হাদিস
ফিরে যান

সুনানে নাসায়ী 48 · The Book of Adornment

আপনার ভাষায় এখনো কোনো অনুবাদ নেই — ইংরেজি দেখাচ্ছে

5040ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দশটি কাজ স্বভাবগতঃ মোচ কাটা, নখ কাটা, অঙ্গ-প্রত্যঙ্গ ধৌত করা, দাড়ি লম্বা করা, মিসওয়াক করা, নাকে পানি দেওয়া, বগলের পশম উপড়ে ফেলা, নাভির নিচের পশম কামানো, পেশাবের পর পানি দ্বারা পবিত্রতা অর্জন করা এবং শৌচকর্ম করা। মুসআব ইবন শায়বা (রাঃ) বলেনঃ আমি দশম কথটি ভুলে গেছি, সম্ভবত তা হলো কুল্লি করা।

5041মুহাম্মাদ ইবন আবদুল আ'লা (রহঃ) ... তালক (রহঃ) থেকে বর্ণিত। দশটি কাজ জন্মগত নিয়মাধীনঃ মিসওয়াক করা, মোচ কাটা, নখ কাটা, আংগুলের গাঁট ও চিপা ধৌত করা, নাভির নিচের পশম মুন্ডানো, নাকে পানি দেওয়া, রাবী বলেন, আমার সন্দেহ হয় যে, তিনি কুল্লি করার কথাও বলে থাকবেন।

5042কুতায়বা (রহঃ) ... তালক ইবন হাবীব (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, দশটি কাজ সুন্নতঃ মিস্ওয়াক করা, মোচ কাটা, কুল্লি করা, নাকে পানি দেওয়া, দাড়ি লম্বা করা, নখ কাটা, বগলের চুল উপড়ে ফেলা, খাতনা করা, নাভির নিচের চুল কামাননা, মলদ্বার ধৌত করা।

5043হুমায়দ ইবন মাসআদা (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পাঁচটি কাজ ফিতরাতের অন্তর্গত : খাৎনা করা, নাভির নিচের চুল কামানো, বগলের নীচের চুল উপড়ে ফেলা, নখ কাটা, মোচ কাটা।

5044কুতায়বা (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, পাঁচটি কাজ ফিতরাতের অন্তর্ভুক্ত: নখ কাটা, মোচ কাটা, বগলের চুল উঠিয়ে ফেলা, নাভির নিচের চুল কামানো, খাৎনা করা।

5045মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা মোচ বিলোপ করবে এবং দাড়ি লম্বা করবে।

5046আমর ইবন আলী (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা দাড়ি লম্বা করবে এবং গোঁফ বিলোপ করবে।

5047মুহাম্মদ ইবন আবদুল আ'লা (রহঃ) ... যায়দ ইবন আরকাম (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি মোচ কাটে না, সে আমাদের দলভুক্ত নয়।

5048ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... ইবন উমর (রাঃ) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছেলেকে দেখলেন যে, তার মাথার কিছু অংশ মুণ্ডিত আর কিছু অংশ অমুণ্ডিত। তিনি এইরূপ করতে নিষেধ করে বললেনঃ তোমরা হয় পূর্ণ মাথা মুড়াবে অথবা পূর্ণ মাথায় চুল রাখবে।

5049মুহাম্মাদ ইবন মূসা হাবশী (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের মাথা মুন্ডন করতে নিষেধ করেছেন।

5050ইমরান ইবন ইয়াযীদ (রহঃ) ... আবদুল্লাহ ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ্ তাআলা আমাকে কাযা করতে (অর্থাৎ মাথার কিছু অংশ মুণ্ডন করে কিছু অংশে চুল রাখতে) নিষেধ করেছেন।

5051আহমাদ ইবন সুলায়মান (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযা' করতে (মাথার কিছু অংশ মুণ্ডন করে কিছু অংশে চুল রাখতে) নিষেধ করেছেন।

5052মাহমূদ ইবন গায়লান (রহঃ) ... ওয়ায়ল ইবন হুজর (রাঃ) বলেন, আমি আমার মাথাভরা চুল নিয়েরাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসলে তিনি বললেনঃ অশুভ! আমি মনে করলাম, তিনি আমাকে বলছেন। সুতরাংআমি চুল কেটে ফেললাম। তারপর আবার তাঁর নিকট গেলে তিনি বললেনঃ আমি তোমরা তোমাকে বলিনি। তবে এটা উত্তম।

5053মুহাম্মাদ ইবন মুসান্না (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চুল ছিল মধ্যম রকমের, অত্যধিক সোজাও না, আর অধিক কোঁকড়াও না।

5054কুতায়বা (রহঃ) ... হুমায়দ ইবন আবদুর রহমান হিমইয়ারী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এমন এক ব্যক্তির সাথে, আমার সাক্ষাত হলো, যিনি আবূ হুরায়রা (রাঃ)-এর মত চার বছর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংসর্গ লাভ করেছিলেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রোজ চিরুণী করতে নিষেধ করেছেন।

5055আলী ইবন হুজর (রহঃ) ... আবদুল্লাহ্ ইবন মুগাফফাল (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরতি ছাড়া চিরুণী করতে নিষেধ করেছেন।

5056মুহাম্মদ ইবন বাশার (রহঃ) ... হাসান (রহঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরতি না দিয়ে চিরুণী করতে নিষেধ করেছেন।

5057কুতায়বা (রহঃ) ... হাসান এবং মুহাম্মদ (রহঃ) থেকে বর্ণিত যে, তারা বলেন, চিরুণী করতে হবে বিরতি দিয়ে দিয়ে।

5058ইসমাঈল ইবন মাসউদ (রহঃ) ... আবদুল্লাহ্ ইবন শাকীক (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক সাহাবী মিসরের শাসক ছিলেন। তাঁর এক সঙ্গী তাঁর নিকট এসে দেখলো যে, তাঁর চুল এলোমেলা রয়েছে। তিনি বললেনঃ আপনার চুল এলোমেলো কেন? অথচ আপনি একজন শাসক? তিনি বললেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ‘ইরফাহ' করতে নিষেধ করেছেন। আমি জিজ্ঞাসা করলামঃ 'ইরফাহ’ কী? তিনি বললেনঃ প্রতিদিন চিরুণী করা।

5059মুহাম্মাদ ইবন মা'মার (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানদিক হতে আরম্ভ করাকে পছন্দ করতেন। তিনি ডান হাতে গ্রহণ করতেন, ডান হাতে দান করতেন, প্রত্যেক অবস্থায় তিনি ডানদিক হতে আরম্ভ করা পছন্দ করতেন।

5060মুহাম্মদ ইবন আবদুল্লাহ ইবন আম্মার (রহঃ) ... বারা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একজোড়া লাল কাপড়ে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে অধিক সুন্দর আর কাউকে দেখিনি। আর তাঁর মাথার চুল কাঁধ স্পর্শ করত।

5061ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথার চুল কানের অর্ধেক পর্যন্ত পড়তো।

5062আবদুল হামিদ ইবন মুহাম্মাদ (রহঃ) ... বারা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একজোড়া কাপড়ে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা বেশি সুন্দর কাউকে দেখিনি, তাঁর চুল কাঁধের নিকটবর্তী থাকতো।

5063হাসান ইবন ইসমাঈল (রহঃ) ... হুবায়রাহ ইবন ইয়ারীম (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবদুল্লাহ্ ইবন মাসউদ (রাঃ) বলেন, তোমরা আমাকে কার মত করে কুরআন পড়তে বল, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট সত্তর-এরও অধিক সূরা পাঠ করেছি। যখন যায়দ (রাঃ)-এর মাথায় দু'টি চুলের ঝুঁটি ছিল, আর সে ছেলেদের সাথে খেলাধূলা করত (তোমরা আমাকে সেই সেদিনের যায়দের মত করে পড়তে বলছ) ?

5064ইবরাহীম ইবন ইয়াকূব (রহঃ) ... আবূ ওয়ায়ল (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইবন মাসউদ (রাঃ) আমাদের লক্ষ্য করে ভাষণ দিলেন। তাতে তিনি বললেনঃ তোমরা আমাকে যায়দ ইবন সাবিত (রাঃ)-এর মত কুরআন পড়তে বলছ কি করে? অথচ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখ থেকে শুনে সত্তরেরও অধিক সূরা পাঠ করেছি, যায়দ (রাঃ) তখন ছেলেদের সাথে চলাফেরা করতো এবং তার মাথায় ছিল দু'টি চুলের ঝুঁটি (অর্থাৎ সে তখন নিতান্তই শিশু)।

5065ইব্রাহীম ইবন মুস্তামির উরকী (রহঃ) ... হুসায়ন (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট মদীনায় আগমন করলেন, তখন তিনি বললেনঃ তুমি আমার নিকটবর্তী হও। তিনি তার নিকটবর্তী হলে তিনি তাঁর মাথার চুল গুচ্ছে হাত বুলালেন এবং আল্লাহর নাম নিয়ে দু'আ করলেন।

5066আহমাদ ইবন হারব (রহঃ) ... ওয়ায়ল ইবন হুজর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হলাম, তখন আমার মাথায় ছিল লম্বা চুল। তিনি বললেনঃ কুলক্ষণ। আমি মনে করলাম, তিনি আমাকে বলছেন। আমি গিয়ে চুল ছােট করেছিলাম। তিনি বললেনঃ আমি তো তোমাকে বলিনি, তবে এটা উত্তম।

5067মুহাম্মাদ ইবন সালামা (রহঃ) ... রুয়ায়ফি ইবন সাবিত (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে রুয়ায়ফি, হয়তো তুমি আমার পর দীর্ঘদিন বেঁচে থাকবে, তুমি লোকদেরকে বলে দিবেঃ যে ব্যক্তি দাঁড়িতে গিট দিবে বা ধনুকের ছিলা দ্বারা পশুর গলা বাঁধবে বা পশুর গোবর বা হাঁড় দ্বারা ইস্তিঞ্জা করবে, তার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন সম্পর্ক নেই।

5068কুতায়বা (রহঃ) ... আমর ইবন শু‘আয়ব (রহঃ) তাঁর পিতার মাধ্যমে তিনি তাঁর দাদা থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা চুল উঠাতে নিষেধ করেছেন।

5069উবায়দুল্লাহ ইবন সা'দ ইবন ইবরাহীম (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ইয়াহূদী ও নাসারা খিযাব লাগায় না, অতএব তোমরা তাদের বিরোধিতা করবে।

5070ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন।

5071হুমায়দ ইবন হুরায়স (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ইয়াহুদী ও নাসারা খিযাব লাগায় না, তোমরা তাদের বিরোধিতা করবে এবং খিযাব লাগাবে।

5072আলী ইবন খাশরাম (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ইয়াহুদী ও নাসারা খিযাব লাগায় না, তোমরা তাদের বিরোধিতায় খিযাব লাগাবে।

5073উসমান ইবন আবদুল্লাহ (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দাড়ি-চুলের শুভ্রতাকে পরিবর্তন কর, আর ইয়াহূদের অনুকরণ করো না।

5074হুমায়দ ইবন মাখলাদ ইবন হুসায়ন (রহঃ) ... যুবায়র (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা বার্ধক্যজনিত শুভ্রতাকে পরিবর্তন কর এবং ইয়াহুদীদের অনুকরণ করো না।

5075আব্দুর রহমান ইবন আবদুল্লাহ হালাবী (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ শেষ যমানায় এমন কতক লোক হবে, যারা কবুতরের বুকের মত কালো খিব লাগাবে, তারা বেহেশতের গন্ধও পাবে না।

5076ইউনুস ইবন আবদুল আ'লা (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মক্কা বিজয়ের দিন আবু কুহাফাকে আনা হলে তাঁর মাথা সাগামা (সাদা রঙের ফল বিশেষ)-এর মত সাদা ছিল। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এই রংকে কোন কিছু দ্বারা পরিবর্তিত করে দাও কিন্তু কালো রং দ্বারা নয়।

5077মুহাম্মাদ ইবন মুসলিম (রহঃ) ... আবূ যর (রাঃ) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা যে সকল বস্তু দ্বারা বার্ধক্যজনিত শুভ্রতাকে পরিবর্তন করে থাক, এর মধ্যে উত্তম হলো মেহেদী এবং কাতাম (এক প্রকার ঘাস)।

5078ইয়াকূব ইবন ইবরাহীম (রহঃ) ... আবূ যর (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা যে সকল বস্তু দ্বারা বার্ধক্যের শুভ্রতাকে পরিবর্তন করে থাক তার মধ্যে মেহেদী এবং কাতাম সর্বোত্তম।

5079মুহাম্মাদ ইবন আব্দুর রহমান ইবন আশ'আস (রহঃ) ... আবূ যর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ তোমরা যা দিয়ে বার্ধক্যের শুভ্রতাকে পরিবর্তন করে থাক, এর মধ্যে উত্তম হলো মেহেদী এবং কাতাম।

5080কুতায়বা (রহঃ) ... আবূ যর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা যত কিছু দ্বারা বার্ধক্যের শুভ্রতাকে পরিবর্তন করে থাক, তন্মধ্যে উত্তম হলো মেহেদী এবং কাতাম।

5081হুমায়দ ইবন মাস'আদা (রহঃ) ... আবদুল্লাহ ইবন বুরায়দা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা যে সকল বস্তু দ্বারা বার্ধক্যের শুভ্রতাকে পরিবর্তন করে থাক, তন্মধ্যে মেহেদী এবং কাতাম সর্বোত্তম।

5082মুহাম্মদ ইবন আবদুল আলা (রহঃ) ... আবদুল্লাহ ইবন বুরায়দা থেকে বর্ণিত, তাঁর নিকট সংবাদ পৌছেছে যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যা দ্বারা তোমরা বার্ধক্যের শুভ্রতাকে পরিবর্তন করে থাক, তন্মধ্যে মেহেদী এবং কাতাম উত্তম।

5083মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ... আবু রিমসা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এবং আমার পিতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এমন সময় আসলাম, যখন তিনি তাঁর দাড়িতে মেহেদী লাগিয়েছেন।

5084আমর ইবন আলী (রহঃ) ... আবূ রিসমা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আগমন করে তাঁর দাড়ি হলুদ রং-এ রঞ্জিত দেখলাম।

5085ইয়াকূব ইবন ইবরাহীম (রহঃ) ... যায়দ ইবন আসলাম (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবন উমর (রাঃ)-কে দেখলাম তিনি তাঁর দাড়ি খালূক নামক সুগন্ধি দ্বারা রঞ্জিত করেছেন। আমি জিজ্ঞাসা করলামঃ হে আবু আবদুর রহমান! আপনি আপনার দাড়ি খালুক দ্বারা রঞ্জিত করছেন? তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এর দ্বারা তাঁর দাড়ি রঞ্জিত করতে দেখেছি। তাঁর নিকট এর চাইতে অধিক কোন রং পছন্দনীয় ছিল না। তিনি এর দ্বারা তাঁর সকল কাপড় রং করতেন, এমনকি তাঁর পাগড়িও।

5086মুহাম্মাদ ইবন মুসান্না (রহঃ) ... আনাস (রাঃ) হতে বর্ণিত, কাতাদা (রহঃ) তাকে জিজ্ঞাসা করলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খিযাব লাগিয়েছিলেন? তিনি বললেনঃ না, তাঁর খিযাব-এর প্রয়োজনই হয়নি। তাঁর তো কেবল কান সংলগ্ন চুলেই কিছুটা পাক ধরেছিল।

5087মুহাম্মাদ ইবন মুসান্না (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিযাব লাগাতেন না। তাঁর শুভ্রতা কিছু ছিল অধর-সংলগ্ন চুলে, কিছু কানের নিকট আর কিছু মাথায়।

5088মুহাম্মাদ ইবন আবদুল আ'লা (রহঃ) ... আবদুল্লাহ ইবন মাসউদ (রাঃ) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশটি কাজ অপসন্দ করতেনঃ ১. খালুক ব্যবহার করা; ২. বার্ধক্যের শুভ্রতাকে পরিবর্তন করা; ৩. লুঙ্গি মাটিতে টেনে হেঁচড়ে চলা; ৪. সোনার আংটি পরিধান করা; ৫. দাবা খেলা; ৬. বেগানা পুরুষের সামনে সৌন্দর্য প্রকাশ করা; ৭. মুআওবিযাত ব্যতীত অন্য কিছু দ্বারা ঝাড়-ফুক করা; ৮. তাবিজ ঝুলানো; ৯. অপাত্রে বীর্যপাত করা এবং ১০. শিশুর ক্ষতি করা (অর্থাৎ স্তন্যদানকারিণী স্ত্রীর সাথে সহবাস করা। কেননা তখন গর্ভসঞ্চার হলে শিশু দুধ পাবে না)। তবে তিনি একে হারাম করেনি।

5089আমর ইবন মানসূর (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, এক নারী একটা পত্র দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে হাত প্রসারিত করলে, তিনি তাঁর হাত সংকুচিত করলেন। ঐ নারী বললোঃ ইয়া রাসূলাল্লাহ! আমি আপনার দিকে পত্র এগিয়ে দিলাম আর আপনি তা গ্রহণ করলেন না। তিনি বললেনঃ এটা কি পুরুষের হাত, না নারীর হাত, তা আমি বুঝতে পারিনি। তিনি বললেনঃ যদি তুমি নারী হতে তা হলে তোমার হাতের নখসমূহ মেহেদীর দ্বারা রাঙাতে।

