হাদিস
ফিরে যান

সুনানে নাসায়ী 35 · The Book of Agriculture

আপনার ভাষায় এখনো কোনো অনুবাদ নেই — ইংরেজি দেখাচ্ছে

3761আহমদ ইবন সুলায়মান রাহাবী ও মূসা ইবন আবদুর রহমান (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে শপথ করতেন তা ছিল, (لاَ وَمُقَلِّبِ الْقُلُوبِ) না অন্তরসমূহকে পরিবর্তনকারীর শপথ।

3762মুহাম্মদ ইবন ইয়াহইয়া ইবন আবদুল্লাহ্ (রহঃ) ... সালিম (রহঃ) তাঁর পিতা হতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দ্বারা শপথ করতেন তা ছিল (لاَ وَمُصَرِّفِ الْقُلُوبِ) না, যিনি অন্তরসমূহকে ঘুরিয়ে দেন, তাঁর শপথ।

3763ইসহাক ইবন ইব্রাহীম (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, যখন আল্লাহ্ তা'আলা জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেন, তখন তিনি জিবরীল (আঃ)-কে এই বলে জান্নাতের দিকে পাঠান যে, জান্নাত এবং জান্নাতবাসীদের জন্য যা কিছু তাতে আমি প্রস্তুত করে রেখেছি, তা দেখে এসো। তিনি তা দেখে ফিরে এসে বললেনঃ আপনার পরাক্রমের শপথ! এই জান্নাতের কথা শুনতে পেলে কেউ তাতে প্রবেশ না করে ছাড়বে না। এরপর তাঁর আদেশে তা কষ্টকর ও অপছন্দনীয় বস্তু দ্বারা পরিবেষ্টন করা হলো। তারপর বললেন, সেখানে যাও এবং তা ও তার অধিবাসীদের জন্য যা প্রস্তুত করে রেখেছি তা দেখে এসো। তিনি গিয়ে লক্ষ্য করলেন যে, তা কষ্টদায়ক, মুসীবত ও অপছন্দনীয় বস্তু দ্বারা পরিবেষ্টন করে রাখা হয়েছে। তিনি বললেনঃ আপনার পরাক্রমের কসম! আমার আশংকা হচ্ছে যে, তাতে কেউ-ই প্রবেশ করবে না। আল্লাহ্ তা'আলা বললেনঃ যাও জাহান্নাম এবং জাহান্নামবাসীদের জন্য আমি তাতে যা কিছু তৈরি করে রেখেছি, তা দেখে এসো। জিবরীল (আঃ) তার দিকে দৃষ্টিপাত করে দেখলেন, তার এক অংশ অপর অংশের উপর চড়াও হচ্ছে। তিনি ফিরে এসে বললেনঃ আপনার পরাক্রমের শপথ! আমার আশংকা যে, এতে কেউ প্রবেশ করবে না। এরপর আল্লাহর আদেশে তাকে মুগ্ধকর বস্তু দ্বারা পরিবষ্টন করে দেয়া হলো। আল্লাহ্ বললেনঃ তুমি এখন গিয়ে তা দেখে এসো। তিনি গিয়ে দেখলেন যে, তাকে মুগ্ধকর বস্তু দ্বারা পরিবেষ্টন করে রাখা হয়েছে। তিনি ফিরে এসে বললেনঃ আপনার পরাক্রমের শপথ! এখন আমার আশংকা হচ্ছে যে, এতে প্রবেশ করা থেকে কেউ নাজাত পাবে না।

3764আলী ইবন হুজর (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যদি কারো শপথ করতেই হয়, তবে সে যেন আল্লাহ্ ব্যতীত অন্য কারো নামে শপথ না করে। কুরায়শ গোত্র তাদের বাপ-দাদার নামে শপথ করতে। তিনি বললেনঃ তোমরা তোমাদের বাপ-দাদার নামে শপথ করো না।

3765যিয়াদ ইবন আইয়ূব (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ্‌ তা'আলা তোমাদেরকে তোমাদের পিতাদের নামে কসম করতে নিষেধ করেছেন।

