সুনানে নাসায়ী 46 · The Book of Cutting off the Hand of the Thief
আপনার ভাষায় এখনো কোনো অনুবাদ নেই — ইংরেজি দেখাচ্ছে
4870রবী' ইবন সুলায়মান (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ যখন কোন ব্যভিচারী ব্যভিচার করে, তখন সে মুমিন অবস্থায় ব্যভিচার করে না, যখন চোর চুরি করে, তখন সে মুমিন অবস্থায় চুরি করে না, যখন কোন মদ্যপায়ী মদ পান করে, তখন সে মুমিন অবস্থায় মদপান করে না, আর যখন কোন ডাকাত লোকচক্ষুর সামনে ডাকাতি করে, তখনও সে মুমিন অবস্থায় ডাকাতি করে না।
4871মুহাম্মাদ ইবন মুসান্না ও আহমাদ ইবন সায়্যার (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ যখন ব্যভিচারী ব্যভিচার করে, তখন সে মুমিন অবস্থায় ব্যভিচার করে না, আর যখন চোর চুরি করে, তখন সে মুমিন অবস্থায় চুরি করে না, আর যখন মদ পান করে, তখন সে মুমিন অবস্থায় মদপান করে না। এরপরও তওবার সুযোগ রাখা হয়েছে।
4872মুহাম্মাদ ইবন ইয়াহইয়া মারওয়াযী আবূ আলী (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যখন কোন ব্যভিচারী ব্যভিচারে লিপ্ত হয় তখন সে মুমিন অবস্থায় ব্যভিচার করে না; আর কেউ মুমিন অবস্থায় চুরি করে না এবং মুমিন অবস্থায় মদপান করে না। বর্ণনাকারী বলেন, তিনি চতুর্থ একটি কথা বলেন, যা আমি ভুলে গিয়েছি। যখন সে এসব গুনাহে লিপ্ত হয়, তখন সে তার ঘাড় হতে ইসলামের বন্ধন খুলে ফেলে। যদি তওবা করে, তবে আল্লাহ্ তার তওবা কবুল করেন।
4873মুহাম্মাদ ইবন আবদুল্লাহ ইবন মুবারাক মুখাররামী (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সেই চোরের উপর আল্লাহর লানত, যে একটি ডিম চুরি করে, যার বিনিময়ে তার হাত কাটা যায় এবং একটি রশি চুরি করে, আর তার হাত কাটা হয়।
4874ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... নু'মান ইবন বাশীর (রাঃ) থেকে বর্ণিত। কয়েকজন কালায়ী গোত্রের লোক তার নিকট এসে বললোঃ কতিপয় তাঁতী আমাদের মালপত্র চুরি করেছে। তিনি কয়েকদিন তাদেরকে বন্দি করে রেখে ছেড়ে দেন। কালায়ী লোকেরা তাঁর নিকট এসে বললোঃ আপনি ঐ সকল লোককে কোন প্রকার শাস্তি বা পরীক্ষা না করে ছেড়ে দিলেন? নুমান (রাঃ) বললেনঃ তোমরা কী চাও? তোমরা চাইলে আমি তাদের মারব। তারপর যদি তোমাদের মাল তাদের নিকট পাওয়া যায়, তবে তোমরা ভাল, আর তা না হলে, আমি তোমাদের পিঠ থেকে তার প্রতিশোকরধ নেব! তারা বললোঃ এটা কি আপনার আদেশ? তিনি বললেনঃ এটা আল্লাহ্ এবং তাঁর রাসূল এর হুকুম।
4875আব্দুর রহমান ইবন মুহাম্মাদ ইবন সাল্লাম (রহঃ) ... বাহয ইবন হাকীম (রহঃ) তার পিতার মাধ্যমে তাঁর দাদা হতে বর্ণনা করেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগের ভিত্তিতে কোন কোন লোককে বন্দী করেন।
4876আলী ইবন সাঈদ ইবন মাসরুক (রহঃ) ... বাহয ইবন হাকীম (রহঃ) তাঁর পিতার মাধ্যমে তাঁর দাদা হতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে অভিযোগের ভিত্তিতে বন্দী করে পরে তাকে ছেড়ে দেন।
4877সুওয়ায়দ ইবন নাসর (রহঃ) ... আবূ উমায়য়া মাখযূমী (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এমন এক চোরকে উপস্থিত করা হয় যে তার অপরাধ স্বীকার করে, কিন্তু তার নিকট কোন মাল পাওয়া যায়নি। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমি তো মনে করি না যে, তুমি চুরি করেছে। সে বললোঃ নিশ্চয়ই (করেছি)। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এই ব্যক্তিকে নিয়ে যাও এবং তার হাত কেটে দাও, পরে আমার নিকট নিয়ে এসো। লোকেরা তাকে নিয়ে গিয়ে হাত কেটে দিল এবং আবার নিয়ে আসলো। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তুমি বল, আমি আল্লাহর নিকট ক্ষমা চাচ্ছি এবং তওবা করছি। সে ব্যক্তি বললোঃ আমি আল্লাহর নিকট ক্ষমা চাচ্ছি এবং তওবা করছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হে আল্লাহ্! তাকে ক্ষমা করুন।
4878হিলাল ইবন, আলা (রহঃ) ... সাফওয়ান ইবন উমাইয়া (রাঃ) থেকে বর্ণিত, এক ব্যক্তি তাঁর চাদর চুরি করলে তিনি চোরকে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট নিয়ে আসলেন। তিনি তার হাত কাটার আদেশ দিলেন। তখন সাফওয়ান বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমি তাকে ক্ষমা করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হে আবু ওয়াহাব! আমার নিকট আনার পূর্বে তুমি কেন তাকে ক্ষমা করলে না? রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় তার হাত কেটে দিলেন।
4879আবদুল্লাহ ইবন আহমদ ইবন মুহাম্মদ ইবন হাম্বল (রহঃ) ... সাফওয়ান ইবন উমাইয়া (রাঃ) থেকে বর্ণিত, এক ব্যক্তি তাঁর চাদর চুরি করলে তিনি চোরকে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট নিয়ে আসেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত কাটার আদেশ দিলেন। সাফওয়ান বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! আমি তাকে ক্ষমা করে দিলাম। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হে আবু ওয়াহাব ! তুমি এখানে আনার পূর্বে কেন তাকে ক্ষমা করলে না? তিনি তার হাত কেটে দিলেন।
4880মুহাম্মাদ ইবন হাতিম ইবন নু'আয়ম (রহঃ) ... আতা ইবন আবু রাবাহ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি কাপড় চুরি করে। তাকে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আনা হলে তিনি তার হাত কাটার আদেশ দেন। তখন ঐ ব্যক্তি বললোঃ ইয়া রাসূলাল্লাহ্! আমি তাকে এটা দিয়ে দিলাম। তিনি বললেনঃ এর আগে কেন দিলে না?