5090ইব্রাহীম ইবন ইয়াকূব (রহঃ) ... আয়েশা (রাঃ)-এর নিকট এক নারী মেহেদীর রং সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি বললেনঃ এতে কোন ক্ষতি নেই। কিন্তু আমি অপছন্দ করি। কেননা আমার প্রিয়তম (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর গন্ধ অপছন্দ করতেন।

5091আবদুর রহমান ইবন আবদুল্লাহ ইবন আবদুল হাকাম (রহঃ) ... আবুল হুসায়ন ইবন হায়সাম ইবন শুআয়ব (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এবং ইয়ামানের মাআফির নামক স্থানের বাসিন্দা আবূ আমির নামক আমার এক বন্ধু বায়তুল মুকাদ্দাসে সালাত আদায়ের উদ্দেশ্যে বের হলাম। সেখানে উপদেশদাতা বা বক্তা ছিলেন সাহাবী আবু রায়হানা, যিনি আযদ গোত্রের লোক। আবূ হুসায়ন বলেন, আমার সফরসঙ্গী আমার আগে মসজিদে গমন করলেন, আমি পরে গিয়ে তাঁকে পেলাম এবং তাঁর পাশেই বসলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করলেনঃ তুমি কি আবু রায়হানার ওয়ায শুনতে পেয়েছে? আমি বললামঃ না। তিনি বললেনঃ আমি তাঁকে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশটি জিনিস নিষেধ করেছেনঃ (যুবতী সাজার জন্য) দাঁত ঘষে চিকন করা, শরীরে উল্কি আঁকা, সাদা চুল উৎপাটন করা, বিবস্ত্র অবস্থায় এক চাদরের নিচে এক পুরুষের সংগে অন্য পুরুষের শয়ন করা, অনুরূপ কোন মহিলার অন্য মহিলার সঙ্গে এক চাদরের নিচে শয়ন করা, অনারবদের মত কোন ব্যক্তির পোশাকের নিচের দিকে রেশম ব্যবহার করা অথবা কাঁধে রেশম ব্যবহার করা, দৌড়ে বাজী ধরা, চিতাবাঘের চামড়া ব্যবহার করা, ক্ষমতায় অধিষ্ঠিত ব্যক্তি ব্যতীত অন্য কারো আংটি ব্যবহার করা।

5092মুহাম্মদ ইবন আবদুল আ'লা (রহঃ) ... মুআবিয়া (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ চুলে অন্যের চুল যোজনার মিথ্যাচার করতে নিষেধ করেছেন।

5093আহমদ ইবন আমর ইবন সারাহ (রহঃ) ... সাঈদ আল-মাকবুরী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মুআবিয়া ইবন আবু সুফিয়ানকে মিম্বরের উপর দেখেছি, তখন তাঁর হাতে নারীদের চুলের একটি গোছা ছিল। তিনি বললেনঃ মুসলিম নারীদের উপর আফসোস! তারা এমন কাজ করে। আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ যে নারী অন্যের চুল দ্বারা নিজের মাথায় চুল বাড়ায়, সে তাতে মিথ্যাকেই সংযোজন করে।

5094মুহাম্মাদ ইবন ইসমাঈল (রহঃ) ... আসমা বিনত আবূ বকর (রাঃ) হতে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল যোজনাকারিণী ও যোজনা প্রার্থিনী নারীর প্রতি অভিসম্পাত করেছেন।

5095ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলে জোড়াদানকারিণী এবং যার চুলে জোড়াদান করা হয় এবং যে শরীরে উল্কি আঁকায় এবং যে উল্কি এঁকে দেয়, এদের সকলের উপর অভিসম্পাত করেছেন।

5096আব্বাস ইবন আবদুল আযীম (রহঃ) ... নাফে' (রহঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলে জোড়া-দানকারিণী এবং যার চুলে জোড়া দেওয়া হয় এবং যে শরীরে উল্কি আঁকায় এবং যে উল্কি এঁকে দেয়, সকলের প্রতি লানত করেছেন।

5097মুহাম্মাদ ইবন ওহাব (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ্ তা'আলা চুলে জোড়াদানকারিণী এবং যার চুলে জোড়া দেওয়া হয় সকলকে লা'নত করেছেন।

5098আমর ইবন মানসূর (রহঃ) ... মাসরূক (রহঃ) থেকে বর্ণিত। এক নারী আবদুল্লাহ ইবন মাসউদ (রাঃ)-এর নিকট উপস্থিত হয়ে বললো আমার মাথায় চুল খুব স্বল্প। আমি কি আমার মাথার চুলে অন্যের চুল যোজনা করতে পারি? তিনি বললেনঃ না। ঐ নারী বললোঃ আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে শুনেছেন? না এটা আল্লাহর কিতাবে রয়েছে? আবদুল্লাহ্ ইবন মাসউদ (রাঃ) বললেনঃ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটও শুনেছি এবং আল্লাহর কিতাবেও আমি এরূপ পেয়েছি।

5099আবদুর রহমান ইবন মুহাম্মদ ইবন সাল্লাম (রহঃ) ... আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে নারী উল্কি আঁকায় এবং যে উল্কি এঁকে দেয়, যে নারী ভ্রু ইত্যাদির পশম উপড়ায়, যে নারী দাঁতে ফাঁক করে এবং যে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লা'নত করেছেন।

5100আহমাদ ইবন হারব (রহঃ) ... ইবরাহীম (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবদুল্লাহ (রাঃ) বলেছেনঃ যে নারী দাঁতে ফাঁক করে, অতঃপর হাদীসের শেষ পর্যন্ত বর্ণনা করেছেন।

5101মুহাম্মদ ইবন আবদুল আ'লা (রহঃ) ... আবান ইবন সুম'আ তার মা হতে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমি আয়েশা (রাঃ)-কে বলতে শুনেছি যে, নারী শরীরে উল্কি আঁকায়, যে উল্কি এঁকে দেয়, যে নারী অন্যের চুলে চুল যোজনা করে, যে নারী চুল যোজনা করায়, যে নারী ভ্রু ইত্যাদির পশম উপড়ায় এবং যে উপড়াতে বলে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সকলকে (এসব করতে) নিষেধ করেছেন।

5102ইসমাঈল ইবন মাসউদ (রহঃ) ... আবদুল্লাহ্ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে জেনে শুনে সুদখায়, সুদ দেয়, সুদের চুক্তি লেখে, যে সৌন্দর্য বৃদ্ধির জন্য নিজ চুলে অন্যের চুল যোজনা করে, যে অন্যকে যোজনা করে দেয়, যে সাদকা দিতে অস্বীকার করে, যে হিজরতের পর মুরতাদ হয়ে মরুতে বসবাস করে, এরা সকলেই কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখে অভিশাপপ্রাপ্ত।

5103যিয়াদ ইবন আইয়ুব (রহঃ) ... আলী (রাঃ) হতে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোর, সুদদাতা, এর লেখক, সাদকা দানে অস্বীকারীর উপর অভিসম্পাত করেছেন। আর তিনি বিলাপ করে কাঁদতে নিষেধ করেছেন।

5104হুমায়দ ইবন মাসআদা (রহঃ) ... হারিস (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা'নত করেছেন সুদখোর, সুদদাতা, সুদের সাক্ষী, সুদের লেখক এবং যে শরীরে দাগ দেয়, যাকে দাগ দেওয়া হয়। এক ব্যক্তি বলল, রোগের জন্য ব্যতীত? তিনি বললেনঃ হ্যাঁ, আর যে অন্যের জন্য তার স্ত্রীকে হালাল করার উদ্দেশ্যে বিবাহ করে, যার জন্য হালাল করা হয় এবং যে সাদকা দিতে অস্বীকার করে, তার উপর লা'নত করেছেন। আর তিনি মৃত ব্যক্তির জন্য বিলাপ করতে নিষেধ করেছেন, তিনি বলেননি যে, লা'নত করেছেন।

5105কুতায়বা (রহঃ) ... শা'বী (রহঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোর, সুদদাতা, এর সাক্ষী, এর লিখক এবং যে শরীরে দাগ দেয়, যাকে দাগ দেওয়া হয়, সকলের উপর লা'নত করেছেন। আর তিনি মৃতের উপর বিলাপ করতে নিষেধ করেছেন। এক্ষেত্রে বলেননি যে, লা'নত করেছেন।

5106ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উমর (রাঃ) এর নিকট এক মহিলাকে আনা হলো, যে শরীরে দাগ লাগাতো। তখন তিনি বললেনঃ আমি তোমাদের আল্লাহর কসম দিয়ে বলছিঃ তোমরা কি এ ব্যাপারে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে কিছু বলতে শুনেছ? তখন আবু হুরায়রা (রাঃ) দাঁড়িয়ে বললেন, হে আমীরুল মু'মিনীন! আমি শুনেছি। তিনি জিজ্ঞাসা করলেনঃ কি শুনেছ? আমি বললাম, তিনি বলেছেনঃ তোমরা নিজেরাও এরূপ দাগ লাগাবে না এবং অন্যের দ্বারাও দাগ দেয়াবে না।

5107আবু আলী মুহাম্মদ ইবন ইয়াহইয়া মারওয়াযী (রহঃ) ... ইবন মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে যে সকল মহিলা ভ্রু ইত্যাদির পশম উপড়িয়ে ফেলে এবং দাঁতে ফাঁক করে এবং যারা শরীরে দাগ লাগায়, যারা আল্লাহর সৃষ্টিকে বদলিয়ে দেয়, তাদের উপর লানত করতে শুনেছি।

5108মুহাম্মাদ ইবন মা'মার (রহঃ) ... আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে লা'নত করতে শুনেছি, ঐ সকল মহিলার উপর যারা চুল উপড়ে ফেলে, দাঁতে ফাঁক সৃষ্টি করে এবং শরীরে দাগ লাগায়, তারা আল্লাহর সৃষ্টি পরিবর্তন করে।

5109ইবরাহীম ইবন ইয়াকূব (রহঃ) ... আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, আল্লাহ্ লানত করেন ঐ সকল মহিলার উপর, যারা চুল উপড়ে ফেলে, দাঁতে ফাঁক করে এবং শরীরে দাগ লাগায়, এভাবে যারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে।

5110মুহাম্মদ ইবন হাতিম (রহঃ) ... আবুল হুসায়ন হিমইয়ারী (রহঃ) থেকে বর্ণিত যে, তিনি ও তার এক সাথী আবু রায়হানার সাথে থাকতেন, তার নিকট হতে ভাল কথা শিখতেন। আবুল হুসায়ন (রহঃ) একদিন বলেনঃ আমার সাথী একদিন আমার নিকট উপস্থিত হয়ে বললোঃ সে আবু রায়হানাকে বলতে শুনেছে যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত ঘষে চিকন করা, শরীরে দাগ লাগানো এবং পশম উপড়ে ফেলাকে হারাম করেছেন।

5111আহমদ ইবন আমর ইবন সারহ (রহঃ) ... আবু রায়হানা (রাঃ) থেকে বর্ণিত যে, আমার নিকট সংবাদ পৌছেছে যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত চিকন করা এবং শরীরে দাগ লাগানো নিষেধ করেছেন।

5112কুতায়বা (রহঃ) ... আবূ রায়হানা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার নিকট সংবাদ পৌছেছে যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত চিকন করা এবং শরীরে দাগ লাগানো নিষেধ করেছেন।

5113কুতায়বা (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের উত্তম সুরমা হলো ইসমিদ নামক সুরমা। কেননা তা দৃষ্টিশক্তি বৃদ্ধি করে এবং চুল উৎপন্ন করে।

5114মুহাম্মদ ইবন মুসান্না (রহঃ) ... সিমাক (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি শুনেছি জাবির ইবন সামুরা (রাঃ)-কে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চুল সাদা হওয়া সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেনঃ যখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেল লাগাতেন তখন শুভ্রতা পরিলক্ষিত হতো না, আর যখন তেল লাগাতেন না, তখন তা দৃষ্টিগোচর হতো।

5115মুহাম্মাদ ইবন আলী ইবন মায়মূন (রহঃ) ... যায়দ (রহঃ) থেকে বর্ণিত যে, ইবন উমর (রাঃ) নিজের কাপড় যা'ফরান দ্বারা রঙ করতেন। তাঁকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বললেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ রঙ করতেন।

5116আবু উবায়দা ইবন আবু সফর (রহঃ) ... মুহাম্মদ ইবন আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আয়েশা (রাঃ)-কে জিজ্ঞাসা করলামঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুগন্ধি লাগাতেন? তিনি বললেনঃ হ্যাঁ। তিনি পুরুষদের উপযোগী মিশক এবং আম্বর ব্যবহার করতেন।

5117আহমাদ ইবন সুলায়মান (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পুরুষদের সুগন্ধি হলো যার সুগন্ধি স্পষ্ট কিন্তু রঙ চাপা, আর নারীদের সুগন্ধি হলো যার রঙ স্পষ্ট কিন্তু গন্ধ চাপা।

5118মুহাম্মদ ইবন আলী ইবন মায়মূন রাক্কী (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পুরুষদের সুগন্ধি হলো যার গন্ধ স্পষ্ট, কিন্তু রঙ চাপা আর মহিলাদের সুগন্ধি হলো যার রং স্পষ্ট কিন্তু গন্ধ চাপা।

5119আবদুর রহমান ইবন মুহাম্মদ ইবন সাল্লাম (রহঃ) ... আবু সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ বনী ইসরাঈল গোত্রের এক মহিলা একটি সোনার আংটি বানাল এবং তাতে কস্তুরী ভরে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ এটা উত্তম সুগন্ধি।

5120মুহাম্মদ ইবন মানসূর (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসলো, আর তখন তার কাপড় খালূক মিশ্রিত ছিল। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেনঃ যাও, তা ধুয়ে ফেল। সে তা ধুয়ে আসলো। তিনি আবার বললেনঃ যাও, ধুয়ে ফেল। সে আবার তা ধুয়ে আসল, তিনি বললেনঃ যাও ধুয়ে ফেল, আর লাগবে না।

5121মুহাম্মদ ইবন আবদুল আ'লা (রহঃ) ... ইয়ালা ইবন মুররা (রাঃ) থেকে বর্ণিত, তিনি একবার রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে বের হন, যখন তার গায়ে খালূক লাগানো ছিল। তিনি জিজ্ঞাসা করলেনঃ তোমার কি স্ত্রী আছে? আমি বললামঃ না। তিনি বললেনঃ যাও, তা ধুয়ে ফেল; আবারও ধুয়ে ফেল এবং আর কখনও লাগাবে না।

5122মাহমূদ ইবন গায়লান (রহঃ) ... ইয়ালা ইবন মুররা (রাঃ) থেকে বর্ণিত যে, একবার রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন যার কাপড়ে খালূকের চিহ্ন ছিল। তিনি তাকে বললেনঃ যাও, ধুয়ে ফেল, আবার ধুয়ে ফেল, আর কখনো লাগবে না।

5123মুহাম্মাদ ইবন মুসান্না (রহঃ) ... ইয়ালা (রাঃ) থেকে পূর্বের হাদীসের অনুরূপ বর্ণিত।

5124মুহাম্মদ ইবন নযর ইবন মুসাবির (রহঃ) ... ইয়ালা ইবন মুররা সাকাফী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন অবস্থায় দেখলেন, যখন আমার গায়ে খালূকের চিহ্ন ছিল। তিনি আমাকে জিজ্ঞাসা করলেনঃ হে ইয়ালা! তোমার কি স্ত্রী আছে? আমি বললাম, না, তিনি বললেনঃ এটা ধুয়ে ফেল, আর লাগাবে না; আবার ধুয়ে ফেল, আর লাগবে না, আবার ধুয়ে ফেল, পুনরায় লাগাবে না। তিনি বলেনঃ আমি তা ধুয়ে ফেললাম, আর লাগালাম না। আবার ধুয়ে ফেললাম, আর লাগালাম না। আবার ধুয়ে ফেললাম, আর লাগালাম না।

5125ইসমাঈল ইবন ইয়াকূব সাবহী (রহঃ) ... ইয়ালা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট দিয়ে যাচ্ছিলাম; তখন আমায় গায়ে ছিল খালূক। তখন তিনি আমাকে বললেনঃ হে ইয়ালা! তোমার স্ত্রী আছে কি? আমি বললাম, না। তিনি বললেনঃ যাও এটা ধুয়ে ফেল, আবার ধুয়ে ফেল, আবার ধুয়ে ফেল, আর লাগাবে না। ইয়ালা (রাঃ) বলেনঃ আমি ফিরে গিয়ে তা ধুয়ে ফেললাম, আবার ধুয়ে ফেললাম, আবার ধুলাম, এরপর আর তা লাগাইনি।

5126ইসমাঈল ইবন মাসউদ (রহঃ) ... আবু মূসা আশআরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে মহিলা সুগন্ধি লাগিয়ে এই উদ্দেশ্যে লোকের মধ্যে গমন করে যে, তারা তার সুগন্ধির ঘ্রাণ পাবে, সে ব্যাভিচারিণী।

5127মুহাম্মদ ইবন ইসমাঈল ইবন ইব্রাহীম (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামবলেছেনঃ যখন কোন নারী মসজিদে যাওয়ার জন্য বের হয়, তখন যদি তার গায়ে সুগন্ধি লাগানো থাকে, তবে সে এমনভাবে তা ধুয়ে ফেলবে, যেন সে জানাবাতের গোসল করছে।