3766উবায়দুল্লাহ্ ইবন সাঈদ ও কুতায়বা ইবন সাঈদ (রহঃ) .... সালিম (রহঃ) তার পিতা হতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উমর (রাঃ)-কে আমার পিতার কসম, আমার পিতার কসম! বলে শপথ করতে শুনলেন। তখন তিনি বললেন, আল্লাহ্ তা'আলা তোমাদেরকে তোমাদের পিতাদের নামে কসম করতে নিষেধ করেছেন। উমর (রাঃ) বলেন, আল্লাহর কসম! এরপর আমি আর কখনও আমার পিতার নামে শপথ করিনি। নিজের থেকেও না এবং অন্য কারও থেকে বর্ণনাস্বরূপও না।

3767মুহাম্মদ ইবন আবদুল্লাহ ইবন ইয়াযীদ ও সাঈদ ইবন আবদুর রহমান (রহঃ) ... উমর (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ্ তা'আলা তোমাদেরকে তোমাদের বাপ-দাদার নামে শপথ করতে নিষেধ করেছেন। তিনি বলেন, আল্লাহর শপথ! এরপর থেকে আমি আর কখনও এরূপ শপথ করিনি; নিজের থেকেও ; অন্যের থেকে বর্ণনাস্বরূপও না।

3768আমর ইবন উসমান ইবন সাঈদ (রহঃ) .... উমর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ্ তা'আলা তোমাদেরকে তোমাদের বাপ-দাদার নামে শপথ করতে নিষেধ করেছেন। উমর (রাঃ) বলেন, এরপর আমি আর কখনও এরূপ শপথ করিনি; নিজের থেকেও না এবং অন্যের থেকে বর্ণনাস্বরূপও না।

3769আবূ বকর ইবন আলী (রহঃ) … আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বীয় পিতাদের, মাতাদের এবং মূর্তির নামে কসম করো না। কেবল আল্লাহর নামেই শপথ করবে। আর তোমরা শপথ করো না, যদি না তোমরা সত্যবাদী হও।

3770কুতায়বা ও মুহাম্মদ ইবন আবদুল্লাহ্ (রহঃ) ... সাবিত ইবন যাহহাক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য ধর্মের মিথ্যা শপথ করবে, সে ঐরূপই হবে, যেরূপ সে বলেছে। কুতায়বা (রহঃ) তার হাদীসে (مُتَعَمِّدًا) (ইচ্ছাকৃত) শব্দ উল্লেখ করেছেন, আর ‘ইয়াযীদ (كَاذِبًا) (মিথ্যা) শব্দ বলেছেন। আর যে ব্যক্তি কোন বস্তু দ্বারা আত্মহত্যা করলো, আল্লাহ্‌ তা’আলা তাকে জাহান্নামের আগুনে ঐ বস্তু দ্বারা শাস্তি দিবেন।

3771মাহমূদ ইবন খালিদ (রহঃ) ... সাবিত ইবন যাহহাক (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য ধর্মের মিথ্যা শপথ করবে, সে ব্যক্তি ঐরূপ হয়ে যাবে, যেরূপ সে বলেছে। আর যে ব্যক্তি কোন বস্তু দ্বারা আত্মহত্যা করবে, আখিরাতে তাকে ঐ বস্তু দিয়ে শাস্তি দেয়া হবে।

3772হুসায়ন ইবন হুরায়স (রহঃ) ... আবদুল্লাহ্ ইবন বুরায়দা (রহঃ) তাঁর পিতা হতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি বললোঃ “ইসলামের সাথে আমার কোন সম্পর্ক নেই।” সে যদি মিথ্যাবাদী হয়, তবে সে যেমন বলেছে- তেমন, আর যদি সে সত্যবাদী হয়, তবে সে নিরাপদে ইসলামে ফিরে আসবে না। (অর্থাৎ গুনাহগার হবে)।