4881হিলাল ইবন ‘আলা (রহঃ) ... সাফওয়ান ইবন উমাইয়া (রাঃ) থেকে বর্ণিত, তিনি কা'বা শরীফ তওয়াফ করলেন ও সালাত আদায় করলেন। তারপর তিনি তার চাদর ভাঁজ করে মাথার নিচে রেখে শুয়ে পড়লেন। চোর এসে চাদর টান দিলে তিনি চোরকে ধরে ফেললেন এবং তাকে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট নিয়ে আসলেন এবং বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! এই ব্যক্তি আমার চাদর চুরি করেছে। তিনি চোরকে জিজ্ঞাসা করলেনঃ তুমি কি চাদর চুরি করেছ? সে বললোঃ হ্যাঁ। তিনি বললেনঃ একে নিয়ে যাও এবং তার হাত কেটে দাও। তখন সাফওয়ান বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! আমার এই নিয়্যত ছিল না যে, মাত্র একটি চাদরের জন্য তার হাত কাটা যাবে। রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমার নিকট বিচার আনার পূর্বে যদি তুমি ক্ষমা করতে, তবে হতো, এখন আর হবে না।
4882মুহাম্মদ ইবন হিশাম (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সাফওয়ান তাঁর চাদর মাথার নিচে রেখে নিদ্রা গেলেন। এক ব্যক্তি তা চুরি করলো, সাফওয়ান, উঠে দেখেন চোর তা নিয়ে উধাও হচ্ছে। তিনি দৌড় দিয়ে চোরকে ধরে ফেললেন। তারপর তাকে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট নিয়ে আসলেন। তিনি তার হাত কাটার আদেশ দিলেন। সাফওয়ান বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! আমার চাদর এমন নয় যে, এর বিনিময়ে একজনের হাত কাটা যেতে পারে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ একথা আগে কেন মনে করনি?
4883আহমদ ইবন উসমান ইবন হাকীম (রহঃ) ... সাফওয়ান ইবন উমাইয়া (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মসজিদে আমার একটি চাদরের উপর নিদ্রিত ছিলাম, যার মূল্য ত্রিশ দিরহাম হবে। এক ব্যক্তি এসে তা উঠিয়ে নিয়ে যায় এবং পরে সে ধরা পড়ে। তাকে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত করা হলে তিনি তার হাত কাটার আদেশ করলেন। আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! ত্রিশ দিরহামের পরিবর্তে আপনি তার হাত কাটার আদেশ দিলেন? আমি চাদর তার নিকট বিক্রি করছি আর এর মূল্য তার নিকট বাকি রাখছি। তিনি বললেনঃ আমার নিকট আনার পূর্বে তুমি কেন এরূপ করলে না?
4884মুহাম্মদ ইবন আবদুল্লাহ্ ইবন আবদুর রহীম (রহঃ) ... সাফওয়ান ইবন উমাইয়া (রাঃ) থেকে বর্ণিত, তাঁর একখানা চাদর মাথার নিচ হতে চুরি হয়ে গেল। তিনি মসজিদে নববীতে নিদ্রিত ছিলেন। তিনি চোরকে ধরে ফেললেন। তারপর তাকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত হলেন। তিনি তার হাত কাটার আদেশ করলেন। তখন সাফওয়ান বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি তার হাত কাটবেন? রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তবে তুমি আমার কাছে আনার আগে তাকে ছেড়ে দিলে না কেন?
4885মুহাম্মদ ইবন হাশিম (রহঃ) ... আমর ইবন শুআয়ব (রহঃ) তাঁর পিতার মাধ্যমে তাঁর দাদা হতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বলেছেনঃ কোন অপরাধীকে আমার নিকট আনার পূর্বে ক্ষমা করে দেবে। যখন আমার নিকট কোন মোকদ্দমা উপস্থিত হয়, তখন শাস্তি অবধারিত হয়ে যায়।
4886হারিস ইবন মিসকীন (রহঃ) ... আবদুল্লাহ ইবন আমর (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দণ্ডনীয় অপরাধসমূহ (বিচারকের নিকট আসার পূর্বে নিজেদের মধ্যে ক্ষমা করে দেবে। কেননা কোন বিচার আমার নিকট এলে শাস্তি অবধারিত হয়।)
4887মাহমূদ ইবন গায়লান (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত, মাখযূম গোত্রের এক নারী লোকদের থেকে ধারে মালপত্র নিত, পরে সে অস্বীকার করতো। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত কাটার আদেশ দেন।
4888ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মাখযূম গোত্রের এক মহিলা তার পড়শী মহিলাদের সাক্ষ্যের ভিত্তিতে জিনিসপত্র ধার নিত। পরে সে তা অস্বীকার করতো। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কারণে তার হাত কাটার আদেশ দেন।
4889উসমান ইবন আবদুল্লাহ (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। এক নারী লোকদের থেকে অলঙ্কার ধার করতো এবং নিজের কাছে রেখে দিত। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এই নারীর উচিত আল্লাহ্ এবং তাঁর রাসূল এর নিকট তওবা করা। এরপর তিনি বললেনঃ হে বিলাল! ওঠো এবং এই মহিলার হাত ধরে কেটে ফেল।
4890মুহাম্মাদ ইবন খলীল (রহঃ) ... নাফি' (রহঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে এক নারী অলঙ্কার ধার করত। একবার সে একটি অলংকার ধার করল। তারপর সেটি রেখে দিল। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এই মহিলা তওবা করুক এবং তার নিকট যা আছে তা তাকে ফেরৎ দিক। তিনি কয়েকবার এরূপ বললেন কিন্তু সেই মহিলা তা মান্য না করায় তিনি তার হাত কাটার আদেশ দেন।
4891মুহাম্মদ ইবন মা'দান ইবন ঈসা (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত, মাখযুম গোত্রের এক নারী চুরি করলে তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে উপস্থিত করা হল। সে উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাঃ)-এর নিকট আশ্রয় নিল। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এ যদি মুহাম্মদের মেয়ে ফাতিমা হত, তবুও তার হাত কাটার আদেশ দিতাম। সুতরাং তার হাত কাটা হল।