5128মুহাম্মদ ইবন হিশাম ইবন ঈসা বাগদাদী (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে নারী ধূপধুনা ব্যবহার করেছে, সে যেন আমাদের সাথে ইশার জামাআতে উপস্থিত না হয়।

5129হিলাল ইবন আ'লা ইবন হিলাল (রহঃ) ... আবদুল্লাহর স্ত্রী যায়নাব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মধ্যে যে মহিলা ইশার জামাআতে আসতে চায়, সে যেন সুগন্ধি না ছোঁয়।

5130ইসহাক ইবন ইব্রাহীম (রহঃ) ... আবদুল্লাহ ইবন মাসউদের স্ত্রী যায়নাব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মধ্যে যে মহিলা ইশার জামাআতে আসতে চায়, সে যেন সুগন্ধি না ছোঁয়।

5131আহমদ ইবন সাঈদ ইবন ইয়াকূব হিমসী (রহঃ) ... যায়নাব সাকাফী (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মধ্যে যে মহিলা মসজিদে আসতে চায়, সে যেন সুগন্ধির নিকটে না যায়।

5132আমর ইবন আলী (রহঃ) ... আবদুল্লাহ্ ইবন মাসউদের স্ত্রী যায়নাব সাকাফী (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদেশ দেন যে, যখন সে ইশার সালাতের জন্য বের হয়, তখন যেন সুগন্ধি স্পর্শ না করে।

5133আবূ বকর ইবন আলী (রহঃ) ... যায়নাব সাকাফী (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন কোন নারী ইশার নামাযের জন্য বের হয়, তখন সে যেন সুগন্ধি স্পর্শ না করে।

5134ইউসুফ ইবন সাঈদ (রহঃ) ... যায়নাব সাকাফিয়্যা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কোন নারী যখন ইশার নামাযে আসে, তখন সে যেন সুগন্ধি স্পর্শ না করে।

5135আহমাদ ইবন উমর (রহঃ) ... নাফে' (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইবন উমর (রাঃ) যখন ধোঁয়া দ্বারা সুবাসিত হতে চাইতেন, তখন তিনি উলুওয়ার (এক প্রকার সুগন্ধি উদ্ভিদ) ধোয়া নিতেন যার সাথে অন্য কিছু মিশ্রিত করতেন না। আর তিনি কোন কোন সময় উলুওয়ার সাথে কপুর মিশ্রিত করতেন এবং বলতেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ সুগন্ধি ব্যবহার করতেন।

5136ওহাব ইবন বয়ান (রহঃ) ... উকবা ইবন আমির (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ঘরের মহিলাদেরকে অলঙ্কার এবং রেশম পরিধান করতে নিষেধ করতেন। তিনি বলতেনঃ যদি তোমরা বেহেশতের অলঙ্কার এবং রেশম কামনা কর, তবে পৃথিবীতে তা পরিধান করো না।

5137আলী ইবন হুজর (রহঃ) ... হুযায়ফা (রাঃ) এর বোন থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে ভাষণ দিলেন। তাতে বললেনঃ হে নারী সমাজ! তোমরা কি রৌপ্য নির্মিত অলঙ্কার বানাতে পার না? দেখ, তোমাদের মধ্যে যে নারীই সোনার অলংকার পরিধান করে (পরপুরুষকে) দেখায়, তাকে এ কারণে অবশ্যই শাস্তি দেওয়া হবে।

5138মুহাম্মদ ইবন আবদুল আ'লা (রহঃ) ... হুযায়ফা (রাঃ)-এর বােন থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সময় আমাদেরকে লক্ষ্য করে ভাষণ দিলেন। তাতে বললেনঃ হে নারী সমাজ! তোমরা কি রৌপ্য দ্বারা অলংকার বানাতে পার না? দেখ, তোমাদের যে নারীই স্বর্ণের অলংকার বানিয়ে তা (পরপুরুষকে) দেখায়, এজন্য তাকে অবশ্যই শাস্তি দেয়া হবে।

5139উবায়দুল্লাহ ইবন সাঈদ (রহঃ) ... আসমা বিনতে ইয়াযীদ (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী সোনার হার ব্যবহার করে, তার গলায় কিয়ামতের দিন ঐরূপ আগুনের হার পরিয়ে দেয়া হবে। আর যে নারী কানে সোনার দুল পরে, কিয়ামতের দিন আল্লাহ্ তাআলা তাকে ঐরূপ আগুনের রিং পরাবেন।

5140উবায়দুল্লাহ্ ইবন সাঈদ (রহঃ) ... রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুক্ত ক্রীতদাস সাওবান (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ফাতিমা বিনতে হুবায়রা (রাঃ) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হলেন, তখন তার হাতে ছিল একটি বড় আংটি। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে আঘাত করতে আরম্ভ করলেন। তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা ফাতিমার কাছে গেলেন এবং রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে যে ব্যবহার করেন, তার উল্লেখ করলেন। তা শুনে ফাতিমা (রাঃ) তার গলা থেকে স্বর্ণের হার খুলে বললেনঃ আবুল হাসান (আলী) এটা আমাকে হাদিয়া দিয়েছেন। এমতাবস্থায় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। তখন ফাতিমা (রাঃ)-এর হার ছিল তাঁর হাতে। তিনি বললেনঃ ফাতিমা! তুমি কি পছন্দ কর যে, তোমরাক বলাবলি করবে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা, অথচ তাঁর হাতে আগুনের হার রয়েছে। অতঃপর তিনি বের হয়ে গেলেন, আর বসলেন না। ফাতিমা (রাঃ) তখনই হারখানা খুলে বাজারে পাঠিয়ে তা বিক্রি করালেন এবং তা দ্বারা একজন ক্রীতদাস ক্রয় করে আযাদ করে দিলেন। এ খবর শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আল্লাহর শোকর, যিনি ফাতিমাকে দোযখ হতে রক্ষা করলেন।

5141সুলায়মান ইবন সালম বলখী (রহঃ) ... সাওবান (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, হুবায়রার কন্যা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়েছিলেন, তখন তাঁর হাতে ছিল একটি বড় আংটি বাকী অংশ পূর্ববৎ।

5142ইসহাক ইবন শাহীন ওয়াসিতী (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপবিষ্ট ছিলাম, এমন সময় এক মহিলা তাঁর নিকট এসে বললোঃ ইয়া রাসূলাল্লাহ! (আমার নিকট) দুইটি সোনার কাকন (রয়েছে)। তিনি বললেনঃ দুইটি আগুনের কাঁকন। সেই মহিলা বললেনঃ একটি সোনার হার (রয়েছে)। তিনি বললেনঃ আগুনের একটি হার। সেই মহিলা বললোঃ সোনার দুইটি দুল (রয়েছে)। তিনি বললেনঃ আগুনের দুইটি দুল। বর্ণনাকারী বলেনঃ ঐ মহিলার পরিধানে দুইটি কাঁকন ছিল। সে তা খুলে দূরে নিক্ষেপ করল এবং বললোঃ ইয়া রাসূলাল্লাহ্! যদি মহিলারা নিজেদের স্বামীর সামনে নিজেকে সাজিয়ে না রাখে, তবে তারা তাদের নিকট অপ্রিয় হয়ে পড়ে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমাদের মহিলারা কি রূপার বালা বানাতে পারে না , যা পরে আম্বর অথবা যা'ফরান দ্বারা সোনালী করে নেবে?

5143রবী' ইবন সুলায়মান (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে সোনার খাড়ু পরা অবস্থায় দেখে বললেনঃ আমি তোমাকে এর চেয়ে উত্তম জিনিসের খবর দেব না? তুমি এটা খুলে ফেল এবং রূপার খাড়ু বানিয়ে নাও এবং যাফরান দ্বারা রং করে নাও, তা হলে ঐ দু'টি এ দু'টি অপেক্ষা উত্তম হবে। আল্লাহ সম্যক অবগত।

5144কুতায়বা (রহঃ) ... আলী ইবন আবু তালিব (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু রেশমী কাপড় ডান হাতে নিলেন এবং কিছু স্বর্ণ বাম হাতে নিলেন, এরপর বললেনঃ এই দুইটি আমার উম্মতের পুরুষদের জন্য হারাম।

5145ঈসা ইবন হাম্মাদ (রহঃ) ... আলী ইবন আবূ তালিব (রাঃ)-কে বলতে শুনেছেনঃ একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ডান হাতে কিছু রেশমী কাপড় এবং বাম হাতে স্বর্ণ নিয়ে বললেনঃ আমার উম্মতের পুরুষদের জন্য এই দুটি বস্তু হারাম।

5146মুহাম্মাদ ইবন হাতিম (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু রেশমী কাপড় তাঁর ডান হাতে নিলেন এবং কিছু স্বর্ণ তাঁর বাম হাতে নিলেন। তারপর বললেনঃ আমার উম্মতের পুরুষদের জন্য এই দু’টি বস্তু হারাম।

5147আমর ইবন আলী (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত যে, একদা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামতাঁর ডান হাতে স্বর্ণ এবং বাম হাতে রেশম নিয়ে বললেনঃ এ দুটি আমার উম্মতের পুরুষদের জন্য হারাম।

5148আলী ইবন হুসায়ন দিরহামী (রহঃ) ... আবূ মূসা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ স্বর্ণ এবং রেশম আমার উম্মতের নারীদের জন্য হালাল এবং পুরুষদের জন্য হারাম করা হয়েছে।

5149হাসান ইবন কায'আ (রহঃ) ... মুআবিয়া (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশমী কাপড় এবং সোনা পরিধান করতে নিষেধ করেছেন। তবে সামান্য কিছু ব্যবহার করতে পারে।

5150মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ... মু'আবিয়া (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনা ব্যবহার করতে নিষেধ করেছেন, তবে (দাঁত ইত্যাদিতে) সামান্য পরিমাণ হলে ক্ষতি নেই এবং রেশমী গদীর উপর বসতে নিষেধ করেছেন।

5151মুহাম্মাদ ইবন মুসান্না (রহঃ) ... আবূ শায়খ (রহঃ) থেকে বর্ণিত। তিনি মু'আবিয়া (রাঃ)-কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একদল সাহাবী পরিবৃত অবস্থায় বলতে শুনেছেনঃ আপনারা কি জানেন যে, নবীসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনা পরতে নিষেধ করেছেন, তবে সামান্য পরিমাণ হলে ক্ষতি নেই? তারা বললেনঃ হ্যাঁ, নিশ্চয়ই।

5152আহমাদ ইবন হারব (রহঃ) ... আবূ শায়খ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মু'আবিয়া (রাঃ) এর এক হজ্জের সময় আমরা তাঁর সাথে ছিলাম। তিনি একদল সাহাবীকে একত্র করলেন এবং তাদেরকে বললেনঃ আপনারা কি জানেন না যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনা অতি সামান্য পরিমাণ ব্যতীত পরতে নিষেধ করেছেন? তাঁরা বললেনঃ হ্যাঁ।

5153মুহাম্মদ ইবন মুসান্না (রহঃ) ... আবূ হিম্মান (রহঃ) থেকে বর্ণিত, যে বছর মুআবিয়া (রাঃ) হজ্জ করেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কয়েকজন সাহাবীকে কাবা শরীফে একত্র করলেন এবং তাদেরকে বললেনঃ আমি আপনাদেরকে আল্লাহর শপথ দিয়ে জিজ্ঞাসা করছি, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সোনা পরতে নিষেধ করেছেন? তাঁরা বললেনঃ হ্যাঁ। তিনি বললেনঃ আমিও এ কথার সাক্ষ্য দিচ্ছি।

5154মুহাম্মদ ইন মুসান্না (রহঃ) ... হিম্মান (রহঃ) থেকে বর্ণিত, যে বছর মুআবিয়া (রাঃ) হজ্জ করেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কয়েকজন সাহাবীকে কা'বা শরীফে একত্র করেন এবং তাঁদের বলেন, আমি আপনাদেরকে আল্লাহর শপথ দিয়ে জিজ্ঞাসা করছিঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সোনা পরতে নিষেধ করেছেন? তাঁরা বললেনঃ হ্যাঁ। তিনি বললেনঃ আমিও এ কথার সাক্ষ্য দিচ্ছি।

5155শুআয়ব ইবন শুআয়ব ইবন ইসহাক (রহঃ) ... হিম্মান (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মুআবিয়া (রাঃ) একবার হজ্জে গমন করলেন। তিনি আনসারদের একদলকে কাবায় একত্র করে বললেনঃ আমি আপনাদেরকে আল্লাহর শপথ দিয়ে বলছিঃ আপনারা কি শুনেন নি যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনা ব্যবহার করতে নিষেধ করেছেন? তাঁরা বললেনঃ হ্যাঁ। তিনি বললেনঃ আমিও সাক্ষ্য দিচ্ছি।

5156নুসায়র ইবন ফারহ (রহঃ) ... হিম্মান (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মুআবিয়া (রাঃ) হজ্জে গমন করে আনসারদের একদলকে কাবায় ডাকলেন। তারপর বললেন, আমি আপনাদেরকে আল্লাহর শপথ দিয়ে জিজ্ঞাসা করছি আপনারা কি শুনেছেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনা ব্যবহার করতে নিষেধ করেছেন? তারা বললেনঃ হ্যাঁ। তিনি বললেনঃ আমিও সাক্ষ্য দিচ্ছি।

5157আব্বাস ইবন ওলীদ ইবন মাযয়াদ (রহঃ) ... ইবন হিম্মান (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মুআবিয়া (রাঃ) হজ্জ করতে গিয়ে আনসারদের একদলকে কা'বার ভেতর ডাকলেন। তারপর বললেনঃ আপনারা কি শুনেছেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনা ব্যবহার করতে নিষেধ করেছেন? তারা বললেনঃ হ্যাঁ। তিনি বললেনঃ আমিও সাক্ষ্য দিচ্ছি।

5158মুহাম্মাদ ইবন আবদুল্লাহ ইবন আব্দুর রহীম বারাকী (রহঃ) ... হিম্মান (রহঃ) বলেন, মুআবিয়া (রাঃ) হজ্জ করতে গিয়ে আনসারদের একদলকে কা'বার ভেতর ডাকলেন। তারপর বললেন, আপনারা কি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে স্বর্ণ ব্যবহার নিষেধ করতে শোনেন নি? তাঁরা বললেনঃ হ্যাঁ, নিশ্চয়ই। তিনি বললেনঃ আমিও সাক্ষ্য দিচ্ছি।

5159ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আবুল শায়খ হুনায়ী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মুআবিয়া (রাঃ)-কে তাঁর চারদিকে, আনসার ও মুহাজির পরিবেষ্টিত অবস্থায় তাদেরকে বলতে শুনেছিঃআপনারা কি জানেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশমী পরতে নিষেধ করেছেন? তারা বললেনঃ হ্যাঁ, নিশ্চয়ই। তিনি বললেনঃ আর তিনি সোনা পরতেও নিষেধ করেছেন, তবে সামান্য পরিমান ব্যতীত? তারা বললেনঃ হ্যাঁ।

5160যিয়াদ ইবন আইয়্যুব (রহঃ) ... আবুশ শায়খ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবন উমরকে বলতে শুনেছিঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণ পরতে নিষেধ করেছেন, তবে সামান্য পরিমাণ হলে ক্ষতি নেই।

5161মুহাম্মদ ইবন মা'মার (রহঃ) ... আরফাজাহ্ ইবন আসআদ (রাঃ) থেকে বর্ণিত, জাহিলী যুগে কুলাবের যুদ্ধে তাঁর নাক যখম হয়ে যায়। ফলে তিনি রূপার একটি নাক বানিয়ে নেন, কিন্তু তাতে নাকে পচন ধরে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে সোনার নাক বানাতে আদেশ দেন।

5162কুতায়বা (রহঃ) ... আরফাজাহ্ ইবন আসআদ (রাঃ) থেকে বর্ণিত। জাহিলী যুগে কুলাব যুদ্ধে তার নাক যখম হয়ে যায়। তখন তিনি রূপার নাক বানিয়ে নেন। কিন্তু তাতে তার নাকে পচন ধরে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সোনার নাক বানিয়ে নিতে বলেন।

5163মুহাম্মদ ইবন ইয়াহইয়া ইবন মুহাম্মাদ ইবন কাসীর হাররানী (রহঃ) ... সাঈদ ইবন মুসাইয়্যাব (রহঃ) থেকে বর্ণিত। উমর (রাঃ) সুহায়ব (রাঃ)-কে স্বর্ণের আংটি পরতে দেখে বললেনঃ কী ব্যাপার, আমি যে তোমার পরিধানে সোনার আংটি দেখছি? তিনি বললেনঃ আপনার চেয়ে উত্তম ব্যক্তি এটা দেখেছেন, কিন্তু তিনি কিছু বলেন নি। উমর (রাঃ) বললেনঃ তিনি কে? সুহায়ব (রাঃ) বললেনঃ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

5164আলী ইবন হুজুর (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সোনার আংটি বানিয়ে পরলেন, পরে লোকেরাও সোনার আংটি বানালো। তিনি বললেনঃ আমি এই আংটি পরতাম কিন্তু আমি আর তা কখনও পরবো না। এই বলে তিনি সেটি ফেলে দিলেন। তখন লোক সকল তাদের (সোনার) আংটি ফেলে দিল।

5165কুতায়বা (রহঃ) ... হুবায়রা ইবন ইয়ারীম (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আলী (রাঃ) বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সোনার আংটি ও রেশমী কাপড় পরতে এবং লাল রেশমী গদীতে বসতে, আর যব এবং গমের শরাব পান করতে নিষেধ করেছেন।

