বসে যাওয়া থেকে।
5531মাহমূদ ইবন গায়লান (রহঃ) ... আবুল ইয়াসার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি উপর থেকে পড়ে যাওয়া, ঘরচাপা পড়া, পানিতে ডুবে যাওয়া এবং আগুনে দগ্ধীভূত হওয়া থেকে। আর আমি মৃত্যুকালে শয়তানের ছোঁ মারা থেকে আশ্রয় চাচ্ছি আর আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি আপনার পথে পৃষ্ঠ প্রদর্শন অবস্থায় মারা যাওয়া হতে এবং আপনার আশ্রয় গ্রহণ করছি সাপ বিচ্ছুর দংশনে মৃত্যুবরণ করা থেকে।
5532ইউনুস ইবন আবদুল আ'লা (রহঃ) ... আবুল ইয়াসার (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু'আ করার সময় বলতেনঃ হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি চরম বার্ধক্য, উপর থেকে পড়া, ঘরচাপা পড়া এবং দুঃখ-দুশ্চিন্তা, অগ্নিকান্ড এবং পানিতে ডুবে মৃত্যুবরণ করা থেকে, আর আপনার আশ্রয় গ্রহণ করছি যাতে মৃত্যুকালে শয়তান আমাকে বিপথগামী করতে না পারে এবং আপনার আশ্রয় চাচ্ছি যাতে আপনার রাস্তায় জিহাদকালে পৃষ্ঠ প্রদর্শনপূর্বক মারা না যাই। আর আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি, যাতে সর্প দংশনে মারা না যাই।
5533মুহাম্মাদ ইবন মুসান্না (রহঃ) ... আবুল আসওয়াদ সালামী (রাঃ)-ও ঐরূপ বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ হে আল্লাহ্! আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি ঘরচাপা পড়া হতে এবং আপনার নিকট আশ্রয় চাচ্ছি উপর হতে পড়ে যাওয়া থেকে, আর আমি আপনার আশ্রয় চাচ্ছি অগিকান্ড এবং পানিতে ডুবে মরা থেকে, আর আপনার আশ্রয় গ্রহণ করছি, পাছে মৃত্যুকালে শয়তান আমাকে বিপথগামী করে, আর আমি আপনার আশ্রয় গ্রহণ করছি, যাতে আপনার রাস্তায় পৃষ্ঠ প্রদর্শনপূর্বক মৃত্যুবরণ না করি, আর আমি আপনার আশ্রয় চাচ্ছিত যাতে সর্প দংশনে মৃত্যুবরণ না করি।
5534ইবরাহীম ইবন ইয়াকূব (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একরাতে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে আমার বিছানায় তালাশ করলাম। না পেয়ে আমি বিছানার মাথার দিকে হাত দিলাম। আমার হাত তাঁর পায়ের তলদেশে লাগলো। এ সময় তিনি সিজদায় থেকে বলছিলেনঃ হে আল্লাহ! আমি আপনার আযাব হতে আপনার ক্ষমার আশ্রয় প্রার্থনা করছি। আর আপনার অসন্তুষ্টি হতে আপনার সন্তুষ্টির আশ্রয় চাচ্ছি। আর আমি আপনার থেকে আপনার আশ্রয় কামনা করছি।
5535ইবরাহীম ইবন ইয়াকূব (রহঃ) ... আসিম ইবন হুমায়দ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আয়েশা (রাঃ)-কে জিজ্ঞাসা করলামঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামায কি দিয়ে আরম্ভ করতেন? তিনি বললেনঃ তুমি আমাকে এমন প্রশ্ন করেছ, যে সম্পর্কে আমাকে কেউই জিজ্ঞাসা করেনি। তিনি দশবার তাকবীর বলতেন, দশবার সুবহানাল্লাহ্ বলতেন, দশবার ইস্তিগফার করতেন। পরে বলতেনঃ হে আল্লাহ্! আমাকে ক্ষমা করুন, আমাকে পথ প্রদর্শন করুন, আমাকে রিযক দান করুন, আমাকে নিরাপদ রাখুন, আর তিনি কিয়ামত দিবসের সংকীর্ণাবস্থা হতে আশ্রয় চাইতেন।
5536মুহাম্মাদ ইবন আদম (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ হে আল্লাহ! আমি যে বিদ্যা উপকারে আসে না, যে অন্তর ভয় করে না, যে প্রবৃত্তি তৃপ্ত হয় না এবং যে দু'আ শ্রবণ করা হয় না, তা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি।
5537উবায়দুল্লাহ ইবন ফাযালা ইবন ইবরাহীম (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ হে আল্লাহ! আমি অনুপকারী ইলম, নির্ভয় অন্তর, অতৃপ্ত প্রবৃত্তি এবং ঐ দু'আ থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি, যা শ্রবণ করা হয় না।
5538ওয়াসিল ইবন আবদুল আ'লা (রহঃ) ... আবদুল্লাহ্ ইবন হারিস্ (রহঃ) বলেন, যখন যায়দ ইবন আরকাম (রাঃ)-কে বলা হতো আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা শুনেছেন, তা আমাদের নিকট বর্ণনা করুন। তখন তিনি বলতেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট যা বর্ণনা করেছেন, আমি তোমাদের নিকট তাই বর্ণনা করবাে। তিনি আমাদেরকে বলতে আদেশ করেছেন, আমরা যেন বলিঃ হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি, অপারগতা, অলসতা, কৃপণতা, কাপুরুষতা, চরম বার্ধক্য এবং কবরের আযাব থেকে। হে আল্লাহ্! আমার প্রবৃত্তিকে পরহেযগারী দান করুন এবং একে পবিত্র করুন। আপনি তো উত্তম পবিত্রকারী, আপনিই এর সর্বময় অধিপতি। হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি অতৃপ্ত প্রবৃত্তি, নির্ভয় অন্তর, অনুপকারী ইলম এবং ঐ দু'আ থেকে, যা কবুল হয় না।
5539মুহাম্মদ ইব্ন বাশশার (রহঃ) ... উম্মে সালামা (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজ ঘর হতে বের হতেন তখন বলতেনঃ আমি আল্লাহর নামে বের হচ্ছি। হে আমার রব! আমি পদস্খলিত হওয়া থেকে, পথভ্রষ্টতা হতে, কারাে উপর নির্যাতন করা এবং কারাে দ্বারা নির্যাতীত হওয়া থেকে এবং আমি মূর্খতাসুলভ আচরণ থেকে এবং আমার উপর অন্যের মূর্খতাসুলভ আচরণ থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি।
উৎস: Sunan an Nasai
WEBREATH · 11:11
«Should I not be a thankful servant?» — Sahih al-Bukhari
Breath is one for all: everyone lives by it, whoever they are and whatever they believe. Every day at 11:11 local time people stop for sixty seconds, breathe, and thank GOD for the breath — each in their own words, each within themselves. In that minute we are One Breath.
WEBREATH — the Minute at 11:11, your own local time — we are One Breath