3773ইউসুফ ইন ঈসা (রহঃ) ... জুহায়না গোত্রের এক মহিলা থেকে বর্ণিত যে, এক ইয়াহুদী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললোঃ আপনারা তো আল্লাহর সাথে শরীক ও তার সমকক্ষ স্থির করে থাকেন। আপনারা বলে থাকেনঃ যা আল্লাহ্ ইচ্ছা করেন আর যা তুমি ইচ্ছা কর। আর আপনারা আরো বলে থাকেন, কাবার কসম! তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে, যখন কসম করার ইচ্ছা করবে, তখন বলবেঃ কাবার রবের কসম! আরো বলবেঃ আল্লাহ্ যা চেয়েছেন। এরপর তুমি চেয়েছ।

3774আহমাদ ইবন সুলায়মান (রহঃ) ... আব্দুর রহমান ইবন সামুরা (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, তোমরা তোমাদের পিতাদের শপথ করো না; আর দেব-দেবীর কসমও করো না।

3775কাসীর ইবন উবায়দ (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি লাতের শপথ করে, সে যেন বলেঃ লা ইলাহা ইল্লাল্লাহ্। আর যে ব্যক্তি তার সাথীকে বলেঃ চল তোমার সাথে জুয়া খেলি, সে যেন কিছু সাদকা করে।

3776আবু দাউদ (রহঃ) ... মুসআব ইবন সা'দ (রাঃ) তাঁর পিতা হতে বর্ণনা করেন। তিনি বলেন, আমরা কোন ব্যাপারে আলোচনা করছিলাম, আর আমি নতুন ইসলাম গ্রহণ করেছিলাম। এক পর্যায়ে আমি লাত ও উযযার কসম করলাম। আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কয়েকজন সাহাবী বললেনঃ তুমি অতি মন্দ কথা বলেছ। তুমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট চল, তাঁকে এটা জানাও। আমরা মনে করি, তুমি কুফরী করেছ। আমি তাঁর নিকট এসে তাঁকে এ কথা জানালে তিনি আমাকে বললেন, তুমি তিনবার বলঃ “লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু”, আর শয়তান হতে আল্লাহ্ তা'আলার নিকট তিনবার আশ্রয় চাও এবং তোমার বামদিকে তিনবার থুথু ফেল। আর কখনও এরূপ কথা বলবে না।

3777আবু হুমায়দ ইবন মুহাম্মদ (রহঃ) ... মুসআব ইবন সা'দ (রাঃ) তাঁর পিতা হতে বর্ণনা করেন। তিনি বলেনঃ আমি লাত ও উযর শপথ করলাম। তখন আমার সাথীরা আমাকে বললোঃ তুমি বড় মন্দ কথা বললে। আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে তা বললে, তিনি বললেনঃ তুমি বলঃ “আল্লাহ্ ছাড়া কোন ইলাহ নেই। তিনি এক, তার কোন শরীক নেই।” আর তুমি তোমার বামদিকে তিনবার থুথু ফেল এবং আল্লাহর নিকট শয়তান হতে হতে আশ্রয় প্রার্থনা কর। আর কখনও এরূপ বলবে না।

3778মুহাম্মদ ইবন মুসান্না ও মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ... বারা ইবন আযিব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাতটি কাজের আদেশ দিয়েছেন- জানাযার অনুগমন করার, রোগীকে দেখতে যাওয়ার, হাঁচির উত্তর দেয়ার, আমন্ত্রণ গ্রহণ করার, মযলুমের সাহায্য করার, কসম পূর্ণ করার এবং সালামের উত্তর দেয়ার।

3779কুতায়বা (রহঃ) ... আবু মূসা (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেনঃ পৃথিবীর যে কোন বিষয়েই আমি শপথ করি; আর পরে তার বিপরীত বিষয়কে উত্তম দেখতে পাই, তখন আমি সেটাই করি।