4892মুহাম্মাদ ইবন মুসান্না (রহঃ) ... সাঈদ ইবন মুসাইয়্যাব (রহঃ) থেকে বর্ণিত, মাখযূম গোত্রের এক নারী লোক মারফত ধারে অলঙ্কার এনে নিজের কাছে রেখে দিল এবং অস্বীকার করলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত কাটার আদেশ দেন।
4893মুহাম্মদ ইবন মুসান্না (রহঃ) ... সাঈদ ইবন মুসাইয়্যাব (রহঃ) হতে অনুরূপ হাদীস বর্ণিত রয়েছে।
4894ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... সুফয়ান (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মাখযুম গোত্রের এক নারী লোকদের নিকট হতে জিনিসপত্র ধার করত এবং পরে তা অস্বীকার করতো। তাকে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পেশ করা হল এবং তার বিষয়ে কথা বলা হল। তিনি বললেনঃ যদি ফাতিমা (রাঃ)-ও হতো, তা হলে তার হাত কেটে দিতাম। সুফয়ানকে জিজ্ঞেস করা হল, এটা কে বর্ণনা করেছেন? তিনি বললেন, আইয়ুব ইবন মূসা (রহঃ) যুহরী (রহঃ) হতে, তিনি উরওয়া হতে এবং তিনি আয়েশা (রাঃ) হতে।
4895মুহাম্মদ ইবন মানসূর (রহঃ) ... আইয়ুব ইবন মূসা যুহরী হতে, তিনি উরওয়া হতে এবং তিনি আয়েশা (রাঃ) থেকে। এক নারী চুরি করলে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট নিয়ে আসা হল। লোকেরা বললো, এরজন্য রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উসামা ইবন যায়দ ব্যতীত কে সুপারিশ করতে পারবে? তারা এই ব্যাপারে উসামা (রাঃ)-কে বললো। উসামা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আরয করলে তিনি বললেনঃ হে উসামা! বনী ইসরাঈল এ জন্যই ধ্বংস হয়েছে যে, তাদের মধ্যে যদি কোন আমীর লোক কোন অপরাধ করতো, তারা তাকে ছেড়ে দিত, শাস্তি দিত না। আর যখন কোন গরীব লোক কোন অপরাধ করতো, তখন তারা তাকে শাস্তি দিত। যদি ফাতিমা বিনতে মুহাম্মদও এই অপরাধ করতো, তবুও আমি তার হাত কাটার আদেশ দিতাম।
4896রিযকুল্লাহ্ ইবন মূসা (রহঃ) ... আইয়ূব ইবন মূসা যুহরী হতে, তিনি উরওয়া হতে এবং তিনি আয়েশা (রাঃ) থেকে,তিনি বলেন,রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এক চোরকে আনা হলে তিনি তার হাত কাটেন। তারা বলল, আমরা চাইনি তার এতটা হোক। তিনি বললেনঃ যদি ফাতিমাও হতো, আমি তারও হাত কাটতাম।
4897আলী ইবন সাঈদ ইবন মাসরুক (রহঃ) ... সুফয়ান যুহরী হতে, তিনি উরওয়া হতে এবং তিনি আয়েশা (রাঃ) হতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে এক নারী চুরি করলো। লোক বললো, আমরা এ ব্যাপারে রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে কথা বলতে পারবাে না। তাঁর প্রিয়পাত্র উসামা ব্যতীত আর কেউ-ই এ ব্যাপারে তাঁর সাথে কথা বলতে পারবে না। উসামা (রাঃ) তাঁর সাথে কথা বললে তিনি বললেনঃ হে উসামা! বনী ইসরাঈল এজন্যই ধ্বংস হয়েছে যে, তাদের কোন সম্মানী ব্যক্তি অপরাধ করলে তারা তাকে ছেড়ে দিত। আর কোন গরীব লোক অপরাধ করলে তারা তাকে হত্যা করতো। যদি ফাতিমা বিনতে মুহাম্মদও হতো, আমি তার হাত কাটতাম।
4898ইমরান ইবন বাক্কার (রহঃ) ... শু'আয়ব যুহরী হতে, তিনি উরওয়া হতে এবং তিনি আয়েশা (রাঃ) থেকে। তিনি বলেন, এক নারী এমন লোকের মারফত অলংকার ধার করতো, যাদেরকে তারা চিনতো, কিন্তু ঐ নারীকে তারা চিনতো না। এরপর সে তা বিক্রি করে মূল্য রেখে দিত। পরে ঐ নারীকে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আনা হলো। তার আত্মীয়গণ উসামা ইবন যায়দকে সুপারিশ করতে বললেন। উসামা (রাঃ) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আরয করলে তাঁর চেহারার রং পরিবর্তিত হয়ে গেল, অথচ উসামা (রাঃ) আরয করতেই থাকলেন। এরপর তিনি বললেনঃ তুমি কি আল্লাহ্ তা'আলার নির্ধারিত শাস্তির বিরুদ্ধে সুপারিশ করছো? উসামা বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন। সেই সন্ধ্যায়ই রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হামদ আদায় করলেন, যেরূপ তাঁর হক আছে। এরপর তিনি বললেনঃ তোমাদের পূর্বেকার লোক এজন্যই ধ্বংস হয়েছে যে, যখন তাদের মধ্যে কোন ধনী লোক চুরি করতো, তখন তারা তাকে ছেড়ে দিত; আর যখন গরীব লোক চুরি করতো, তখন তারা তাকে শাস্তি দিত। ঐ সত্তার কসম! যার হাতে আমার জীবন। যদি ফাতিমা বিনতে মুহাম্মদও চুরি করতো তবে আমি তার হাত কাটার আদেশ দিতাম। পরে ঐ মহিলার হাত কাটা হয়।
4899কুতায়বা (রহঃ) ... লায়স (রহঃ) ইবন শিহাব যুহরী থেকে, তিনি উরওয়া থেকে এবং তিনি আয়েশা (রাঃ) থেকে। কুরায়শরা জনৈক মাখযূমী নারীর ব্যাপারে চিন্তিত হয়ে পড়ে, যে চুরি করেছিল। তারা বললোঃ এর ব্যাপারে কে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে কথা বলবে? তারা আরো বললোঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয়পাত্র উসামা ইবন যায়দ ব্যতীত আর কে এ ব্যাপারে সাহস করবে? সুতরাং উসামা (রাঃ) তাঁর সঙ্গে কথা বললেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তুমি কি আল্লাহ্ তা'আলা কর্তৃক নির্ধারিত হদ্দের ব্যাপারে সুপারিশ করছো? এরপর তিনি দাঁড়িয়ে খুতবা দিলেন। তাতে বললেনঃ তোমাদের পূর্ববর্তী লোকেরা এ কারণেই ধ্বংস হয়েছে যে, তাদের মধ্যে যখন কোন সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করতো, তখন তারা তাকে ছেড়ে দিত। পক্ষান্তরে যদি তাদের কোন দুর্বল লোক যখন চুরি করতো, তারা তার উপর হদ্দ কার্যকর করত। আল্লাহর শপথ! যদি ফাতিমা বিনতে মুহাম্মদও চুরি করতো, তবে আমি তার হাত কেটে দিতাম।