5166মুহাম্মদ ইবন আদম (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সোনার আংটি পরতে, রেশমী কাপড় ব্যবহার করতে এবং লাল রেশমী গদীতে বসতে নিষেধ করেছেন।

5167মুহাম্মাদ ইবন আবদুল্লাহ ইবন মুবারাক (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার আংটি পরতে, লাল রেশমী গদীতে বসতে, রেশমী কাপড় পরতে এবং যব ও গমের শরাব পান করতে নিষেধ করেছেন।

5168মুহাম্মদ ইবন আবদুল্লাহ ইবন মুবারক (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সোনার আংটি ও রেশমী কাপড় পরতে, লাল রেশমী গদীতে বসতে, আর যব ও গমের শরাব পান করতে নিষেধ করেছেন।

5169ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... সা'সা'আ ইবন সুহান (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আলী (রাঃ)-কে বললামঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যা নিষেধ করেছেন, আপনি তা আমাদেরকে বলুন। তিনি বললেনঃ তিনি আমাকে দুব্বা (লাউয়ের খোল), হান্তাম (সবুজ কলস), সোনার আংটি, রেশমী কাপড় এবং লাল রেশমী গদী ব্যবহার করতে নিষেধ করেছেন।

5170আবদুর রহমান ইবন ইব্রাহীম দুহায়ম (রহঃ) ... মালিক ইবন উমায়র (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সা'সা'আ ইবন সুহান (রহঃ) আলী (রাঃ)-এর নিকট এসে বললেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যে সকল বস্তু হতে নিষেধ করেছেন, আপনি আমাদের সে সকল বস্তু হতে নিষেধ করুন। তিনি বললেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন, দুব্বা, হান্তাম ও নকীর নামক পাত্র ব্যবহার করতে, যব এবং গমের শরাব পান করতে এবং সোনার আংটি, রেশমী কাপড় এবং লাল গদী ব্যবহার করতে।

5171কুতায়বা ইবন সাঈদ (রহঃ) ... মালিক ইবন উমায়র (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সাসা'আ ইবন সুহান (রহঃ) আলী (রাঃ)-কে বললেনঃ হে আমিরুল মু'মিনীন! আপনি আমাদেরকে ঐ সকল বস্তু হতে নিষেধ করুন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যা হতে নিষেধ করেছেন। তিনি বললেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন দুব্বা ও হান্তাম ব্যবহার করতে এবং যব এবং গমের নবীয পান করতে, সোনার আংটি, রেশমী কাপড় এবং লাল রেশমী গদী ব্যবহার করতে।

5172আবু দাউদ (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিষেধ করেছেন, তিনটি বস্তু হতে; আমি এ বলি না যে, তিনি অন্যান্য লোকদেরকেও নিষেধ করেছেন। তিনি আমাকে নিষেধ করেছেনঃ সোনার আংটি, রেশমী কাপড় এবং লাল কুসুম রঙের পোশাক ব্যবহার করতে। আর রুকূ এবং সিজদা অবস্থায় কুরআন তিলাওয়াত করতে।

5173হাসান ইবন দাউদ মুনকাদিরী (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিষেধ করেছেন, আমি বলি না যে, তিনি তোমাদেরকেও নিষেধ করেছেন, সোনার আংটি বানাতে, রেশমী কাপড় পরতে, লাল কুসুম রঙের কাপড় করতে এবং রুকূতে কুরআন পড়তে।

5174মুহাম্মাদ ইবন আবদুল্লাহ ইবন আব্দুর রহীম বারকী (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিষেধ করেছেন রুকূ অবস্থায় কুরআন পাঠ করতে; সোনার আংটি ও কুসুম রঙের কাপড় পরতে।

5175হাসান ইবন কায'আ (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিষেধ করেছেন, আমি বলি না যে, তোমাদেরকেও নিষেধ করেছেন। তিনি আমাকে নিষেধ করেছেনঃ রুকূ অবস্থায় কুরআন পাঠ করতে এবং সোনা ও কুসুম রঙের কাপড় ব্যবহার করতে।

5176হারূন ইবন মুহাম্মাদ ইবন বাক্কার ইবন বিলাল (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন,রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিষেধ করেছেন সোনার আংটি তৈরি করতে, কুসুম রঙের কাপড় পরতে, রেশমী কাপড় পরতে এবং রুকূতে কুরআন পড়তে।

5177আবু বকর ইবন আলী (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রেশমী কাপড়, কুসুম রঙের কাপড় এবং সোনার আংটি ব্যবহার করতে নিষেধ করেছেন।

5178ইসমাঈল ইবন মাসউদ (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চার বস্তু থেকে– সোনার আংটি ব্যবহার করতে, রেশমী কাপড় পরতে, রুকূ অবস্থায় কুরআন পড়তে এবং কুসুম রঙের কাপড় পরতে নিষেধ করেছেন।

5179হুসায়ন ইবন মানসূর ইবন জা'ফার নিশাপুরী (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কুসুম রঙের কাপড়, রেশমী কাপড় এবং সোনার আংটি ব্যবহার করতে, আর রুকূ অবস্থায় কুরআন পড়তে নিষেধ করেছেন।

5180হারূন ইবন আবদুল্লাহ (রহঃ) ... হারব ইন শাদ্দাদ ইয়াহইয়া থেকে, তিনি আমর ইবন সাঈদ ফাদাকী থেকে, তিনি নাফি’ থেকে, তিনি ইবন হুনায়ন থেকে এবং তিনি আলী (রাঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কুসুম রঙের কাপড়, সোনার আংটি ও রেশমী কাপড় ব্যবহার করতে এবং রুকূ অবস্থায় কুরআন পড়তে নিষেধ করেছেন।

5181কুতায়বা (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুসুম রঙের লাল কাপড়, রেশমী কাপড় পরতে এবং রুকূ অবস্থায় কুরআন পড়তে নিষেধ করেছেন।

5182মাহমূদ ইবন খালিদ (রহঃ) ... আবু আমর যাওয়াঈ ইয়াহইয়া থেকে এবং তিনি আলী (রাঃ) থেকে। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আমাকে নিষেধ করেছেন এভাবে হাদীসের শেষ পর্যন্ত বর্ণিত হয়েছে।

5183উবায়দুল্লাহ ইবন সাঈদ (রহঃ) ... উবায়দা (রহঃ) থেকে বর্ণিত। তিনি আলী (রাঃ) থেকে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রেশমী কাপড়, সোনার আংটি ব্যবহার করতে এবং রুকূ অবস্থায় কুরআন পড়তে নিষেধ করেছেন।

5184আহমাদ ইবন সুলায়মান (রহঃ) ... উবায়দা (রহঃ) আলী (রাঃ) থেকে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল রেশমী গদী ও রেশমী কাপড় পরিধান করতে এবং সোনার আংটি ব্যবহার করতে নিষেধ করেছেন।

5185কুতায়বা (রহঃ) ... উবায়দা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল রেশমী গদী ও সোনার আংটি ব্যবহার করতে নিষেধ করেছেন।

5186আহমাদ ইবন হাফস (রহঃ) ... হাজ্জাজ ইবন হাজ্জাজ কাতাদা হতে, তিনি আবদুল মালিক ইবন উবায়দ হতে, তিনি বাশীর ইবন নাহীক হতে এবং তিনি আবূ হুরায়রা (রাঃ) থেকে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সোনার আংটি পরতে নিষেধ করেছেন।

5187ইউসুফ ইবন হাম্মাদ মা'আনী (রহঃ) ... ইমরান (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশমী কাপড় পরতে, সোনার আংটি ও হান্তাম পাত্র ব্যবহার করতে নিষেধ করেছেন।

5188আহমদ ইবন আমর ইবন সারহ (রহঃ) ... আবু সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত যে, নাজরানের এক ব্যক্তি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি-এর নিকট আসলো, তার হাতে ছিল সোনার আংটি। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং বললেনঃ তুমি আমার নিকট এসেছ, অথচ তোমার হাতে রয়েছে আগুনের অঙ্গার।

5189আহমাদ ইবন সুলায়মান (রহঃ) ... বারা ইবন আযিব (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এক ব্যক্তি সোনার আংটি হাতে পরে বসা ছিল। আর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে ছিল একটি ছড়ি। তিনি ঐ ছড়ি দিয়ে তার আঙ্গুলে আঘাত করলেন। তখন ঐ ব্যক্তি বললোঃ ইয়া রাসূলাল্লাহ্! আমি কি অপরাধ করেছি? তিনি বললেনঃ শোন, তোমার আঙ্গুল হতে এটা খুলে ফেল। ঐ ব্যক্তি তা খুলে ফেলে দিল। পরে তিনি তাকে দেখে জিজ্ঞাসা করলেনঃ তোমার আংটি কোথায়? লোকটি বললোঃ আমি তা ফেলে দিয়েছি। তিনি বললেনঃ আমি তোমাকে তা ফেলে দিতে বলিনি। আমি বলেছিলাম, তুমি তা বিক্রি করে নিজের কাজে লাগাও।

5190আমর ইবন মানসূর (রহঃ) ... আবূ সালাবা খুশানী (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার হাতে সোনার আংটি দেখলেন। তখন তিনি তাঁর লাঠি দ্বারা তাতে আঘাত করতে লাগলেন। যখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যমনস্ক হলেন, তখন তিনি তা ফেলে দিলেন। এরপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তোমাকে কষ্ট দিলাম এবং তোমার ক্ষতি করলাম।

5191আহমদ ইবন আমর ইবন সারহ (রহঃ) ... আবু ইদরিস খাওলানী (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের একজন সোনার আংটি পরলেন—তারপর পূর্বের অনুরূপ।

5192আহমাদ ইবন ইবরাহীম (রহঃ) ... আবূ ইদরীস খাওলানী (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির হাতে সোনার আংটি দেখলেন। তারপর পূর্বের অনুরূপ।

5193আবু বকর ইবন আলী (রহঃ) ... আবূ ইদরিস (রাঃ) থেকে বর্ণিত যে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির হাতে সোনার আংটি দেখে তাঁর হাতের লাঠি দিয়ে তার আঙ্গুলে আঘাত করলেন। ফলে সে তা খুলে ফেলে দিল।

5194আবু বকর আহমদ ইবন আলী মারওয়াযী (রহঃ) ... ইবন শিহাব (রহঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ... অতঃপর তিনি পূর্বের অনুরূপ বর্ণনা করেন। তবে তার বর্ণনা মুরসাল।

5195আহমাদ ইবন সুলায়মান (রহঃ) ... বুরায়দা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এমন এক ব্যক্তি আসলো, যার হাতে ছিল একটি লোহার আংটি। তিনি বললেনঃ তোমার হাতে দোযখীদের পোশাক দেখছি কেন? তখন সে ব্যক্তি তা খুলে ফেলে দিল। দ্বিতীয়বার যখন সে আসলো, তখন তার হাতে ছিল পিতলের আংটি। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমি তোমার থেকে মূর্তির গন্ধ পাচ্ছি কেন? তখন সে তা ফেলে দিল এবং বললোঃ ইয়া রাসূলাল্লাহ্! তা কী দিয়ে তৈরি করবো? তিনি বললেনঃ রূপা দিয়ে, আর তা এক মিসকাল পূর্ণ করবে না (অর্থাৎ যেন সাড়ে চার মাষা হতে কম হয়)।

5196আব্বাস ইবন আবদুল আযীম আনবারী (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরূপার একটি আংটি তৈরি করান যার নগীনা ছিল হাবশী পাথরের, আর তাতে 'মুহাম্মাদুর রাসূলুল্লাহ্' অঙ্কিত ছিল।

5197আবু বকর ইবন আলী (রহঃ) ... আনাস ইবনে মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আংটি ছিল রৌপ্য নির্মিত। তিনি তা ডান হাতে পরতেন, এর নগীনা ছিল হাবশী পাথরের। তিনি তার নগীনা হাতের তালুর দিকে রাখতেন।

5198মুহাম্মদ ইবন খালিদ ইবন খালী হিমসী (রহঃ) ... আনাস ইবন মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আংটি ছিল রূপার এবং তার নগীনাও ছিল রূপার।

5199আবূ বকর ইবন আলী (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আংটি ছিল রূপার নির্মিত এবং এর নগীনাও ছিল রূপার।

5200আহমাদ ইবন সুলায়মান (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আংটি ছিল রূপার এবং নগীনাও ছিল রূপার।

5201হুমায়দ ইবন মাসআদা (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমের বাদশাহর নিকট পত্র লিখতে মনস্থ করলেন, লোকেরা তাঁর নিকট বললেনঃ রোমের লোকেরা সিলমোহর ব্যতীত কোন পত্র পাঠ করে না। এরপর তিনি রূপার একটি আংটি বানিয়ে নেন। যেন আমি এখনও তাঁর হাতে তার শুভ্রতা দেখতে পাচ্ছি। তাতে 'মুহাম্মাদুর রাসূলুল্লাহ্' অঙ্কিত ছিল।

5202আহমাদ ইবন উসমান আবূ জাওযা (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার সালাতে অর্ধরাত্রি পর্যন্ত দেরী করলেন, পরে তিনি বের হয়ে আমাদের সাথে সালাত আদায় করলেন। আমি যেন এখনও তাঁর হাতে রৌপ্য নির্মিত আংটির শুভ্রতা অবলোকন করছি।

5203রবী ইবন সুলায়মান (রহঃ) ... আবু সালামা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ডান হাতে আংটি পরতেন।

5204মুহাম্মাদ ইবন মা'মার (রহঃ) ... আবদুল্লাহ ইবন জাফার (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ডান হাতে আংটি পরতেন।

5205আমর ইবন আলী (রহঃ) ... মু'আয়কীব (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আংটি ছিল লোহার, যাতে রূপা জড়ানো ছিল। তিনি বলেন, কোন সময় তা আমার হাতেও থাকতো। মু'আয়কীব (রাঃ) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আংটির রক্ষক ছিলেন।

5206আলী ইবন মুহাম্মদ ইবন আলী মিসসীসী (রহঃ) ... আবু সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, বাহরায়ন থেকে এক ব্যক্তি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হলো। সে সালাম করলে, তিনি তার সালামের জবাব দিলেন না। তার হাতে সোনার আংটি ছিল এবং পরনে ছিল রেশমী জুব্বা। সে উভয়টি খুলে ফেলল। তারপর এসে সালাম করল। এবার তিনি তার সালামের জবাব দিলেন। সে ব্যক্তি বললোঃ ইয়া রাসূলাল্লাহ! আমি এইমাত্র আপনার নিকট উপস্থিত হয়েছিলাম, কিন্তু আপনি আমার প্রতি ভ্রুক্ষেপ করেন নি। তিনি বললেনঃ তখন তোমার হাতে ছিল একটি অঙ্গার। সে বললোঃ এখন আমি অনেক অঙ্গার এনেছি। তিনি বললেনঃ তুমি যা এনেছ, তা আমাদের নিকট হাররার পাথরখণ্ড হতে উত্তম নয়। তবে হ্যাঁ, তা পার্থিব সম্পদ বটে। সে বললোঃ তবে আমি কি দিয়ে আংটি বানাব? তিনি বললেনঃ লোহা, রূপা বা পিতলের রিং বানিয়ে নেবে।

5207মুহাম্মদ ইবন বাশার (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বের হলে দেখা গেল, তাঁর হাতে একটি রূপার আংটি রয়েছে। তিনি বললেন, যার ইচ্ছা হয়, সে এইরূপ আংটি বানাতে পারে; কিন্তু এর উপর যে নকশা করা আছে, এরূপ নকশা যেন না করে।

5208আবু দাউদ সুলায়মান ইবন সায়ফ হাররানী (রহঃ) ... আনাস ইবন মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আংটি তৈরি করান এবং তাতে একটা নকশা করান। এরপর তিনি বললেনঃ আমি আংটি বানিয়ে তাতে নকশা করিয়েছি। তোমাদের কেউ যেন ঐরূপ নকশা না করায়। আনাস (রাঃ) বলেন, আমি যেন তাঁর হাতে তার শুভ্রতা এখনও দেখতে পাচ্ছি।

5209মুজাহিদ ইবন মূসা খুওয়ারাযমী (রহঃ) ... আনাস ইবন মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা মুশরিকদের আগুন হতে আলো গ্রহণ করবে না আর তোমরা তোমাদের আংটিতে আরবী নকশা করবে না।

5210মুহাম্মাদ ইবন মানসূর (রহঃ) ... আবূ বুরদা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আলী (রাঃ) বলেছেনঃ আমাকে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ্ তা'আলার নিকট হিদায়াত এবং সঠিকভাবে কার্য নির্বাহের তওফীক কামনা কর। আর তিনি আমাকে নিষেধ করেছেন এই-এই আঙ্গুলে আংটি পরতে। এরপর তিনি ইঙ্গিত করলেন, তর্জনী ও মধ্যমা আঙ্গুলের দিকে।

5211মুহাম্মদ ইবন মুসান্না ও মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই-এই আঙ্গুলে আংটি পরতে নিষেধ করেছেন। অর্থাৎ তর্জনী ও মধ্যমা আঙ্গুলে।

5212ইসমাঈল ইবন মাসউদ (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেনঃ বল, হে আল্লাহ! আমাকে হিদায়ত দান কর এবং আমাকে সঠিকভাবে কার্য নির্বাহের তওফীক দাও। আর তিনি আমাকে এই-এই আঙ্গুলে আংটি পরতে নিষেধ করেছেন। তিনি ইঙ্গিত করলেন, তর্জনী ও মধ্যমা আঙ্গুলের প্রতি।