3780কুতায়বা (রহঃ) ... আবু মূসা আশআরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি আশআরী সম্প্রদায়ের একদল লোকসহ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বাহন চাওয়ার জন্য উপস্থিত হলাম। তিনি বললেন, আল্লাহর শপথ! আমি তোমাদেরকে বাহন দিতে পারব না এবং তোমাদেরকে দেব এমন কোন বাহনও আমার নিকট নেই। আবু মূসা (রাঃ) বলেন, অতঃপর আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম, যেমন আল্লাহর ইচ্ছা ছিল। অতঃপর তার কাছে কিছু উট আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তিনটি উট দেয়ার নির্দেশ দিলেন। যখন আমরা সেখান থেকে রওয়ানা হলাম, তখন আমাদের লোকেরা বলাবলি করতে লাগলো, এই সওয়ারীতে আল্লাহ্ তা'আলা আমাদেরকে বরকত দান করবেন না। কেননা যখন আমরা তার কাছে বাহন চাইবার জন্য উপস্থিত হই, তখন তিনি শপথ করে বলেনঃ আমি তোমাদেরকে সওয়ারী দেব না। আবু মূসা (রাঃ) বলেনঃ আমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ফিরে এসে একথা উল্লেখ করলে তিনি বললেনঃ আমি তোমাদেরকে সওয়ারী দেইনি, বরং আল্লাহ্ তা'আলা তা তোমাদের দান করেছেন। আল্লাহর শপথ! আমি যদি কোন বিষয়ের উপর শপথ করি, পরে অন্য বিষয়কে তার চেয়ে উত্তম দেখতে পাই, তখন আমি আমার শপথের কাফফারা আদায় করি এবং যেটা উত্তম সেটাই করি।

3781আমর ইবন আলী (রহঃ) ... আমর ইবন শুআয়ব (রহঃ) তাঁর পিতার মাধ্যমে তাঁর দাদা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি কোন কিছুর শপথ করে, এরপর অন্য কিছুকে তার চাইতে উত্তম দেখতে পায়, তখন সে যেন নিজের কসমের কাফফারা দিয়ে দেয় এবং ঐ উত্তম কাজটি করে।

3782মুহাম্মদ ইবন আবদুল আ'লা (রহঃ) ... আবদুর রহমান ইবন সামুরা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ যখন কোন কিছুর শপথ করে, পরে সে অন্য কোন বস্তুকে তার চাইতে উত্তম দেখতে পায়, তখন সে যেন তার কসমের কাফফারা দিয়ে ঐ উত্তম কাজটি করে।

3783আহমদ ইবন সুলায়মান (রহঃ) ... আব্দুর রহমান ইবন সামুরা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যখন তুমি শপথ করবে, তখন তুমি তোমার কসমের কাফফারা দিয়ে দেবে, এরপর যেটা উত্তম সেটা করবে।

3784মুহাম্মদ ইবন ইয়াহইয়া কুতাঈ (রহঃ) ... আবদুর রহমান ইবন সামুরা (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন তুমি কোন কসম করবে, আর অন্য কোন বস্তু তা থেকে উত্তম দেখতে পাবে, তখন তুমি তোমার কসমের কাফফারা দিয়ে দেবে, আর যা উত্তম তা করবে।

3785ইসহাক ইবন মানসূর (রহঃ) ... আদী ইবন হাতিম (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কেউ কোন বিষয়ে শপথ করে যদি অন্য কোন বিষয়কে তার চাইতে উত্তম দেখতে পায়; তবে সে যেন উত্তমকে গ্রহণ করে এবং পরে স্বীয় শপথের কাফফারা আদায় করে।

3786হান্নাদ ইবন সারী (রহঃ) ... আদী ইবন হাতিম (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি কোন বিষয়ে শপথ করে, তারপর অন্য বিষয়কে তার চাইতে উত্তম দেখতে পায়, সে যেন শপথ পরিত্যাগ করে উত্তমকে গ্রহণ করে এবং শপথের কাফফারা দিয়ে দেয়।