4900আবু বকর ইবন ইসহাক (রহঃ) ... ইসমাঈল ইবন উমায়্যা মুহাম্মাদ ইবন মুসলিম (যুহরী) থেকে, তিনি উরওয়া থেকে এবং তিনি আয়েশা (রাঃ) থেকে। কুরায়শদের মাখযূম গোত্রের এক নারী চুরি করলে তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত করা হলো। তারা বলল, এ ব্যাপারে তাঁর নিকট কে কথা বলবে? তারা বললোঃ উসামা (রাঃ)। উসামা তাঁর নিকট এসে কথা বললে, তিনি তাকে ধমক দিলেন এবং বললেনঃ বনী। ইসরাঈল যখন তাদের মধ্যে কোন ভদ্রলোক চুরি করতো, তখন তারা তাকে ছেড়ে দিত; আর যখন কোন গরীব লোক চুরি করতো, তখন তারা তার হাত কেটে দিত। মুহাম্মদ-এর প্রাণ যার হাতে, তাঁর শপথ! যদি ফাতিমা বিনতে মুহাম্মদও চুরি করতো, আমি তার হাতও কাটার নির্দেশ দিতাম।
4901মুহাম্মদ ইবন জাবালা (রহঃ) ... ইসহাক ইবন রাশিদ যুহরী থেকে, তিনি উরওয়া থেকে এবং তিনি আয়েশা (রাঃ) থেকে। মাখযুম গোত্রীয়া যে নারী চুরি করেছিল, তার ব্যাপারটা কুরায়শকে চিন্তিত করে তুলল (কেননা সে তাদের বংশের ছিল)। তারা বললোঃ এই মামলায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট কে কথা বলবে? লোক বললোঃ এই দুঃসাহস কে করতে পারে, উসামা ব্যতীত, যিনি তাঁর প্রিয় পাত্র। উসামা তাঁর নিকট কথা বললে তিনি বললেনঃ তোমাদের পূর্বের লোকেরা এজন্যই ধ্বংস হয়েছে যে, যখন তাদের কোন মর্যাদাবান লোক চুরি করতো, তারা তাকে ছেড়ে দিত। আর যখন কোন দুর্বল লোক চুরি করতো, তখন তারা তার উপর হদ জারী করতো। আল্লাহর কসম! ফাতিমা বিনতে মুহাম্মদও যদি চুরি করতো, তা হলে আমি তার হাতও কাটার নির্দেশ দিতাম।
4902হারিস ইন মিসকীন (রহঃ) ... ইউনুস (রহঃ) ইবন শিহাব (যুহরী) থেকে, তিনি উরওয়া থেকে এবং তিনি আয়েশা (রাঃ) থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে মক্কা বিজয়ের সময় এক নারী চুরি করলো। লোক তাকে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট নিয়ে আসলো। উসামা (রাঃ) তার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে কথা বললেন। তিনি যখন কথা বললেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা বিবর্ণ হলো। তিনি বললেনঃ হে উসামা! তুমি আল্লাহ তা'আলার নির্ধারিত শাস্তির ব্যাপারে সুপারিশ করছাে? উসামা (রাঃ) বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন। সন্ধ্যা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আল্লাহর হামদ বর্ণনার পর বললেনঃ তোমাদের পূর্ববর্তী লোক এজন্য ধ্বংস হয়েছে যে, যখন তাদের মধ্যে কোন অভিজাত লোক চুরি করতো, তখন তারা তাকে ছেড়ে দিত। আর কোন গরীব লোক চুরি করলে তারা তাকে শাস্তি দিত। তিনি বললেনঃ ঐ সত্তার কসম, যার হাতে আমার প্রাণ! যদি ফাতিমা বিনতে মুহাম্মদ চুরি করতো, তবে আমি তারও হাত কাটার নির্দেশ দিতাম।
4903সুওয়ায়দ (রহঃ) ... ইউনুস (রহঃ) যুহরী থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, উরওয়া ইবন যুবায়র (রহঃ) আমাকে জানিয়েছেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে মক্কা বিজয়ের সময় এক নারী চুরি করলো। তার গোত্রের লোকেরা ভীত হয়ে উসামা ইবন যায়দ-এর নিকট সুপারিশপ্রার্থী হলো। উরওয়া বলেন, উসামা (রাঃ) এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে কথা বললে, তাঁর চেহারা বিবর্ণ হলো। তিনি বললেনঃ তুমি কি আল্লাহর বিধানের ব্যাপারে আমার নিকট সুপারিশ করতে চাও? উসামা বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন। সন্ধ্যা হলে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিতে দাঁড়ালেন। তিনি আল্লাহর যথাযথ প্রশংসা জ্ঞাপনের পর বললেনঃ তোমাদের পূর্ববর্তী লোক এজন্যই ধ্বংস হয়েছে যে, যখন তাদের কোন অভিজাত লোক চুরি করতো তখন তারা তাকে ছেড়ে দিত। আর যখন কোন দুর্বল লোক চুরি করতো, তখন তারা তাকে শাস্তি দিত। আল্লাহর কসম! যদি ফাতিমা বিনতে মুহাম্মদও চুরি করতো, আমি তার হাত কেটে দিতাম। এরপর তাঁর আদেশে ঐ নারীর হাত কাটা হলো। পরে ঐ নারী উত্তমরূপে তাওবা করলো। আয়েশা (রাঃ) বলেনঃ ঐ নারী পরে আমার নিকট আসতো এবং আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট তার প্রয়োজন তুলে ধরতাম।
4904সুওয়ায়দ ইবন নাসর (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পৃথিবীতে একটি হদ প্রতিষ্ঠিত হওয়া পৃথিবীবাসীদের জন্য ত্রিশ দিন বৃষ্টি বর্ষিত হওয়া অপেক্ষা উত্তম।
4905আমর ইবন যুরারা (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, কোন স্থানে হদ প্রতিষ্ঠিত হওয়া ঐ এলাকাবাসীর উপর চল্লিশ দিন বৃষ্টি হওয়া অপেক্ষা উত্তম।
4906আবদুল হামীদ ইবন মুহাম্মদ (রহঃ) ... আবদুল্লাহ ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঢাল— যার মূল্য ছিল পাঁচ দিরহাম, চুরি করায় চোরের হাত কাটার নির্দেশ দেন।
4907ইউনুস ইবন আবদুল আ'লা (রহঃ) ... আবদুল্লাহ ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিরহাম মূল্যের ঢাল চুরি করায় চোরের হাত কেটে দেন।
4908কুতায়বা (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢাল চুরির জন্য হাত কেটে দেন, যার মূল্য ছিল তিন দিরহাম।
4909ইউসুফ ইবন সাঈদ (রহঃ) ... আবদুল্লাহ ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চোরের হাত কেটে দেন, যে মহিলাদের জন্য নির্দিষ্ট স্থান থেকে একটি ঢাল চুরি করেছিল, যার মূল্য ছিল তিন দিরহাম।