5213মুহাম্মদ ইবন ইসমাঈল ইবন ইবরাহীম (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামযখন পায়খানায় প্রবেশ করতেন, তখন তাঁর আংটি খুলে রাখতেন।

5214ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার আংটি বানালেন এবং তার নগীনার দিক হাতের তালুর দিকে রাখলেন। পরে লোকেরাও সোনার আংটি বানালে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর আংটি খুলে ফেলে দিলেন এবং বললেনঃ আমি এটা আর কখনও পরবাে না। তখন লোকজন তাদের আংটি খুলে ফেললো।

5215ইসমাঈল ইবন মাসউদ (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামসোনার আংটি বানিয়ে এর নগীনা হাতের তালুর দিকে রাখলেন। লোকজনও এরূপ আংটি বানালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামসেটি ফেলে দিয়ে বললেনঃ আমি তা আর কখনও পরবাে না।

5216মুহাম্মাদ ইবন আবদুল্লাহ ইবন ইয়াযীদ (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার আংটি বানিয়েছিলেন, পরে তা ফেলে দিয়ে রূপার আংটি পরলেন, যাতে তিনি 'মুহাম্মাদুর রাসূলুল্লাহ্' নকশা করিয়ে নেন। তিনি বলেনঃ আমার এই আংটিতে যে নকশা রয়েছে, এরূপ নকশা কারো জন্য করানো উচিত নয়। এরপর তিনি তার নগীনা তাঁর হাতের তালুর দিকে রাখতেন।

5217মুহাম্মদ ই মামার (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিন ধরে একটি সোনার আংটি পরলেন। তাঁর সাহাবীগণ তা দেখে তাঁরাও সোনার আংটি বানানো আরম্ভ করলেন। এরপর তিনি তাঁর আংটি খুলে ফেলে দিলেন। পরে তার কি হয়েছে আমি জানি না। এরপর তিনি একটি রূপার আংটি বানাতে বললেন এবং তাতে 'মুহাম্মাদুর রাসূলুল্লাহ্' নকশা করতেও আদেশ দিলেন। এই আংটি তাঁর ইন্তেকাল পর্যন্ত হাতে ছিল। পরে আবূ বকর (রাঃ)-এর হাতে ছিল তাঁর মৃত্যু পর্যন্ত। এরপর উমর (রাঃ)-এর হাতে ছিল তাঁর মৃত্যু পর্যন্ত। পরে এই আংটি উসমান (রাঃ)-এর হাতে ছয় বৎসর পর্যন্ত ছিল। যখন তাঁর সময় বহু চিঠিপত্র লেখার প্রয়োজন হলো, তখন তিনি তা এক আনসার সাহাবীকে দেন যা দ্বারা সিলমোহর করা হতো। একদিন ঐ ব্যক্তি উসমান (রাঃ)-এর একটি কূপের নিকট গমন করলে তা কূপে পড়ে যায়; বহু তালাশের পরও তা পাওয়া যায়নি। পরে উসমান (রাঃ) অনুরূপ আর একটি আংটি তৈরির আদেশ দেন; যাতে 'মুহাম্মাদুর রাসূলুল্লাহ্' অঙ্কিত ছিল।

5218কুতায়বা (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সোনার আংটি পরলেন, আর এর নগীনা তাঁর হাতের তালুর দিকে রাখলেন। পরে অন্য লোকজন সোনার আংটি তৈরি করে পরতে লাগলো। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর আংটি ফেলে দিলেন। ফলে তারাও তাদের আংটি ফেলে দিল, পরে তিনি রূপার একটি আংটি বানিয়ে নেন এবং তা দিয়ে সিল মোহর করাতেন। তিনি তা পরতেন না।

5219মুহাম্মদ ইবন উসমান (রহঃ) ... আবু বকর ইবন আবূ শায়খ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি সালিম (রহঃ)-এর নিকট উপবিষ্ট ছিলাম, এমন সময় উম্মুল বনীনের কাফেলা আমাদের পাশ থেকে বের হলো। তাদের সাথে ছিল অনেক ঘন্টা। তখন সালিম (রহঃ) নাফের নিকট তার পিতার সূত্রে বর্ণনা করলেন যে, ফেরেশতা ঐ কাফেলার সাথে থাকেন না, যার সাথে ঘন্টা থাকে। আর এদের সাথে তোমরা বহু ঘন্টা রয়েছে।

5220আবদুর রহমান ইবন মুহাম্মদ ইবন সাল্লাম তুরসূসী (রহঃ) ... আবু বকর ইবন মূসা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি সালিম ইবন আবদুল্লাহর সাথে ছিলাম। তিনি তাঁর পিতার সূত্রে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন যে, তিনি বলেন, যে কাফেলার সাথে ঘন্টা থাকে, ফেরেশতা তাদের সাথে থাকে না।

5221মুহাম্মদ ইবন আবদুল্লাহ (রহঃ) ... সালিম তাঁর পিতার মাধ্যমে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কাফেলার সাথে ঘন্টা থাকে, ঐ কাফেলায় ফেরেশতা থাকে না।

5222ইউসুফ ইবন সাঈদ ইবন মুসলিম (রহঃ) ... উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ যে ঘরে জুলজুল বা ঘন্টা থাকে, ঐ ঘরে ফেরেশতা প্রবেশ করে না। আর ফেরেশতা ঐ সকল কাফেলার সাথেও থাকে না, যাদের মধ্যে ঘন্টা থাকে।

5223আবু কুরায়ব মুহাম্মদ ইবন ‘আলা (রহঃ) ... আবুল আহ্ওয়াস (রহঃ) তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বসা ছিলাম, তখন তিনি জরাজীর্ণ কাপড় দেখলেন। তিনি বললেনঃ তোমার কি ধন-সম্পদ আছে? আমি বললাম হ্যাঁ ইয়া রাসূলাল্লাহ্! সব ধরনের মাল রয়েছে। তিনি বললেনঃ আল্লাহ্ যখন তোমাকে মাল দান করেছেন, তখন এর চিহ্ন তোমার মধ্যে থাকা উচিত।

5224আহমদ ইবন সুলায়মান (রহঃ) ... আবুল আহ্ওয়াস (রহঃ) তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন, তিনি নিম্নমানের কাপড় পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গেলে তিনি তাকে বললেনঃ তোমার ধন-সম্পদ আছে কি? তিনি বললেন, জ্বি হ্যাঁ, প্রত্যেক রকমের মালই আমার রয়েছে। জিজ্ঞেস করলেন কী মাল আছে? তিনি বলেনঃ আল্লাহ্ তাআলা আমাকে উট, বকরী, ঘোড়া এবং গোলাম দান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যখন আল্লাহ্ তোমাকে সম্পদ দান করেছেন, তখন আল্লাহর রহমত ও দানের চিহ্ন তোমার মধ্যে বাহ্যিকভাবেও প্রকাশ পাওয়া উচিত।

5225ইবন সুন্নী (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেনঃ পাঁচটি কাজ ফিতরাতের অন্তর্ভুক্ত। মোচ কর্তন করা, বগলের চুল উপড়ে ফেলা, নখ কাটা, নাভীর নিচের চুল কামানো এবং খৎনা করা।

5226উবায়দুল্লাহ্ ইবন সাঈদ (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা গোঁফ ছােট করবে এবং দাড়ি লম্বা করবে।

5227ইসহাক ইবন মানসূর (রহঃ) ... আবদুল্লাহ্ ইবন জাফর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর পরিবারকে শোক করার জন্য তিন দিনের সময় দিলেন। এরপর তিনি তাদের নিকট এসে বললেনঃ আমার ভাই-এর জন্য আজকের দিনের পর আর ক্রন্দন করো না। পরে তিনি বললেনঃ আমার ভ্রাতুস্পুত্রদেরকে আমার নিকট ডাক। তখন আমাদেরকে আনা হলো। আমাদেরকে পক্ষীছানার মত মনে হচ্ছিল। তিনি বললেনঃ নাপিত ডেকে আন। তিনি আমাদের মাথা মুড়াবার জন্য বললেন। (সংক্ষিপ্ত)

5228আহমদ ইবন আবদা (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামমাথায় কিছু চুল রেখে কিছু মুড়াতে নিষেধ করেছেন।

5229ইবরাহীম ইবন হাসান (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে মাথার কিছু চুল রেখে মাথা মুড়াতে নিষেধ করতে শুনেছি।

5230ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় কিছু চুল রেখে কিছু অংশ মুড়াতে নিষেধ করেছেন।

5231মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় কিছু চুল রেখে বাকী অংশ মুড়াতে নিষেধ করেছেন।

5232আলী ইবন হুসায়ন (রহঃ) ... বারা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবয়ব ছিল মধ্যম ধরনের। তাঁর কাঁধের মধ্যবর্তী স্থান ছিল প্রশস্ত, তাঁর দাড়ি ছিল ঘন, যার উপরিভাগে রক্তিমাভা বিরাজ করতো। তাঁর মাথার চুল কানের লতি পর্যন্ত ছিল। আমি তাঁকে লাল জোড়া কাপড় পরতে দেখেছি। আমি কাউকে তাঁর চাইতে সুশ্রী ও সুন্দর দেখিনি।

5233হাজিব ইবন সুলায়মান (রহঃ) ... বারা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি কোন কেশ বিশিষ্ট, জোড়া-কাপড় পরিহিত ব্যক্তিকে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে সুশ্রী ও সুন্দর দেখিনি। তাঁর মাথার চুল উভয় কাঁধ ছুঁতো।

5234আলী ইবন হুজর (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথার চুল কানের অর্ধেক পর্যন্ত লম্বা ছিল।

5235মুমাহহাদ ইবন মা'মার (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথার চুল উভয় কাঁধ ছুঁতো।

5236আলী ইবন খাশরাম (রহঃ) ... জাবির ইবন আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আগমন করে এক ব্যক্তিকে দেখলেন, তার মাথার চুল এলোমেলো। তিনি বললেনঃ এ ব্যক্তি কি এমন কিছু পায় না, যা দিয়ে সে তার মাথার চুল বিন্যস্ত করে নেবে?

5237আমর ইবন আলী (রহঃ) ... আবু কাতাদা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, তাঁর মাথায় অধিক চুল ছিল। তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এ সম্পর্কে জিজ্ঞাসা করলে, তিনি বললেনঃ কেশ বিন্যস্ত করে রাখবে এবং প্রত্যহ চিরুণী করবে।

5238মুহাম্মাদ ইবন সালামা (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর চুল আঁচড়িয়ে ছেড়ে দিতেন, আর মুশরিকরা তাদের চুলে সিঁথি কাটতো। যে সকল ব্যাপারে কোন আদেশ করা হয়নি, এমন ব্যাপারে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে কিতাবীর মত চলতে পছন্দ করতেন। পরবর্তীতে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলে সিঁথি কেটেছেন।

5239ইয়াকূব ইন ইব্রাহীম (রহঃ) ... আবদুল্লাহ ইবন বুরায়দা (রাঃ) থেকে বর্ণিত। উবায়দ নামক রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী বলেছেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাসিতা করতে নিষেধ করতেন। তিনি বলেনঃ চুল আঁচড়ানোও এর অন্তর্গত।

5240মুহাম্মাদ ইবন আবদুল আ'লা (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযূ করতে, জুতা পরতে এবং চুল আঁচড়াতে যথাসম্ভব ডানদিক থেকে আরম্ভ করা পছন্দ করতেন।

5241ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আবু সালামা এবং সুলায়মান ইবন ইয়াসার (রহঃ), তাঁরা উভয়ে আবু হুরায়রা (রাঃ)-কে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ইয়াহুদী-নাসারা চুলে রং করে না, অতএব তোমরা তাদের বিরোধিতা করবে।

5242মুহাম্মাদ ইবন আবদুল আ'লা (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবূ কুহাফাকে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আনা হলে দেখা গেল তাঁর চুল-দাড়ি সবই সুগামা ঘাসের ন্যায় শুভ্র। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ একে পরিবর্তন করে দাও, অথবা খিযাব লাগিয়ে দাও।

5243ইয়াহইয়া ইবন হাকীম (রহঃ) ... উবায়দ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন , আমি ইবন উমর (রাঃ)-কে দাড়িতে সোনালী রং করতে দেখলাম। তাকে জিজ্ঞাসা করলে তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এরূপ করতে দেখেছি।

5244আবদা ইবন আব্দুর রহীম (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চামড়ার জুতা পরতেন এবং ওয়ারস (ঘাস) ও যা'ফরান দ্বারা তাঁর দাড়ি রাঙাতেন। আর ইবন উমর (রাঃ)-ও এরূপ করতেন।

5245কুতায়বা (রহঃ) ... হুমায়দ ইবন আব্দুর রহমান (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মু'আবিয়া (রাঃ)-কে বলতে শুনেছি, তখন তিনি ছিলেন মদীনায় মিম্বরে। তিনি তাঁর আস্তিন হতে একগুচ্ছ চুল বের করে বললেনঃ হে মদীনাবাসী! তোমাদের আলিমগণ কোথায়? আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এরূপ করতে নিষেধ করতে শুনেছি। তিনি বলেছেনঃ বনী ইসরাঈলের মহিলারা যখন এরূপ পরচুলা লাগানো আরম্ভ করেছিল, তখন তারা ধ্বংস হয়েছিল।

5246মুহাম্মদ ইবন মুসান্না ও মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ... সাঈদ ইবন মুসায়্যিব (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মু'আবিয়া (রাঃ) মদীনায় এসে আমাদেরকে উদ্দেশ্য করে বক্তৃতা দিলেন। তখন তিনি হাতে একগুচ্ছ চুল নিয়ে বললেনঃ আমি ইয়াহুদীদের ব্যতীত আর কাউকে এরূপ করতে দেখিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এ খবর পৌঁছলে তিনি একে মিথ্যা সাব্যস্ত করেছিলেন।

5247আমর ইবন ইয়াহইয়া ইবন হারিস (রহঃ) ... মু'আবিয়া (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, হে লোক সকল! রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যূর বা মিথ্যা হতে নিষেধ করেছেন। এরপর তিনি কালো কাপড়ের এক টুকরা বের করে লোকদের সামনে রেখে বলেন, সেই 'যূর' বা মিথ্যা হলো এই। একে মহিলারা মাথার উপর রেখে এর উপর ওড়না পরে থাকে।

5248মুহাম্মাদ ইবন আবদুল্লাহ ইবন আব্দুর রহীম (রহঃ) ... মু'আবিয়া (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যূর বা মিথ্যা হতে নিষেধ করেছেন। সেই মিথ্যা এই যে, নিজের চুল অস্বাভাবিক লম্বা দেখানোর জন্য মাথায় পরচুলা ইত্যাদি কিছু লাগিয়ে নেয়া।

5249উবায়দুল্লাহ ইবন সাঈদ (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলে (পরচুলা) যোজনা করে এমন মহিলার উপর লা'নত করেছেন।

5250মুহাম্মদ ইবন মুসান্না (রহঃ) ... আসমা (রাঃ) থেকে বর্ণিত যে, এক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! আমার এক কন্যার বিবাহ হয়েছে। অসুস্থ হওয়ার পর তার মাথার চুল উঠে গেছে। এখন আমি যদি তার মাথায় পরচুলা জাতীয় কিছু লাগাই, তবে আমার কি গুনাহ হবে? তিনি বললেনঃ যে পরচুলা লাগিয়ে দেয় এবং যে লাগাতে বলে, আল্লাহ্ তার উপর লা'নত করেন।

5251ইসহাক ইবন ইব্রাহীম (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নারী কাউকে পরচুলা লাগিয়ে দেয়, যে লাগাতে বলে, যে উল্কি আকায় এবং যে এঁকে দেয়, তার প্রতি লা'নত করেছেন।

5252মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ... আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে নারী (ভ্রু ইত্যাদির) পশম তুলে ফেলে এবং যে নারী দাঁতে ফাঁক সৃষ্টি করে, তাদের উপর আল্লাহ্ লা'নত করেছেন। যাদের উপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা'নত করেছেন, আমি তাদের উপর লা'নত করব না?

5253আহমদ ইবন সাঈদ (রহঃ) ... আবদুল্লাহ্ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নারী উল্কি আঁকে, দাঁতে ফাঁক সৃষ্টি করে এবং যে মুখের চুল তুলে ফেলে, আর এভাবে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে, তাদের উপর লানত করেছেন।

5254মুহাম্মদ ইবন ইয়াহইয়া ইবন মুহাম্মাদ (রহঃ) ... আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ তা'আলা চেহারার পশম উৎপাটনকারিণী, দাঁতে ফাঁক সৃষ্টিকারিণী এবং উল্কি অঙ্কনকারিণী, আল্লাহর সৃষ্টিকে পরিবর্তনকারিণীর উপর লা'নত করেছেন। এক নারী তাঁর নিকট এসে জিজ্ঞাসা করলোঃ আপনি কি এরূপ বলেন? তিনি বললেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, আমি কি তা বলবো না?

5255মুহাম্মদ ইবন মুসান্না (রহঃ) ... ইব্রাহীম (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবদুল্লাহ ইবন মাসউদ (রাঃ) বলতেনঃ আল্লাহ্ তা'আলা শরীরে দাগ সৃষ্টিকারিণী, চেহারার চুল উৎপাটনকারিণী এবং দাঁতে ফাঁকে সৃষ্টিকারিণী রমণীর উপর লা'নত করেছেন। শুনে রাখ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে লা'নত করেছেন, আমি তাদের লা'নত করব না?

5256ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে যা'ফরানী রং লাগাতে নিষেধ করেছেন।

5257মুহাম্মদ ইবন উমর ইবন আলী ইবন মুকাদ্দাম (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে তাদের শরীরে যা'ফরানী রং লাগাতে নিষেধ করেছেন।

5258ইসহাক (রহঃ) ... আনাস ইবন মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট সুগন্ধি পেশ করা হলে তিনি তা ফেরত দিতেন না।

5259উবায়দুল্লাহ ইবন ফাযালা ইন ইবরাহীম (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কারো সামনে সুগন্ধি পেশ করা হলে, সে যেন তা ফেরত না দেয়। কেননা তা ওজনে হালকা, অথচ ঘ্রাণে উত্তম।

5260ইসহাক ইবন ইব্রাহীম (রহঃ) ... আবদুল্লাহর স্ত্রী যয়নাব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কোন মহিলা ইশার জামাআতে আসতে ইচ্ছা করলে সে যেন সুগন্ধি স্পর্শ না করে।

5261আহমদ ইবন সাঈদ (রহঃ) ... আবদুল্লাহর স্ত্রী যয়নাব সাকাফিয়্যা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেনঃ যখন তুমি ইশার জামাআতের উদ্দেশ্যে বের হবে, তখন সুগন্ধি স্পর্শ করবে না।

5262কুতায়বা (রহঃ) ... যায়নাব সাফাফিয়্যা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ মসজিদে গমনের ইচ্ছায় বের হলে সে যেন সুগন্ধি স্পর্শ না করে।

5263মুহাম্মাদ ইবন হিশাম ইবন ঈসা (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে নারী সুগন্ধি-ধোঁয়া নিয়েছে, সে যেন আমাদের সাথে ইশার জামাআতে শরীক না হয়।

5264আবূ বকর ইবন ইসহাক (রহঃ) ... আবূ সাঈদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলার কথা উল্লেখ করেন, যে তার আংটিতে মৃগনাভি ভরে রেখেছিল। তিনি বলেনঃ এটা উত্তম সুগন্ধি।

5265আমর ইবন আলী (রহঃ) ... আবূ মূসা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ্‌ তা'আলা আমার উম্মতের মধ্যে নারীদের জন্য রেশম এবং স্বর্ণ হালাল করেছেন এবং তা পুরুষদের জন্য হারাম করেছেন।

5266মুহাম্মদ ইবন ওলীদ (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাকে লাল রঙের কাপড় ও স্বর্ণের আংটি ব্যবহার করতে এবং রুকূতে কুরআন তিলাওয়াত করতে নিষেধ করা হয়েছে।

5267ইয়াকূব ইবন ইবরাহীম (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামআমাকে সোনার আংটি পরতে, রুকূ অবস্থায় কুরআন পড়তে, রেশমী কাপড় পরতে এবং কুসুম রং ব্যবহার করতে নিষেধ করেছেন।

5268ঈসা ইবন হাম্মাদ (রহঃ) ... আলী (রাঃ) বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সোনার আংটি, রেশমী কাপড় ও কুসুম রঙের কাপড় পরতে এবং রুকূ অবস্থায় কুরআন পড়তে নিষেধ করেছেন।

5269হারিস ইবন মিসকীন (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রুকু অবস্থায় কুরআন তিলাওয়াত করতে নিষেধ করেছেন।

5270হারূন ইবন আবদুল্লাহ (রহঃ) ... আলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কুসুম রঙের কাপড়, সোনার আংটি ও রেশমী কাপড় পরতে এবং রুকূতে কুরআন পড়তে নিষেধ করেছেন।

5271ইয়াহইয়া ইবন দুরস্ত (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চারটি বস্তু অর্থাৎ কুসুম রঙের কাপড় পরতে, সোনার আংটি ব্যবহার করতে, রেশমী কাপড় পরিধান করতে এবং রুকূতে কুরআন পড়তে নিষেধ করেছেন।

5272ইবরাহীম ইবন ইয়া'কূব (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুসুম রঙের কাপড় ও রেশমী কাপড় পরিধান, রুকুতে কুরআন তিলাওয়াত এবং সোনার আংটি ব্যবহার করতে নিষেধ

5273মুহাম্মদ ইবন মুসান্না (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার আংটি পরতে নিষেধ করেছেন।

5274আহমাদ ইবন হাফস ইবন আবদুল্লাহ (রহঃ) ...আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার আংটি ব্যবহার করতে নিষেধ করেছেন।

5275আলী ইবন হুজর (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সোনার আংটি তৈরি করিয়ে তা পরলেন। তখন লোকেরাও সোনার আংটি বানাল। তা দেখে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমি এই আংটিটি পরতাম কিন্তু এখন হতে আমি আর কখনও পরব না। এই বলে তিনি তা নিক্ষেপ করলেন। পরে অন্যান্য লোকেরাও তাদের আংটি ফেলে দিল।

5276ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আংটির নকশা ছিল- 'মুহাম্মাদুর রাসূলুল্লাহ্'।

5277আব্বাস ইবন আবদুল আযীম (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রূপার আংটি তৈরি করান যার নগীনা ছিল হাবশী পাথরের এবং তাতে নকশা ছিল 'মুহাম্মাদুর রাসূলুল্লাহ্'।

5278হুমায়দ ইবন মাসআদা (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমের বাদশাহকে পত্র লিখতে ইচ্ছা করলে, লোকজন বললোঃ তারা সিলমোহর ব্যতীত কোন চিঠি পড়ে না। এরপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপার একটি আংটি তৈরি করান। আমি যেন তার শুভ্রতা তাঁর হাতে এখনও দেখছি। তাতে নকশা করা হয়েছিলঃ 'মুহাম্মাদুর রাসূলুল্লাহ্'।

5279কুতায়বা (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুপার একটি আংটি তৈরি করা। তার নগীনা ছিল হাবশী পাথরের।

5280কাসিম ইবন যাকারিয়া (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আংটি ছিল রূপার এবং এর নগীনাও ছিল রূপার।

5281ইসহাক ইবন ইব্রাহীম ও আলী ইন হুজর (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমি একটি আংটি তৈরি করিয়েছি এবং তাতে নকশা করিয়েছি। অতএব এখন যেন কেউ সে রকম নকশা না করায়।

5282ইমরান ইবন মূসা (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আংটি তৈরি করালেন এবং বললেনঃ আমি একটি আংটি তৈরি করিয়েছি এবং তার উপর নকশাও করিয়েছি; অতএব কেউ যেন ঐরূপ নকশা না করায়। আর আমি এখনও যেন ঐ আংটির ঔজ্জ্বল্য তাঁর কনিষ্ঠা আঙ্গুলে দেখছি।

5283মুহাম্মদ ইবন আমির (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ডান হাতে আংটি পরতেন।

5284হুসায়ন ইবন ঈসা বিসতামী (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আংটির শুভ্রতা তাঁর বাম হাতের আঙ্গুলে যেন এখনও দেখছি।

5285আবূ বকর ইবন নাফি (রহঃ) ... সাবিত (রহঃ) থেকে বর্ণিত, লোকেরা আনাস (রাঃ)-কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আংটির ব্যাপারে প্রশ্ন করলে, তিনি বললেনঃ আমি যেন এখনও তাঁর রূপার তৈরি আংটির উজ্জ্বল্য অবলোকন করছি। এই বলে তিনি তাঁর বাম হাতের কনিষ্ঠা অঙ্গুলী উঠালেন।

5286মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ... আবূ বুরদাহ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আলী (রাঃ)-কে বলতে শুনেছিঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মধ্যমা ও তর্জনী আঙ্গুলে আংটি পরতে নিষেধ করেছেন।

5287হান্নাদ ইবন সারী (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তর্জনী, মধ্যমা এবং এর নিকটবর্তী আঙ্গুলে আংটি পরতে নিষেধ করেছেন।

5288মুহাম্মদ ইবন আবদুল্লাহ ইবন ইয়াযীদ (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার আংটি পরতেন। পরে তিনি ঐ আংটি ফেলে দিয়ে রূপার আংটি পরলেন এবং তাতে 'মুহাম্মাদুর রাসূলুল্লাহ্' নকশা করা হল। এরপর তিনি বললেনঃ কারো জন্য আমার আংটির নকশার মত নকশা করা সমীচীন হবে না। আর তিনি ঐ আংটির নগীনা হাতের তালুর দিকে রাখতেন।

5289মুহাম্মদ ইবন আলী ইবন হারব (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামএকটি আংটি বানালেন এবং সেটি পরলেন। তারপর বললেনঃ আজ এই আংটিটি আমাকে তোমাদের প্রতি অন্যমনষ্ক করে তুলেছে। কখনো এরদিকে আমার দৃষ্টি পড়ে, আবার কখনো তোমাদের দিকে। পরে তিনি তা খুলে ফেলেন।

5290কুতায়রা (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সোনার আংটি তৈরি করিয়ে তা পরতেন। তিনি এর নগীনা হাতের তালুর দিকে রাখতেন। পরে অন্যান্য লোক তাঁর মত করতে লাগলো। তখন তিনি মিম্বরে আরোহণ করে আংটিটি খুলে ফেললেন এবং বললেনঃ আমি এই আংটিটি পরতাম এবং এর নগীনা হাতের তালুর দিকে রাখতাম। পরে তিনি তা ফেলে দিয়ে বললেনঃ আল্লাহর শপথ! আমি তা আর কখনও পরবো না। পরে অন্য লোকেরাও তাদের আংটি ফেলে দিল।

5291মুহাম্মদ ইবন সুলায়মান (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে একদিনই রূপার আংটি দেখেছেন। তা দেখে অন্য লোকেরাও দ্রুপ আংটি তৈরি করল। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ফেলে দিলে লোকেরাও তাদের আংটি ফেলে দিল।

5292কুতায়বা (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সোনার আংটি বানালেন। আর তিনি তার নগীনা রাখতেন হাতের তালুর দিকে। পরে অন্যান্য লোকও সোনার আংটি বানায়। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা খুলে ফেললেন। ফলে অন্যান্য লোকেরাও তাদের আংটি খুলে ফেলল। এরপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রূপার আংটি বানান। তিনি তা দ্বারা সিলমোহর করতেন, পরতেন না।

5293ইসহাক ইবন ইব্রাহীম (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সোনার আংটি বানান। তিনি তার নগীনা তাঁর হাতের তালুর দিকে রাখতেন। এরপর অন্য লোকও আংটি বানায়। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা খুলে ফেলেন এবং বললেনঃ আমি আর কখনও এটা পরবো না। এরপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রৌপ্য নির্মিত আংটি পরেন। এই আংটি পরে আবু বকর (রাঃ)-এর হাতে ছিল, পরে উমর (রাঃ)-এর হাতে ছিল। উমর (রাঃ)-এর পর তা উসমান (রাঃ)-এর হাতে ছিল; পরে তা আরীস নামক কূপে পড়ে হারিয়ে যায়।

5294ইসহাক ইবন ইব্রাহীম (রহঃ) ... আবুল আহ্ওয়াস (রহঃ) তাঁর পিতার মাধ্যমে বর্ণনা করেন, তিনি বলেন, আমি একবার রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হলাম। তিনি আমাকে (পুরাতন মলিন কাপড় পরিহিত) খারাপ অবস্থায় দেখে বললেনঃ তোমার কি কোন মাল-সম্পদ আছে? তিনি বললেনঃ হ্যাঁ। আল্লাহ তা'আলা আমাকে সর্বপ্রকার সম্পদই দান করেছেন। তখন তিনি বললেনঃ যখন তোমাকে আল্লাহ্ মাল দান করেছেন, তখন এর চিহ্ন তোমার মধ্যে থাকা বাঞ্ছনীয়।

5295ইসহাক ইবন মানসূর (রহঃ) ... উমর ইবন খাত্তাব (রাঃ) হতে বর্ণিত, তিনি মসজিদের দরজায় সোনালী ডোরাদার একজোড়া রেশমী কাপড় বিক্রি হতে দেখলেন। তিনি বলেন, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! যদি আপনি জুমুআর দিনের জন্য এবং আপনার নিকট কোন বিদেশী প্রতিনিধিদল আসলে তখন পরার জন্য এরূপ একজোড়া কাপড় খরিদ করতেন। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এতো ঐ ব্যক্তি পরিধান করবে, আখিরাতে যার কোন অংশ থাকবে না। পরবর্তীতে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ঐরকম কয়েক জোড়া কাপড় আসলে, তিনি তা হতে একজোড়া আমাকে দান করলেন। উমর (রাঃ) বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাকে এটা দিচ্ছেন, অথচ আগে আপনি এব্যাপারে যা বলার বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমি তা তোমাকে পরার জন্য দেইনি। আমি এজন্য দিয়েছি যে, তুমি এটা অন্য কাউকে পরতে দেবে বা বিক্রি করে অন্য কাজে লাগাবে। উমর (রাঃ) তা তাঁর এক বৈপিত্রেয় ভাইকে দান করেন, যে মুশরিক ছিল।

5296হুসায়ন ইবন হুরায়স (রহঃ) ... আনাস (রাঃ) বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা যয়নাবের পরিধানে ডোরাদার রেশমী কামিজ দেখেছি।

5297আমর ইবন উসমান (রহঃ) ... আনাস ইবন মালিক (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা উম্মে কুলসুমের পরিধানে সোনালী ডোরাদার রেশমী চাদর দেখেছেন।

5298ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট একটি ডোরাদার রেশমী কাপড় পেশ করা হলে তিনি তা আমার নিকট পাঠিয়ে দেন। আমি তা পরিধান করলে, তাঁর চেহারায় বিরক্তির ভাব লক্ষ্য করলাম। তিনি বললেনঃ আমি তোমাকে এটা পরতে দেইনি। এরপর তিনি আমাকে আদেশ করলে আমি তা আমাদের নারীদেরকে বণ্টন করে দিলাম।

5299ইসহাক ইন ইবরাহীম (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত, উমর (রাঃ) একবার বের হয়ে দেখলেন, বাজারে ইস্‌তাব্‌রাক বা রেশমী জোড়া বিক্রি হচ্ছে। তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হাযির হয়ে বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! আপনি এটা ক্রয় করুন এবং জুমুআর দিন এবং আপনার নিকট বিদেশী প্রতিনিধিদল আসলে পরিধান করুন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এটা ঐ ব্যক্তিই পরবে, যার আখিরাতে কোন অংশ নেই। পরে এ রকম তিনজোড়া কাপড় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পেশ করা হলে তিনি একজোড়া উমর (রাঃ)-কে, একজোড়া আলী (রাঃ)-কে এবং একজোড়া উসামা (রাঃ)-কে দিলেন। তখন উমর (রাঃ) তাঁর নিকট এসে বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি এর পূর্বে এ ব্যাপারে যা বলার তা বলেছিলেন, আর এখন এটা আমাকে দান করলেন? তিনি বললেনঃ তুমি তা বিক্রি করে নিজের প্রয়োজন পূর্ণ কর অথবা তা টুকরা করে তোমার মহিলাদের ওড়না বানিয়ে দাও।

5300ইমরান ইবন মূসা (রহঃ) ... ইয়াহইয়া ইবন আবু ইসহাক (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সালিম (রহঃ) বলেন, ইসতাব্‌রাক কি? আমি বললামঃ রেশমী কাপড়ের মধ্যে যা শক্ত এবং মোটা হয়, তাই ইসতাবরাক। সালিম বললেনঃ আমি আবদুল্লাহ্ (রাঃ)-কে বলতে শুনেছিঃ উমর (রাঃ)-এক ব্যক্তির নিকট রেশমী কাপড়ের এক জোড়া দেখতে পেলেন এবং তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এনে বললেনঃ আপনি এটা খরিদ করুন, ... এরপর হাদীসের শেষ পর্যন্ত বর্ণনা করলেন।

5301মুহাম্মদ ইবন আবদুল্লাহ ইবন ইয়াযীদ (রহঃ) ... আবদুল্লাহ্ ইবন উকায়ম (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, হুযায়ফা (রাঃ) পানি চাইলে এক গ্রাম্য নেতা রৌপ্য নির্মিত পাত্রে পানি আনে। হুযায়ফা (রাঃ) সেটি ছুঁড়ে মারলেন। তারপর এ আচরণের জন্য তাদের কাছে কৈফিয়ত দিলেন এবং বললেনঃ আমার জন্য এর নিষেধাজ্ঞা রয়েছে। আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ তোমাদের কেউ যেন সোনা-রূপার পাত্রে পান না করে এবং দীবাজ ও রেশমী কাপড় পরিধান না করে। কেননা এটা পৃথিবীতে তাদের জন্য, আর আমাদের জন্য আখিরাতে।