4910মুহাম্মাদ ইবন ইসমাঈল ইবন ইবরাহীম (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঢাল চুরিতে হাত কেটে দেন, যার মূল্য ছিল তিন দিরহাম।
4911উবায়দুল্লাহ ইবন সাব্বাহ (রহঃ) ... আনাস ইবন মালিক (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঢাল চুরির জন্য হাত কাটেন।
4912আহমদ ইবন নাসর (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত, আবু বকর (রাঃ) একটি ঢাল চুরি করার জন্য হাত কেটে দেন, যার মূল্য ছিল পাঁচ দিরহাম।
4913মুহাম্মদ ইবন মুসান্না (রহঃ) ... কাতাদা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস (রাঃ)-কে বলতে শুনেছি, আবু বকর (রাঃ)-এর সময় এক লোক একটি ঢাল চুরি করে, যার মূল্য সাব্যস্ত হয় পাঁচ দিরহাম। এ কারণে তার হাত কাটা হত।
4914কুতায়বা (রহঃ) ... হাফস ইবন হাসসান (রহঃ) যুহরী থেকে, তিনি উরওয়া থেকে এবং তিনি আয়েশা (রাঃ) থেকে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দীনারের এক-চতুর্থাংশের (চার ভাগের এক ভাগ) জন্য চোরের হাত কাটার নির্দেশ দেন।
4915হারূন ইবন সাঈদ (রহঃ) ... ইউনুস (রহঃ) ইবন শিহাব (যুহরী) থেকে, তিনি উরওয়া থেকে এবং তিনি আয়েশা (রাঃ) থেকে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ একটি ঢালের মূল্য অর্থাৎ এক দীনারের তিনভাগের একভাগ বা অর্ধ দীনার কিংবা এর অধিক না হলে চোরের হাত কাটা যাবে না।
4916মুহাম্মদ ইবন হাতিম (রহঃ) ... ইউনুস (রহঃ) যুহরী হতে, তিনি আমরা (রহঃ) হতে এবং তিনি আয়েশা (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা থেকে বর্ণনা করেন, দীনারের চার ভাগের এক ভাগের জন্য চোরের হাত কাটা যাবে।
4917হারিস ইবন মিসকীন (রহঃ) ... ইউনুস (রহঃ) ইবন শিহাব যুহরী হতে, তিনি আমরা (রহঃ) হতে এবং তিনি আয়েশা (রাঃ) থেকে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দীনারের এক-চতুর্থাংশ বা ততোধিকের জন্য চোরের হাত কাটা যাবে।
4918হাসান ইবন মুহাম্মদ (রহঃ) ... মা'মার (রহঃ) যুহরী হতে, তিনি আমরা (রহঃ) হতে এবং তিনি আয়েশা (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম র থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ দীনারের চতুর্থাংশ বা ততোধিকের জন্য চোরের হাত কাটা যাবে।
4919ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... মা'মার (রহঃ) যুহরী হতে, তিনি আমরা (রহঃ) হতে এবং তিনি আয়েশা (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেনঃ দীনারের চতুর্থাংশ বা তদূর্ধ্বের জন্য চোরের হাত কাটা যাবে।
4920সুওয়ায়দ ইবন নাসর (রহঃ) ... মা'মার (রহঃ) থেকে, তিনি ইবন শিহাব যুহরী থেকে, তিনি আমরা (রহঃ) থেকে এবং তিনি আয়েশা (রাঃ) থেকে। তিনি বলেনঃ দীনারের এক-চতুর্থাংশ বা তদূর্ধ্বের জন্য চোরের হাত কাটা যাবে।
4921ইসহাক ইন ইবরাহীম ও কুতায়বা (রহঃ) ... সুফয়ান (রহঃ) যুহরী হতে, তিনি আমরা হতে এবং তিনি আয়েশা (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, দীনারের চতুর্থাংশ বা তদূর্ধ্বের জন্য চোরের হাত কাটা যাবে।
4922হাসান ইবন মুহাম্মাদ (রহঃ) ... আয়েশা (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, দীনারের এক-চতুর্থাংশ বা তদূর্ধ্বের জন্য চোরের হাত কাটা হবে।
4923ইয়াযীদ ইবন মুহাম্মাদ ইবন ফুযায়ল (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দীনারের চতুর্থাংশ বা তদূর্ধ্বের জন্য চোরের হাত কাটা যাবে।
4924সুওয়ায়দ ইবন নাসর (রহঃ) ... আমরা (রহঃ) থেকে বর্ণিত, তিনি আয়েশা (রাঃ)-কে বলতে শুনেছেনঃ দীনারের চতুর্থাংশ বা তদূর্ধ্বের জন্য চোরের হাত কাটা যাবে।
4925মুহাম্মাদ ইবন আ'লা (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, দীনারের এক-চতুর্থাংশ বা তদূর্ধ্বের জন্য চোরের হাত কাটা যাবে।
4926কুতায়বা (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, দীনারের চতুর্থাংশ বা তদূর্ধ্বের জন্য চোরের হাত কাটা যাবে।
4927হারিস ইবন মিসকীন (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, অনেক দিন অতিবাহিত হয়নি, আর আমি ভুলেও যাইনি যে, দীনারের চতুর্থাংশ বা তদূর্ধ্বের জন্যই চোরের হাত কাটা যাবে।
4928আবু সালিহ মুহাম্মদ ইবন যুনবুর (রহঃ) ... আবু বকর ইবন মুহাম্মদ ‘আমরা (রহঃ) থেকে এবং তিনি আয়েশা (রাঃ) থেকে। তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেনঃ চোরের হাত কাটা হবে না দীনারের চতুর্থাংশ বা ততোধিক ব্যতীত।
4929আহমদ ইবন আমর ইবন সারহ (রহঃ) ... আবু বকর ইবন মুহাম্মদ ইবন হাযম ‘আমরা (রহঃ) হতে এবং তিনি আয়েশা (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রথম হাদীসের ন্যায় বর্ণনা করেছেন।
4930হারিস ইবন মিসকীন (রহঃ) ... আবদুল্লাহ ইবন মুহাম্মাদ ইবন আবূ বকর (রহঃ) আমরা (রহঃ) হতে বর্ণনা করেন যে, আয়েশা (রাঃ) বলেছেনঃ চোরের হাত কাটা যাবে দীনারের চতুর্থাংশ বা ততোধিকের জন্য।
4931ইবরাহীম ইবন ইয়াকূব (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ চোরের হাত কাটা যাবে ঢালের মূল্যে, আর ঢালের মূল্য হলো দীনারের চতুর্থাংশ।
4932ইয়াহইয়া ইবন দুরুসত (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, দীনারের চতুর্থাংশ বা তদূর্ধ্বের জন্য রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোরের হাত কাটতেন।
4933হুমায়দ ইবন মাসআদা (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দীনারের চতুর্থাংশ ব্যতীত চোরের হাত কাটা যাবে না।