5302হাসান ইবন কাযা'আ (রহঃ) ... ওয়াকিদ ইবন আমর ইবন সা'দ ইবন মুআয (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আনাস ইবন মালিক (রাঃ) মদীনায় আগমন করলে আমি তাঁর নিকট উপস্থিত হলাম এবং তাঁকে সালাম করলাম। তিনি বললেনঃ তুমি কে? আমি বললামঃ আমি ওয়াকিদ ইবন আমর ইবন সা'দ ইবন মুআয। তিনি বললেনঃ সা'দ ইবন মুআয (রাঃ) তো বড় এবং লম্বাকৃতির লোক ছিলেন। এই বলে তিনি খুব কাঁদলেন এবং বললেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুমার বাদশাহ্ উকায়দারের নিকট এক বাহিনী প্রেরণ করেন। তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট রেশম এবং সোনার কারুকার্য খচিত একটি জুব্বা পাঠান। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পরিধান করে মিম্বরের উপর উঠে বসলেন। তারপর কোন কথা না বলে তিনি মিম্বর হতে অবতরণ করলেন। লোক তার ঐ জুব্বা হাতে ধরে দেখতে লাগলো। তিনি বললেনঃ তোমরা এটা দেখে আশ্চর্যবােধ করছাে! বেহেশতে সা'দ ইবন মুআযের রুমালও তোমরা এই যা দেখছ, এর চেয়ে উৎকৃষ্ট।

5303ইউসুফ ইন সাঈদ (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, দীবাজ নামক রেশমী কাপড়ের একটি কাবা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে হাদিয়া স্বরূপ দান করা হলে তিনি তা পরিধান করেন। কিছুক্ষণ পর তিনি তা খুলে ফেলে উমর (রাঃ)-এর নিকট পাঠিয়ে দেন। তখন অন্যান্য লোক তাকে জিজ্ঞাসা করলোঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি হঠাৎ তা খুলে ফেললেন কেন? তিনি বললেনঃ আমাকে জিবরীল (আঃ) এটা পরতে নিষেধ করেছেন। একথা শুনে উমর (রাঃ) কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! আপনি যা অপছন্দ করেন তা আমাকে পরতে দিলেন? রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমি তো তোমাকে তা পরতে দেইনি; আমি তো তোমাকে দিয়েছি বিক্রি করার জন্য। এরপর উমর (রাঃ) দুই হাজার দিরহামে তা বিক্রি করে দেন।

5304কুতায়বা (রহঃ) ... আবদুল্লাহ্ ইবন যুবায়র (রাঃ) হতে বর্ণিত, তিনি মিম্বরের উপর খুতবা দিতে গিয়ে বললেনঃ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি পৃথিবীতে রেশমী কাপড় পরিধান করবে, আখিরাতে সে কখনো তা পরতে পারবে না।

5305মাহমূদ ইবন গায়লান (রহঃ) ... আবদুল্লাহ্ ইবন যুবায়র (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, তোমরা নিজেদের নারীদেরকে রেশমী কাপড় পরতে দেবে না। আমি উমর ইবন খাত্তাব (রাঃ)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে তা পৃথিবীতে পরিধান করবে, সে আখিরাতে তা পরতে পারবে না।

5306আমর ইবন মানসূর (রহঃ) ... ইমরান ইবন হিত্তান (রহঃ) থেকে বর্ণিত। তিনি আবদুল্লাহ্ ইবন আব্বাস (রাঃ)-কে রেশমী কাপড় পরিধান সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি বললেনঃ তুমি এ ব্যাপারে আয়েশা (রাঃ)-কে জিজ্ঞাসা কর। আমি আয়েশা (রাঃ)-কে জিজ্ঞাসা করলে তিনি বললেনঃ আবদুল্লাহ্ ইবন উমর (রাঃ)-কে জিজ্ঞাসা কর। আমি ইবন উমর (রাঃ)-কে জিজ্ঞাসা করলে তিনি বললেনঃ আমার নিকট আবু হাফস (রাঃ) বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি পৃথিবীতে রেশমী কাপড় পরবে, আখিরাতে তার জন্য এর কোন অংশ থাকবে না।

5307সুলায়মান ইবন সালম (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ রেশমী কাপড় ঐ ব্যক্তিই পরিধান করবে, যার আখিরাতে কোন অংশ নেই।

5308ইবরাহীম ইবন ইয়াকূব (রহঃ) ... আলী আল-বারেকী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক মহিলা আমার নিকট মাসআলা জিজ্ঞাসা করার জন্য আসলে আমি তাকে বললামঃ ঐ যে আবদুল্লাহ্ ইবন উমর (রাঃ)। তাঁর নিকট জিজ্ঞাসা করুন। ঐ মহিলা তাঁর নিকট জিজ্ঞাসা করার জন্য গেল, আর আমি তার পিছে পিছে গেলাম, তিনি কি বলেন শোনার জন্য। সেই নারী বললোঃ রেশমী কাপড় সম্বন্ধে আমাকে কিছু বলুন। তিনি বললেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ব্যবহার করতে নিষেধ করেছেন।

5309সুলায়মান ইবন মানসূর (রহঃ) ... বারা ইবন আযিব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাতটি বিষয়ে আদেশ করেছেন এবং সাতটি বিষয়ে নিষেধ করেছেন। তিনি আমাদেরকে নিষেধ করেছেনঃ সোনার আংটি, রূপার পাত্র, মায়াসির, কাস্‌সী, ইসতাব্‌রাক এবং দীবাজ ও হারীর (এগুলো বিভিন্ন প্রকারের রেশমি জামা) হতে।

5310ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামআবদুর রহমান ইবন আউফ এবং যুবায়র ইবনুল আওয়াম (রাঃ)-কে রেশমী জামা পরার অনুমতি দান করেছিলেন; কেননা তাদের খুজলী রোগ হয়েছিল।

5311নাসর ইবন আলী (রহঃ) ... আনাস (রাঃ) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান এবং যুবায়র (রাঃ)-কে রেশমী কাপড়ের জামা ব্যবহারের অনুমতি দান করেন, তাদের খুজলীতে আক্রান্ত হওয়ার দরুন।

5312ইসহাক ইবন ইব্রাহীম (রহঃ) ... আবু উসমান নাহদী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা উতবা ইবন ফারকাদ (রহঃ)-এর সাথে ছিলাম। এমন সময় উমর (রাঃ)-এর আদেশ পৌঁছলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ রেশমী কাপড় শুধু ঐ ব্যক্তিই পরিধান করতে পারে, আখিরাতে যার এতে কোন অংশ নেই; তবে এতটুকু পরিমাণ। আবু উসমান (রহঃ) বলেনঃ তিনি বৃদ্ধাঙ্গুলির সংলগ্ন অঙ্গুলীদ্বয় দ্বারা ইঙ্গিত করলেন। আমার মনে হলো তা চাদরের প্রান্ত ভাগ হবে। অবশেষে আমি যখন চাদর দেখলাম, তখন নিশ্চিত হলাম।

5313আবদুল হামিদ ইবন মুহাম্মদ ও আহমদ ইবন সুলায়মান (রহঃ) ... উমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি রেশমী কাপড় চার আংগুলের বেশি ব্যবহার অনুমতি দেন নি।

5314ইয়াকূব ইবন ইবরাহীম (রহঃ) ... বারা ইবন আযিব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জোড়া পোশাক পরিহিত, মাথার চুল সুবিন্যস্ত অবস্থায় দেখেছি। আমি পূর্বে ও পরে তাঁর চেয়ে সুন্দর কাউকে দেখিনি।

5315উবায়দুল্লাহ ইবন সাঈদ (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, হিবারা (ইয়ামানী চাদরবিশেষ) ছিল রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট সর্বাধিক পছন্দনীয় কাপড়।

5316ইসমাঈল ইবন মাসউদ (রহঃ) ... আবদুল্লাহ ইবন আমর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দু'টি কুসুম রঙের কাপড় পরিহিত অবস্থায় দেখে বললেনঃ এটা কাফিরদের পোশাক। অতএব, তুমি এটা পরিধান করো না।

5317হাজিব ইন সুলায়মান (রহঃ) ... আবদুল্লাহ ইবন আমর (রাঃ) থেকে বর্ণিত। এক সময় তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট দুটি কুসুম রঙের কাপড় পরিহিত অবস্থায় আগমন করলে তিনি রাগান্বিত হয়ে বলেনঃ ফেলে দাও। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ! কোথায় ফেলবো? তিনি বললেনঃ আগুনে।

5318ঈসা ইবন হাম্মাদ (রহঃ) .... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সোনার আংটি, রেশমী কাপড় ও কুসুম রঙের কাপড় পরতে এবং রুকূ অবস্থায় কুরআন পাঠ করতে নিষেধ করেছেন।

5319আব্বাস ইবন মুহাম্মদ (রহঃ) ... আবূ রিমসা (রাঃ) থেকে বর্ণিত। একদা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবুজ কাপড় পরিহিত অবস্থায় আমাদের নিকট আগমন করেন।

5320ইয়াকূব ইবন ইবরাহীম ও মুহাম্মদ ইবন মুসান্না (রহঃ) ... খাব্বাব ইবন আরাত (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট অভিযোগ করলাম, তখন তিনি কা'বা শরীফের ছায়ায় একখানা বুরদার উপর মাথা রেখে আরাম করছিলেন। আমি বললামঃ আপনি কি আমাদের জন্য সাহায্য প্রার্থনা করবেন, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দু'আ করবেন না?

5321কুতায়বা (রহঃ) ... সাহল ইবন সা'দ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একজন মহিলা একখানা বুরদা নিয়ে আসলে সাহল (রাঃ) বলেন, তোমরা কি জান, বুরদা কী? উপস্থিত লোকজন বললোছ হ্যাঁ, এমন চাদর, যার কিনারায় নকশা করা ছিল। মহিলা বললোঃ ইয়া রাসূলাল্লাহ্! আমি এটা আপনাকে পরানোর জন্য নিজ হাতে তৈরি করেছি। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে তা গ্রহণ করলেন যেন তার সেটি প্রয়োজন, আর তিনি তা লুঙ্গিরূপে পরে আমাদের নিকট আসলেন।

5322আমর ইবন আলী (রহঃ) ... সামুরা (রাঃ) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা সাদা কাপড় পরিধান করবে। কেননা এটা বেশি পবিত্র হয়ে ও বেশি পরিচ্ছন্ন। আর তোমরা তোমাদের মৃতদেরকে সাদা কাপড় দিয়ে কাফন দেবে।

5323কুতায়বা (রহঃ) ... সামুরা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা সাদা কাপড় ব্যবহার করবে। জীবিতরা তা পরবে আর মৃতদেরকে তা দিয়ে কাফন দেবে। কেননা এটাই উৎকৃষ্ট কাপড়।

5324কুতায়বা ইবন সাঈদ (রহঃ) ... মিস্ওয়ার ইবন মাখরামা (রাঃ) থেকে বর্ণিত যে, একদা রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বণ্টন করলেন কিন্তু মাখরামা (রাঃ)-কে কিছু না দেওয়ায় তিনি বললেনঃ প্রিয়পুত্র! তুমি আমার সাথে চল; আমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট যাব। আমি তাঁর সাথে রওয়ানা হলাম। তিনি আমাকে বললেনঃ তুমি ভেতরে প্রবেশ করে তাকে আমার নিকট ডেকে আনো, আমি তাঁকে ডাকলে তিনি ঐ কাবা পরিহিত অবস্থায় তার নিকট আগমন করলেন এবং বললেনঃ আমি এটা আপনার জন্য রেখে দিয়েছি, মাখারামা সেটি পরিধান করলেন।

5325মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে আরাফাতে বলতে শোনেন; যার অর্থাৎ যে মুহরিমের লুঙ্গি না মিলে, সে যেন পায়জামা পরিধান করে এবং যার চটি নেই, সে যেন মোজা পরিধান করে।

5326ওহাব ইবন বয়ান (রহঃ) ... আবদুল্লাহ ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এক ব্যক্তি গর্বভরে স্বীয় পরিধেয় লুঙ্গি বা পায়জামা হেঁচড়িয়ে চলতো। সে কিয়ামত পর্যন্ত মাটির মধ্যে ধসতে থাকবে।

5327কুতায়বা ইবন সাঈদ ও ইসমাঈল ইবন মাসউদ (রহঃ) ... আবদুল্লাহ্ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি গর্বভরে স্বীয় কাপড় মাটিতে হেঁচড়িয়ে চলে, কিয়ামতের দিন। আল্লাহ্ তার দিকে দৃষ্টিপাত করবেন না।

5328মুহাম্মদ ইবন আবদুল আ'লা (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি গর্বভরে নিজের কাপড় মাটিতে হেঁচড়িয়ে চলে আল্লাহ্ পাক কিয়ামতের দিন তার প্রতি দৃষ্টিপাত করবেন না।

5329ইসহাক ইবন ইবরাহীম ও মুহাম্মদ ইবন কুদামা (রহঃ) ... হুযায়ফা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ লুঙ্গি, পায়জামা ইত্যাদি পায়ে গোছার মধ্যবর্তী স্থান পর্যন্ত থাকা উচিত যেখানে মাংসপেশী অবস্থিত। যদি তা পছন্দ না হয়, তবে আরো কিছু নিচে পরতে পার। যদি আরও নিচু করতে ইচ্ছা কর, তবে পায়ের গোছার নিচে পরবে, কিন্তু গিরার নিম্নাংশের লুঙ্গি পাওয়ার কোন অধিকার নেই।

5330ইসমাঈল ইবন মাসউদ (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ লুঙ্গি ইত্যাদির যে অংশ গিরার নিচে থাকবে, তা দোযখে যাবে।

5331মাহমূদ ইবন গায়লান (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেনঃ ইযার বা লুঙ্গির যে অংশ গিরার নিচে থাকবে, তা দোযখে অবস্থান করবে।

5332মুহাম্মাদ ইবন আবদুল্লাহ (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ইযার বা লুঙ্গি ইত্যাদি যে ব্যক্তি নিচে ঝুলিয়ে পরিধান করে, তার প্রতি আল্লাহ্ তাআলা রহমতের দৃষ্টি নিক্ষেপ করবেন না।

5333বিশর ইবন খালিদ (রহঃ) ... আবূ যর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কিয়ামতের দিন তিন প্রকার ব্যক্তির সাথে আল্লাহ্ তা'আলা কথা বলবেন না এবং তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না, বরং তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি। তাদের একজন ঐ ব্যক্তি, যে দান করে পরে খোঁটা দেয়; দ্বিতীয় ব্যক্তি, যে ইযার বা লুঙ্গি ইত্যাদি লটকিয়ে চলে; তৃতীয় ব্যক্তি যে মিথ্যা শপথ দ্বারা পণ্য চালায়।

5334মুহাম্মাদ ইবন রাফে' (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ইযার, জামা পাগড়ি ইত্যাদির যে কোন একটি যে ব্যক্তি-অহংকারভরে ঝুলায়, তার প্রতি আল্লাহ্ তাআলা কিয়ামতের দিন দৃষ্টিপাত করবেন না।

5335আলী ইবন হুজর (রহঃ) ... সালিম (রহঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি গর্বভরে তার কাপড় ঝুলিয়ে পরবে, কিয়ামতের দিন আল্লাহ্ তাআলা তার প্রতি দৃষ্টিপাত করবেন না। তখন আবূ বকর (রাঃ) বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! অসতর্কাবস্থায় আমার ইযারের একদিক লম্বা হয়ে যায়। কিন্তু সতর্ক হলে বোধহয় এরূপ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যারা গর্বভরে এরূপ করে, আপনি তাদের অন্তর্ভুক্ত নন।

5336নূহ ইবন হাবীব (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি গর্বভরে নিজের কাপড় হেঁচড়িয়ে চলে, আল্লাহ্ তা'আলা তার প্রতি দৃষ্টি নিক্ষেপ করবেন না। উম্মে সালামা (রাঃ) বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! নারীরা তাদের কাপড়ের নিম্নাংশ কিভাবে রাখবে? তিনি বললেনঃ তারা তা এক বিঘত লম্বা করে দিবে। বর্ণনাকারী বলেন, উম্মে সালামা (রাঃ) বললেনঃ তা হলে তোমরা তাদের পা খুলে যাবে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তাহলে তারা তা একহাত লম্বা করবে, এর উপর যেন তারা লম্বা না করে।

5337আব্বাস ইবন ওলীদ ইবন মিযয়াদ (রহঃ) ... উম্মে সালামা (রাঃ) হতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে নারীদের আঁচল সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি বললেনঃ তারা তা অর্ধহাত লম্বা করবে। উম্মে সালামা (রাঃ) বললেনঃ তবে তো পা খুলে যাবে। তিনি বললেনঃ তা হলে একহাত লম্বা করবে, তার চেয়ে লম্বা করবে না।

5338আবদুল জব্বার ইবন আলা ইবন আবদুল জব্বার (রহঃ) ... উম্মে সালামা (রাঃ) হতে বর্ণিত, ইযার বা লুঙ্গি ইত্যাদি সম্পর্কে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা বলার পর উম্মে সালামা (রাঃ) জিজ্ঞাসা করলেনছ নারীরা কী করবে? তিনি বললেনঃ তারা আধহাত লম্বা করবে। উম্মে সালামা (রাঃ) বললেনঃ তখনও তো তাদের পা প্রকাশিত হয়ে পড়বে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তাহলে তারা একহাত ঝুলাবে, এর উপর বাড়াবে না।

5339মুহাম্মদ ইবন আবদুল আ'লা (রহঃ) ... উম্মে সালামা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করা হলো নারীরা তাদের আঁচল কতটুকু নীচু করবে? তিনি বললেনঃ তারা আধহাত লম্বা করবে। উম্মে সালামা (রাঃ) বললেনঃ তখন তো তাদের পা খুলে যাবে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তবে তারা একহাত লম্বা করবে কিন্তু এর উপর বাড়াবে না।