4934আবু বকর মুহাম্মদ ইবন ইসমাঈল তাবারানী (রহঃ) .. উম্মুল মু'মিনীন আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ঢালের (চুরির) জন্য চোরের হাত কাটা যাবে।
4935উবায়দুল্লাহ্ ইবন সা'দ ইবন ইবরাহীম (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঢালের মূল্যের কমে চোরের হাত কাটা যাবে না। আয়েশা (রাঃ)-কে জিজ্ঞাসা করা হলো, ঢালের মূল্য কত? তিনি বললেনছ দীনারের চতুর্থাংশ।
4936আহমাদ ইবন আমর ইবন সারহ (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেনঃ দীনারের চতুর্থাংশ বা ততোধিক ব্যতীত চোরের হাত কাটা যাবে না।
4937হারূন ইবন আবদুল্লাহ (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ ঢাল অথবা এর মূল্যের কমে হাত কাটা যাবে না।
4938আবূ বকর ইবন ইসহাক (রহঃ) ... উরওয়া ইবন যুবায়র (রহঃ) থেকে বর্ণিত। আয়েশা (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ ঢাল অথবা এর মূল্যের কোন দ্রব্য চুরি করা ব্যতীত হাত কাটা যাবে না। উরওয়া (রহঃ) বলেনঃ ঢাল চার দিরহামের হয়ে থাকে। তিনি বলেন, আমি সুলায়মান ইবন ইয়াসারকে বলতে শুনেছি, তিনি আয়েশা (রাঃ)-কে বলতে শুনেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ দীনারের চতুর্থাংশ বা তদূর্ধ্বের জন্য ব্যতীত চোরের হাত কাটা যাবে না।
4939আবূ বকর ইবন ইসহাক (রহঃ) ... উরওয়া ইবন যুবায়র (রহঃ) থেকে বর্ণিত। আয়েশা (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ ঢাল অথবা এর মূল্যের কোন দ্রব্য চুরি করা ব্যতীত হাত কাটা যাবে না। উরওয়া (রহঃ) বলেনঃ ঢাল চার দিরহামের হয়ে থাকে। তিনি বলেন, আমি সুলায়মান ইবন ইয়াসারকে বলতে শুনেছি, তিনি আয়েশা (রাঃ)-কে বলতে শুনেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ দীনারের চতুর্থাংশ বা তদূর্ধ্বের জন্য ব্যতীত চোরের হাত কাটা যাবে না।
4940আমর ইবন আলী (রহঃ) ... সুলায়মান ইবন ইয়াসার (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, পাঁচ দিরহামের জন্যই পাঁচ আঙুল কাটা যাবে।
4941সুওয়ায়দ ইবন নাসর (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, হাজাফা (শুধু চামড়ার ঢাল) বা তুস (কাঠ ও চামড়াযযাগে গঠিত ঢাল)-এর কম মূল্যের বস্তুতে চোরের হাত কাটা যাবে না। এর প্রত্যেকটিই মূল্যবান বস্তু।
4942মুহাম্মদ ইবন মুসান্না (রহঃ) ... আবদুল্লাহ্ (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ দিরহাম মুল্যের জন্য চোরের হাত কাটার নির্দেশ দেন।
4943মাহমূদ ইবন গায়লান (রহঃ) ... আয়মান (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামঢালের সমপরিমাণ মূল্যের জন্য চোরের হাত কাটতেন। আর সে সময় ঢালের মূল্য ছিল এক দীনার।
4944মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ... আয়মান (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে ঢালের মূল্যের কমে হাত কাটা হয়নি। আর তখন ঢালের মূল্য ছিল এক দীনার।
4945আবুল আযহার নিশাপুরী (রহঃ) ... আয়মান (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে ঢালের মূল্যের কমে হাত কাটা হয়নি। আর সে সময় ঢালের মূল্য ছিল এক দীনার।
4946মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ... আয়মান (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে ঢালের মূল্যের কমে হাত কাটা হয়নি। আর তখন ঢালের মূল্য ছিল এক দীনার।
4947হারূন ইবন আবদুল্লাহ (রহঃ) ... আয়মান (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে ঢালের মূল্যের জন্য চোরের হাত কাটা হতো, যা ছিল এক দীনার বা দশ দিরহাম।
4948আলী ইবন হুজর (রহঃ) ... আয়মান ইবন উম্মে আয়মান থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ঢালের মূল্য ব্যতীত হাত কাটা যাবে না। আর তখন এর মূল্য ছিল এক দীনার।
4949কুতায়বা (রহঃ) ... আয়মান (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ঢালের মুল্যের কমে চোরের হাত কাটা যাবে না।
4950উবায়দুল্লাহ ইবন সা'দ ইবন ইবরাহীম (রহঃ) ... আবদুল্লাহ্ ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে ঢালের দাম হতে দশ দিরহাম।
4951ইয়াহইয়া ইবন মূসা বলখী (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে অনুরূপ বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে ঢালের মূল্য ছিল দশ দিরহাম।
4952মুহাম্মাদ ইবন ওহাব (রহঃ) ... আতা (রহঃ) থেকে মুরসালরূপে বর্ণিত।
4953হুমায়দ ইবন মাসআদা (রহঃ) ... আতা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সর্বনিম্ন যাতে হাত কাটা যাবে, তা হলো ঢালের মূল্য। আর তখন এর মূল্য ছিল দশ দিরহাম। ইমাম আবু আবদুর রহমান নাসাঈ (রহঃ) বলেন, পূর্বে যে আয়মান থেকে হাদীস বর্ণিত হয়েছে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহচর্য পেয়েছেন বলে আমি মনে করি না। তার থেকে বর্ণিত অন্য হাদীস দ্বারা আমার এ কথা প্রমাণিত হয়। নিম্নে সে হাদীস উদ্ধৃত হলঃ
4954সাওয়ার ইবন আবদুল্লাহ (রহঃ) ও আবদুর রহমান ইবন মুহাম্মদ (রহঃ) ... ইবন যুবায়র (রাঃ)-এর আযাদকৃত দাস আয়মান (রহঃ) থেকে বর্ণিত, তিনি তুবায় সূত্রে কা'ব (রাঃ) হতে শুনেছেনঃ যে ব্যক্তি উত্তমরূপে উযূ করে সালাত আদায় করে; রাবী আবদুর রহমান বলেন, ইশার সালাত আদায় করে এবং পরে চার রাকআত সালাত আদায় করে এবং তাতে রুকু-সিজদা পূর্ণরূপে আদায় করে, আর যা পড়ে তা উপলব্ধি করে, তবে তা শবে কদরের ইবাদতের ন্যায় হবে।
4955আবদুল হামীদ ইবন মুহাম্মাদ (রহঃ) ... ইবন উমর (রাঃ) এর আযাদকৃত গোলাম আয়মান থেকে, তিনি তুবায় থেকে এবং তিনি কা'ব (রাঃ) থেকে। তিনি বলেন, যে ব্যক্তি উত্তমরূপে উযূ করে ইশার সালাতের জামাআতে শরীক হয় এবং এরপর তার সাথে অনুরূপ চার রাকআত সালাত আদায় করে। এতে কুরআন পড়ে এবং রুকু-সিজদা পূর্ণরূপে আদায় করে, তা তার জন্য শবে কদরের সওয়াবের মত হবে।
4956খাল্লাদ ইবন আসলাম (রহঃ) ... আমর ইবন শুআয়ব তাঁর পিতার মাধ্যমে তাঁর দাদা থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় ঢালের মূল্য ছিল দশ দিরহাম।
4957কুতায়বা (রহঃ) ... আমর ইবন শুআয়ব (রহঃ) তার পিতার মাধ্যমে তার দাদা থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করা হলো, কী পরিমাণ মাল চুরি করলে হাত কাটা যাবে? তিনি বললেনঃ যে ফল গাছে ঝুলছে, ঐ ফল চুরি হলে হাত কাটা যাবে না। কিন্তু যখন তা খােলায় এনে রাখা হয়, আর সেখান হতে এ পরিমাণ ফল চুরি হয় যার মূল্য ঢালের মূল্যের সমান, তখন হাত কাটা যাবে। এভাবে যে জন্তু পাহাড়ের চারণভূমিতে চরে, তাতে হাত কাটা যাবে না। কিন্তু যখন তা খােয়াড়ে তোলা হয়, তখন চুরি করলে এবং তার মূল্য ঢালের মূল্যের সমপরিমাণ হলে হাত কাটা যাবে।
4958কুতায়বা (রহঃ) ... আবদুল্লাহ ইবন আমর (রাঃ) থেকে বর্ণিত, গাছে ঝুলান ফল চুরির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেনঃ যে ব্যক্তি প্রয়োজনের তাগিদে ফল নেয়, কিন্তু লুকিয়ে কাপড়ে বেঁধে না নেয়, তার কোন শাস্তি হবে না। যদি কেউ এরূপ ফল নিয়ে বের হয়, তবে তার দ্বিগুণ জরিমানা হবে এবং শাস্তি দেওয়া হবে। ফল খােলায় রাখার পর যদি কেউ চুরি করে, আর তার মূল্য ঢালের মূল্যের পরিমাণ হয়, তবে তার হাত কাটা যাবে। যদি কোন ব্যক্তি ঢালের মূল্যের চেয়ে কম মূল্যের বস্তু চুরি করে, তবে তার দ্বিগুণ জরিমানা দিতে হবে, আর শাস্তিও হবে।
4959হারিস ইবন মিসকীন (রহঃ) ... আবদুল্লাহ ইবন আমর (রাঃ) থেকে বর্ণিত। মুযায়না গোত্রের এক ব্যক্তি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললোঃ ইয়া রাসূলাল্লাহ্! পাহাড়ে চড়ে বেড়ায় এমন জন্তুর ব্যাপারে আপনি কী আদেশ করেন? তিনি বললেনঃ যদি কেউ এরূপ জন্তু চুরি করে, তবে সে যেন তা ফেরত দেয় এবং এরূপ অন্য একটি জন্তুও দিবে। আর তাকে শাস্তি দেওয়া হবে কিন্তু হাত কাটা যাবে না। ঐ ব্যক্তি বললোঃ ইয়া রাসূলাল্লাহ্! গাছে ঝুলান ফল সম্বন্ধে আপনি কী বলেন? তিনি বলেনঃ চোর ঐ ফল এবং আরও ঐ পরিমাণ ফল আদায় করবে এবং তাকে শাস্তি দেওয়া হবে, গাছে ঝুলন্ত কোন ফল চুরিতে হাত কাটা যাবে না। ফল খােলায় রাখার পর ঢালের সমমূল্য পরিমাণ চুরি করলে হাত কাটা যাবে। আর যদি ঐ পরিমাণের চাইতে কম হয়; তবে দ্বিগুণ জরিমানা দিবে, আর শাস্তিস্বরূপ বেত্রাঘাত করা হবে।
4960মুহাম্মদ ইবন খালিদ ইবন খালী (রহঃ) ... রাফে ইবনে খাদীজ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ ফল এবং খেজুর গাছের শাঁস চুরিতে হাত কাটা নেই।
4961আমর ইবন আলী (রহঃ) ... রাফে ইবন খাদীজ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি ফল এবং খেজুর গাছের শাঁস চুরিতে হাত কাটা নেই।
4962ইয়াহইয়া ইবন হাবীব ইবন আরাবী (রহঃ) ... রাফে' ইবন খাদীজ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ ফল এবং খেজুর গাছের শাস চুরিতে হাত কাটা নেই।
4963আবদুর রহমান ইবন মুহাম্মদ (রহঃ) ... রাফে ইবন খাদীজ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ফল এবং খেজুর গাছের শাঁস চুরিতে হাত কাটা নেই।
4964আবদুল হামীদ ইবন মুহাম্মদ (রহঃ) ... রাফে ইবন খাদীজ (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ ফল এবং খেজুর গাছের শাঁস চুরিতে হাত কাটা নেই।
4965মুহাম্মদ ইবন ইসমাঈল ইবন ইবরাহীম (রহঃ) .... রাফে ইবন খাদীজ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ফল এবং খেজুর গাছের শাঁস চুরিতে হাত কাটা নেই।
4966আহমদ ইবন মুহাম্মদ (রহঃ) ... রাফে ইবন খাদীজ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ফল এবং খেজুর গাছের শাঁস চুরিতে হাত কাটা নেই।
4967কুতায়বা (রহঃ) ... রাফে' ইবন খাদীজ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ ফল এবং খেজুর গাছের শাঁস চুরিতে হাত কাটা নেই।
4968মুহাম্মদ ইবন আলী ইবন মায়মূন (রহঃ) ... রাফে ইবন খাদীজ (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ফল এবং খেজুর গাছের শাঁস চুরিতে হাত কাটা নেই।
4969হুসায়ন ইবন মানসূর (রহঃ) ... রাফে ইবন খাদীজ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ ফল এবং খেজুর গাছের শাঁস চুরিতে হাত কাটা নেই।
4970আমর ইবন আলী (রহঃ) ... রাফে ইবন খাদীজ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ ফল এবং খেজুর গাছের শাঁস চুরিতে হাত কাটা নেই।
4971আবদুল্লাহ ইবন আবদুস সামাদ ইবন আলী (রহঃ) ... জাবির (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ আমানতে খিয়ানতকারী, প্রকাশ্যে লুণ্ঠনকারী এবং ছোঁ মেরে পলায়নকারী ব্যক্তির প্রতি হাত কাটার শাস্তি আরোপিত হবে না।
4972মাহমূদ ইবন গায়লান (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমানতে খিয়ানতকারী, লুণ্ঠনকারী এবং ছোঁ মেরে পলায়নকারী ব্যক্তির প্রতি হাত কাটার শাস্তি আরোপিত হবে না।