5340কুতায়বা (রহঃ) ... আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশতিমালুস-সাম্মা অর্থাৎ এক কাপড়ে এমনভাবে শরীর জড়াতে নিষেধ করেছেন যে, তার একদিক কাঁধের উপর ফেলে রাখা হবে এবং একই কাপড়ে পিঠ ও হাঁটু আবৃত করে এমনভাবে বসতে নিষেধ করেছেন, যাতে ঐ কাপড়ের কিছুমাত্র লজ্জাস্থানের উপর না থাকে।

5341হুসায়ন ইবন হুরায়স (রহঃ) ... আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশতিমালুম-সাম্মা পদ্ধতিতে কাপড় পরতে এবং একই কাপড়ে পিঠ, হাঁটু ইত্যাদি আবৃত করে এমনভাবে বসতে নিষেধ করেছেন, যাতে ঐ কাপড় কিছুমাত্র লজ্জাস্থানের উপর না থাকে।

5342কুতায়বা (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশতিমালুস সাম্মা পদ্ধতিতে কাপড় পরতে এবং একই কাপড়ে ইহতিবা অর্থাৎ পিঠ, হাঁটু জড়িয়ে বসতে নিষেধ করেছেন।

5343আবদুল্লাহ্ ইবন মুহাম্মদ (রহঃ) ... আমর ইবন হুরায়স (রহঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথায় ছাইরঙা পাগড়ি দেখেছি।

5344কুতায়বা (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন মক্কায় ইহরাম ব্যতীত প্রবেশ করলেন, তখন তাঁর মাথায় কালো পাগড়ি শোভা পাচ্ছিল।

5345আমর ইবন মানসূর (রহঃ) ... জাবির (রাঃ) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন মক্কায় প্রবেশ করেন, তখন তাঁর মাথায় কালো পাগড়ি ছিল।

5346মুহাম্মাদ ইবন আবান (রহঃ) ... জা'ফার ইবন আমর ইবন উমাইয়া (রহঃ) বলেন, তাঁর পিতা বলেছেন, আমি যেন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে কালো পাগড়ি পরিহিত অবস্থায় মিম্বরের উপর দেখছি, যার প্রান্তদেশ তাঁর স্কন্ধদ্বয়ের মাঝখানে লটকানো রয়েছে।

5347কুতায়বা (রহঃ) ... আবূ তালহা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ফেরেশতা ঐ ঘরে প্রবেশ করে না, যে ঘরে কুকুর অথবা ছবি থাকে।

5348মুহাম্মদ ইবন আবদুল মালিক ইবন আবুশ শাওয়ারিব (রহঃ) ... আবু তালহা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ ফেরেশতা ঐ ঘরে প্রবেশ করে না, যে ঘরে কুকুর অথবা ভাস্কর্য থাকে।

5349আলী ইবন শুআয়ব (রহঃ) ... উবায়দুল্লাহ্ ইবন আবদুল্লাহ্ (রহঃ) থেকে বর্ণিত। তিনি আবূ তালহা আনসারী (রাঃ)-কে তাঁর রুগ্নাবস্থায় দেখতে গেলে তাঁর নিকট সাহল ইবন হুনায়ফকে দেখতে পান। আবু তালহা (রাঃ) এক ব্যক্তিকে তাঁর নিচ থেকে বিছানা বের করে ফেলতে আদেশ করলেন। তখন সাহল (রাঃ) তাঁকে বললেনঃ কেন বের করবেন? তিনি বললেনঃ কেননা তাতে ছবি রয়েছে। এ ব্যাপারে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, তা তো তুমি জান। সাহল বললেন, তিনি কি বলেন নি যে, কাপড়ে নকশারূপে থাকলে কোন ক্ষতি নেই? আবু তালহা (রাঃ) উত্তর করলেনঃ হ্যাঁ, কিন্তু আমার মনের জন্য এটাই বেশি স্বস্তিকর।

5350ঈসা ইবন হাম্মাদ (রহঃ) ... আবু তালহা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ঘরে ছবি থাকে, সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না। হাদীস বর্ণনাকারী বুসর (রাঃ) বলেন, যায়দ ইবন খালিদ অসুস্থ হলে আমরা তাঁকে দেখতে গেলাম। আমরা তাঁর দরজায় একখানা পর্দা লটকানো দেখলাম, যাতে ছবি রয়েছে। আমি উবায়দুল্লাহ খাওলানীকে বললামঃ যায়দ (রাঃ)-কে আমাদের গতকাল ছবি সম্বন্ধে সংবাদ দেননি? উবায়দুল্লাহ্ (রাঃ) বললেনঃ তুমি কি শোননি? তিনি এও বলেছেন যে, কাপড়ে নকশারূপে থাকলে কোন ক্ষতি নেই?

5351মাসউদ ইবন জুওয়ায়রিয়া (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি কিছু খাদ্য প্রস্তুত করে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দাওয়াত দিলাম। তিনি এসে ঘরে প্রবেশ করে একখানা এমন পর্দা দেখলেন, যাতে ছবি ছিল। তিনি বের হয়ে বললেনঃ ফেরেশতা ঐ ঘরে প্রবেশ করে না, যে ঘরে ছবি থাকে।

5352ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। একদা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে গেলেন। তারপর আবার প্রবেশ করলেন। আমি একটি পর্দা লটকিয়ে রেখেছিলাম, যাতে ডানাবিশিষ্ট ঘোড়ার ছবি ছিল। তিনি তা দেখে বললেনঃ তুমি এটা খুলে ফেল।

5353মুহাম্মদ ইবন আবদুল্লাহ ইবন বাযী (রহঃ) ... উম্মুল মু'মিনীন আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার একখানা পর্দার কাপড় ছিল, যাতে ছিল পাখির ছবি। কেউ ঘরে ঢোকার সময় তা তার সামনে পড়তো। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হে আয়েশা! তুমি এটা উল্টিয়ে দাও। কেননা যখন আমি ঘরে প্রবেশ করি, তখন তা (মার্কা) দেখলে, দুনিয়া আমার স্মরণে এসে পড়ে। তিনি আরো বলেনঃ আমাদের আর একখানা চাদর ছিল, যাতে পণ্যচিহ্ন অঙ্কিত ছিল, আমরা তা পরতাম। তাই তা কাটি নি।

5354মুহাম্মাদ ইবন আবদুল আ'লা (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার ঘরে একখানা কাপড় ছিল, যাতে ছিল অনেক ছবি। আমি তা ঘরের চেরাগদানের উপর লটকিয়ে রেখেছিলাম। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দিকে ফিরে নামায পড়তেন। তিনি বললেনঃ হে আয়েশা! তুমি এটা আমার সামনে থেকে সরিয়ে ফেল। আমি তা সরিয়ে ফেলি এবং তা দিয়ে বালিশ বানাই।

5355ওহাব ইবন বয়ান (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি একখানা পর্দা ঝুলিয়েছেন, যাতে ছবি ছিল। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করে তা খুলে ফেললেন। তিনি তা খণ্ডিত করে দুইটি বালিশ বানান। ঐ মজলিসের রবীআ ইবন আতা নামক এক ব্যক্তি বলে উঠলোঃ আমি আবু মুহাম্মদ অর্থাৎ কাসিমকে বলতে শুনেছি, আয়েশা (রাঃ) বলেছেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে হেলান দিতেন।

5356কুতায়বা (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সফর শেষে তশরীফ আনলেন। আমি চেরাগদানে একটি পর্দা ঝুলিয়েছিলাম। যাতে ছবি অঙ্কিত ছিল। তিনি সেটি খুলে ফেলে বললেনঃ কিয়ামতের দিন সর্বাধিক আযাব হবে তাদের, যারা আল্লাহর সৃষ্টবস্তুর ছবি অঙ্কন করে।

5357ইসহাক ইবন ইব্রাহীম ও কুতায়বা ইবন সাঈদ (রহঃ) ... উম্মুল মুমিনীন আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট আগমন করলেন। আমি ছবিযুক্ত একটি পর্দা ঝুলিয়ে রেখেছিলাম। তা দেখার পর তাঁর চেহারার রং পরিবর্তিত হলো। তিনি নিজ হাতে সেটি ছিড়ে ফেললেন এবং বললেনঃ কিয়ামতের দিন সর্বাধিক আযাব ঐ ব্যক্তিদের হবে, যারা আল্লাহর সৃষ্টির অনুরূপ ছবি অঙ্কন করে।

5358আমর ইবন আলী (রহঃ) ... নাযর ইবন আনাস (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবন আব্বাস (রাঃ)-এর নিকট উপবিষ্ট ছিলাম। এ সময় ইরাকের এক ব্যক্তি তাঁর নিকট এসে বললোঃ আমি এরূপ ছবি অঙ্কন করে থাকি, আপনি এ ব্যাপারে কী বলেন? তিনি বললেনঃ নিকটে এসো, নিকটে এসো। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি পৃথিবীতে কোন ছবি অঙ্কন করবে, কিয়ামতের দিন তাকে ঐ ছবিতে প্রাণ সঞ্চার করতে বলা হবে কিন্তু সে তাতে প্রাণ সঞ্চার করতে সক্ষম হবে না।

5359কুতায়বা (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি কোন ছবি অঙ্কন করবে, তাকে শাস্তি দেওয়া হবে, যতক্ষণ না সে তাতে প্রাণ সঞ্চার করবে; অথচ সে তাতে প্রাণ দিতে সক্ষম হবে না।

5360আমর ইবন আলী (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি ছবি অঙ্কন করবে, তাকে শাস্তি দেওয়া হবে, যে পর্যন্ত না সে তাতে প্রাণ সঞ্চার করবে; অথচ সে তাতে প্রাণ দিতে সক্ষম হবে না।

5361কুতায়বা (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ছবি তৈরিকারী লোকদেরকে কিয়ামতের দিন শাস্তি দেওয়া হবে। তাদেরকে বলা হবে, তোমরা যা তৈরি করেছ, তাতে জীবন দান কর।

5362কুতায়বা (রহঃ) ... নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এ সকল ছবি অঙ্কনকারীকে কিয়ামতের দিন শাস্তি দেওয়া হবে। তাদেরকে বলা হবে, তোমরা যা তৈরি করেছ, তাতে প্রাণ দান কর।

5363কুতায়বা (রহঃ) ... উম্মুল মু'মিনীন আয়েশা (রাঃ) বলেছেন, কিয়ামতের দিন সর্বাপেক্ষা কঠিন শাস্তি ঐ লোকদের হবে, যারা সৃষ্টিকার্যে আল্লাহর অনুকরণ করে।

5364আহমাদ ইবন হারব ও মুহাম্মাদ ইবন ইয়াহইয়া ইবন মুহাম্মাদ (রহঃ) ... আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কিয়ামতের দিন ছবি তৈরিকারীরা সর্বাধিক শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে।

5365হান্নাদ ইবন সারী (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার জিবরীল (আঃ) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট প্রবেশের অনুমতি প্রার্থনা করলে তিনি বললেনঃ আসুন! জিবরীল (আঃ) বললেনঃ আমি কি করে প্রবেশ করবো, আপনার ঘরে এমন পর্দা লটকানো রয়েছে, যাতে ছবি রয়েছে। হয় আপনি তাদের মাথা কেটে ফেলুন, না হয় তা দিয়ে বিছানা বানান, যাতে পদদলিত হয়। কেননা আমরা ফেরেশতাগণ এমন ঘরে প্রবেশ করি না, যাতে ছবি রয়েছে।

5366হাসান ইবন কাযা'আ (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের গায়ে দেওয়ার চাদরে নামায পড়তেন না।

5367মুহাম্মাদ ইবন মা'মার (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জুতায় দুইটি ফিতা ছিল।

5368আমর ইবন আলী (রহঃ) ... আমর ইবন আউস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জুতায় দুইটি ফিতা ছিল।

5369ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন তোমাদের কারো জুতার একটি ফিতা ছিড়ে যায়, তখন সে যেন তা মেরামত না করা পর্যন্ত এক জুতা পায়ে দিয়ে না হাঁটে।

5370ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আবূ রযীন (রহঃ) বলেন, আমি আবূ হুরায়রা (রাঃ)-কে দেখেছি, তিনি তাঁর ললাটে হাত মেরে বলছেন, হে ইরাকের অধিবাসীবৃন্দ! তোমরা কি ধারণা কর যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে মিথ্যা কথা বলবাে? আমি সাক্ষ্য দিচ্ছি যে, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ তোমাদের কারো জুতার ফিতা ছিড়ে গেলে সে তা মেরামত করা না পর্যন্ত যেন এক জুতা পরে না চলে।

5371মুহাম্মাদ ইবন মু'আম্মার (রহঃ) ... আনাস ইবন মালিক (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা চামড়ায় শুলেন। তিনি ঘর্মাক্ত হলে উম্মে সুলায়ম গিয়ে তাঁর ঘাম মুছে একটি শিশিতে রাখলেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসা করলেনঃ হে উম্মে সুলায়ম? তুমি এটা কি করছাে? তিনি বললেনঃ আমি আপনার এই ঘাম আমার সুগন্ধির সাথে মিশ্রিত করবো। তা শুনে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন।

5372মুহাম্মাদ ইবন কুদামা (রহঃ) ... সামুরা ইবন সাহম (রাঃ) থেকে বর্ণিত যে, আমি আবূ হাশিম ইবন উৎবা (রাঃ)-এর নিকট গেলাম, তখন তিনি প্লেগে আক্রান্ত ছিলেন। মু'আবিয়া (রাঃ) তাঁকে দেখতে আসলেন। তখন আবু হাশিম কাঁদতে লাগলেন। মু'আবিয়া (রাঃ) তাঁকে বললেনঃ তুমি কাঁদছাে কেন? তোমার কি কোন ব্যথার যন্ত্রণা, না তুমি দুনিয়ার জন্য কাঁদছাে? পার্থিব আনন্দের দিন তো তোমার কেটে গেছে। তিনি বললেনঃ এর কোনটাই নয়। কিন্তু রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি উপদেশ দান করেছিলেন, আমি যদি তা পালন করতাম! তিনি বলেছিলেন, যখন তুমি গনীমতের মাল লোকদের মাঝে বন্টন হতে দেখবে, তখন তা হতে তোমার জন্য একটি খাদিম এবং আল্লাহর রাস্তায় যাওয়ার একটি বাহনই যথেষ্ট মনে করবে। কিন্তু আমি মাল পেয়ে তা জমা করেছি।

5373ইমরান ইবন ইয়াযীদ (রহঃ) ... আবু উমামা ইবন সাহল (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তলোয়ারের হাতলের প্রান্তদেশ ছিল রূপার।

5374আবূ দাঊদ (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তলোয়ারের খাপের নিম্নাংশ ছিল রূপার, আর তাঁর তলোয়ারের হাতলের প্রান্তদেশ ছিল রূপার এবং তার মাঝখানে ছিল রূপার কড়া।

5375কুতায়বা (রহঃ) ... সাঈদ ইবন আবুল হাসান (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তলোয়ারের হাতলের প্রান্তদেশ ছিল রূপার।

5376মুহাম্মদ ইবন ‘আলা (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেনঃ বল, হে আল্লাহ্! আমাকে সঠিক পথে চালাও এবং আমাকে সরল পথ প্রদর্শন কর। আর তিনি আমাকে মায়াসিরের উপর বসতে নিষেধ করেছেন। মায়াসির এক প্রকার রেশমী চাদর, যা নারীরা তাদের স্বামীদের জন্য তৈরি করতো, যেন তারা তা হাওদার উপর রেখে বসতে পারে, ডোরাদার লাল চাদরের ন্যায়।

5377ইয়াকূব ইবন ইবরাহীম (রহঃ) ... হুমায়দ ইবন হিলাল (রহঃ) থেকে বর্ণিত যে, আবু রিফাআ (রাঃ) বলেছেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হলাম। তখন তিনি খুতবা দিচ্ছিলেন। আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! একজন মুসাফির এসেছে এবং সে তার দীন সম্বন্ধে জিজ্ঞাসা করছে। সে জানে না তার দীন কি? তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ করে আমার দিকে এগিয়ে আসলেন। একখানা চেয়ার আনা হলো, আমার যতটুকু মনে পড়ে, তার পায়াসমূহ ছিল লোহার। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর উপবেশন করলেন। তারপর তিনি আমাকে শিক্ষা দিতে লাগলেন, আল্লাহ্ তা'আলা তাকে যা শিক্ষা দেন তা হতে। এরপর তিনি খুতবায় ফিরে গেলেন এবং তা শেষ করলেন।

5378আবদুর রহমান ইবন মুহাম্মদ ইবন সাল্লাম (রহঃ) ... আবূ জুহায়ফা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা বাহা নামক স্থানে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ছিলাম, তখন তিনি একটি লালবর্ণের তাবুতে ছিলেন এবং তাঁর নিকট অল্পসংখ্যক লোকই ছিল। এ সময় বিলাল (রাঃ) এসে আযান দিলেন। তিনি ডানে ও বামে তাঁর মুখ ফেরাচ্ছিলেন।

উৎস: Sunan an Nasai

WEBREATH · 11:11

«Should I not be a thankful servant?» — Sahih al-Bukhari

Breath is one for all: everyone lives by it, whoever they are and whatever they believe. Every day at 11:11 local time people stop for sixty seconds, breathe, and thank GOD for the breath — each in their own words, each within themselves. In that minute we are One Breath.

WEBREATH — the Minute at 11:11, your own local time — we are One Breath