4973ইবরাহীম ইবন হাসান (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যাক্তি কোন কিছু খপ করে নিয়ে পালায়, তার শাস্তি হাত কাটা নয়।
4974ইবরাহীম ইবন হাসান (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমানতে খিয়ানতকারীর হাত কাটা যাবে না।
4975খালিদ ইবন রাওহ দামেশকী (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রকাশ্যে মাল লুণ্ঠনকারী এবং ছোঁ মেরে মাল নিয়ে পলায়নকারী এবং খিয়ানতকারীর হাত কাটা যাবে না।
4976মুহাম্মাদ ইবন আলা (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, খিয়ানতকারী ব্যাক্তির হাত কাটা যাবে না।
4977সুলায়মান ইবন সালম মাসাহিফী বলখী (রহঃ) ... হারিস ইবন হাতিব (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এক চোরকে আনা হলে তিনি বললেনঃ তাকে হত্যা কর। লোকজন বললোঃ ইয়া রাসূলাল্লাহ! সে তো চুরি করেছে। তিনি বললেনঃ তাকে হত্যা কর। লোকজন বললোঃ ইয়া রাসূলাল্লাহ! সে তো চুরি করেছে। তিনি বললেনঃ তবে তার হাত কেটে ফেল। পরে এই লোকটি আবার চুরি করলে তার-পা কাটা হলো। এরপর আবু বকর (রাঃ)-এর খিলাফতকালে সে আবার চুরি করল। এভাবে তার সমস্ত হাত পা কাটা গেল। পরে সে পঞ্চমবার চুরি করলে আবু বকর (রাঃ) বললেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবস্থা অবগত ছিলেন বলেই তিনি বলেছিলেন, তাকে হত্যা কর। এরপর আবু বকর (রাঃ) তাকে কুরায়শদের যুবকদের হাতে ছেড়ে দেন, যেন তারা তাকে হত্যা করে। তাদের মধ্যে আবদুল্লাহ্ ইবন যুবায়রও ছিলেন। তিনি নেতৃত্ব পছন্দ করতেন। তিনি বললেনঃ তোমরা আমাকে তোমাদের দলপতি নিযুক্ত কর। তারা তাঁকে দলপতি নিযুক্ত করল। যখন তিনি মারা শুরু করলেন, তখন তারা ঐ ব্যক্তিকে মারল এবং এভাবে তারা তাকে হত্যা করল।
4978মুহাম্মদ ইবন আবদুল্লাহ ইবন উবায়দ ইবন আকীল (রহঃ) ... জাবির ইবন আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এক চোরকে আনা হলে তিনি বললেনঃ তাকে হত্যা কর। লোকজন বললোঃ ইয়া রাসূলাল্লাহ! সে তো চুরি করেছে। তিনি বললেনঃ তবে তার হাত কেটে ফেল। তখন তার হাত কাটা হলো। পরে আবার তাকে চুরির কারণে ধরে আনা হলে তিনি বললেনঃ তাকে হত্যা কর। লোকজন বললোঃ ইয়া রাসূলাল্লাহ! সে তো চুরি করেছে। তিনি বললেনঃ তবে তার পা কাট। তখন তা কাটা হল। তৃতীয়বারও তাকে আনা হলো। তিনি বললেনঃ তাকে হত্যা কর। লোকজন বললোঃ ইয়া রাসূলাল্লাহ! এ ব্যক্তি তো চুরি করেছে। তিনি বললেনঃ তবে তার বাম হাত কাট। তাকে চতুর্থবারও আনা হল। তিনি বললেনঃ তাকে হত্যা কর। লোকজন বললোঃ ইয়া রাসূলাল্লাহ্! লোকটি তো চুরি করেছে। তিনি বললেনঃ তবে তার (ডান) পা কেটে ফেল। এরপর তাকে পঞ্চমবারও আনা হলে তিনি বললেনঃ এবার তাকে হত্যা কর। জাবির (রাঃ) বলেনঃ আমরা ঐ চোরকে মিরবাদ নামক স্থানের দিকে নিয়ে গেলাম। তাকে উঠাতে গেলে সে চিত হয়ে গেল। এরপর সে তার কাটা হাত-পা নিয়ে দাপাদাপি করতে লাগল। উট তার এ অবস্থা দেখে ভয়ে ছােটাছুটি শুরু করে দিল। তাকে দ্বিতীয়বার উঠানো হলো, কিন্তু সে পুনরায় ঐরূপ করলো। আবার তৃতীয়বার তাকে উঠানো হলো। পরে আমরা তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করি এবং তাকে এক কূপে নিক্ষেপ করি। এরপর উপর থেকে তার উপর পাথর নিক্ষেপ করি।
4979আমর ইবন উসমান (রহঃ) ... বুসর ইবন আবূ আরতাত (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ সফরে হাত কাটা যাবে না।
4980হাসান ইবন মুদরিক (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ক্রীতদাস যদি চুরি করে, তবে তাকে বিক্রি করে ফেলবে বিশ দিরহামের বিনিময়ে (বা অর্ধেক মূল্যে) হলেও।
4981ইসমাঈল ইবন মাসউদ (রহঃ) ... আতিয়্যা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বনূ কুরায়যায় বন্দীদের মধ্যে ছিলাম। তারা পর্যবেক্ষণ করতো, যার (নাভির নিচের) চুল গজাত, তাকে হত্যা করতো, আর যার গজায় নি, তাকে ছেড়ে দিত, হত্যা করতো না।
4982সুওয়ায়দ ইবন নাসর (রহঃ) ... ইবন মুহায়রীয (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ফাযালা ইবন উবায়দকে চোরের হাত তার ঘাড়ে ঝুলিয়ে দেয়া সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, এটা সুন্নত। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চোরের হাত কেটে তার ঘাড়ে লটকে দিয়েছিলেন।
4983মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ... আবদুর রহমান ইবন মুহায়রীয (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ফাযালা ইবন উবায়দকে জিজ্ঞাসা করলামঃ চোরের হাত কেটে তা ঝুলিয়ে দেয়া কি সুন্নত? তিনি বললেন, হ্যাঁ, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এক চোরকে আনা হলে তিনি তার হাত কেটে তার ঘাড়ে ঝুলিয়ে দিয়েছিলেন।
4984আমর ইবন মানসূর (রহঃ) ... আবদুর রহমান ইবন আউফ (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোরের উপর তার শাস্তি কার্যকর করা হলে চোরাই মালের জন্য তাকে জরিমানা দিতে হবে না।
উৎস: Sunan an Nasai
WEBREATH · 11:11
«Should I not be a thankful servant?» — Sahih al-Bukhari
Breath is one for all: everyone lives by it, whoever they are and whatever they believe. Every day at 11:11 local time people stop for sixty seconds, breathe, and thank GOD for the breath — each in their own words, each within themselves. In that minute we are One Breath.
WEBREATH — the Minute at 11:11, your own local time — we are One Breath