3787আমর ইবন ইয়াযীদ (রহঃ) ... আদী ইবন হাতিম (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কেউ কোন শপথ করার পর যদি অন্য কিছুকে তার চাইতে উত্তম দেখতে পায়, তবে সে যেন উত্তমকে গ্রহণ করে এবং শপথ ভঙ্গ করে।

3788মুহাম্মদ ইবন মানসূর (রহঃ) ... আবু যার'আ (রহঃ) তাঁর চাচা আবুল আহওয়াস হতে, তিনি তাঁর পিতা সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বললাম, এ বিষয়ে কী বলেন যে, আমি আমার চাচাত ভাইয়ের নিকট গিয়ে কিছু চাইলে সে আমাকে তা দেয় না এবং আত্মীয়তাও ঠিক রাখে না। কিন্তু তার কিছু প্রয়োজন হলে সে আমার নিকট এসে তা চায়। এজন্য আমিও শপথ করেছি যে, তাকে কিছুই দেব না এবং তার সাথে আত্মীয়তাও রক্ষা করবো না। তিনি আমাকে আদেশ করলেনঃ এখন তুমি যেটা উত্তম সেটা কর এবং তোমার কসমের কাফফারা দিয়ে দাও।

3789যিয়াদ ইবন আইয়ুব (রহঃ) ... আবদুর রহমান ইন সামুরা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেনঃ যখন তুমি কোন শপথ করে অন্য বস্তুকে তা অপেক্ষা উত্তম দেখতে পাবে, তখন উত্তমটা করে ফেলবে এবং তোমার কসমের কাফফারা দিয়ে দেবে।

3790আমর ইবন আলী (রহঃ) ... আবদুর রহমান ইবন সামুরা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তুমি যখন কোন শপথ করার পর অন্য কিছুকে তার চাইতে উত্তম দেখতে পাবে, তখন উত্তমটা করবে এবং নিজ শপথের কাফফারা দিয়ে দেবে।

3791মুহাম্মদ ইবন কুদামা (রহঃ) ... আবদুর রহমান ইবন সামুরা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তুমি যখন কোন কিছুর শপথ করার পর অন্য কিছুকে তার চাইতে উত্তম দেখতে পাবে, তখন ঐ উত্তমটা করবে এবং তোমার শপথের কাফফারা আদায় করবে।

3792ইবরাহীম ইবন মুহাম্মদ (রহঃ) ... আমর ইবন শুআয়ব (রহঃ) তাঁর পিতার মাধ্যমে তাঁর দাদা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি কোন কিছুর মালিক নয়, ঐ বস্তুর মান্নত ও শপথ করতে পারবে না। আর গুনাহের কাজে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে শপথ হতে পারে না।

3793আহমাদ ইবন সাঈদ (রহঃ) ... ইবন উমর (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি শপথ করে ইনশাআল্লাহ্ বলে, সে তা পূর্ণ করুক অথবা না করুক তার কাফারা দিতে হবে না।

3794ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... উমর ইবন খাত্তাব (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেনঃ নিয়্যতের উপর কাজের ফলাফল নির্ভর করে, যে যা নিয়্যত করে, সে তা-ই পাবে। যে ব্যক্তি আল্লাহ্ এবং তাঁর রাসূলের সন্তুষ্টির জন্য হিজরত করে, তার হিজরত আল্লাহ এবং তাঁর রাসূলের জন্যই হবে। আর যে ব্যক্তি পার্থিব উদ্দেশ্য হাসিলের জন্য হিজরত করে, অথবা কোন মহিলাকে বিবাহ করার নিয়্যতে হিজরত করে; সে যে নিয়্যতে হিজরত করে, তার হিজরত সে জন্যই হবে।

3795হাসান ইবন মুহাম্মদ যা’ফরানী (রহঃ) ... আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যয়নব বিনত জাহশের নিকট কিছুক্ষণ থাকতেন এবং সেখানে তিনি মধু পান করতেন। আমি এবং হাফসা পরামর্শ করলাম যে, আমাদের মধ্যে যার নিকটই রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনেন, সে যেন বলে, আপনার মুখ হতে মাগাফিরের গন্ধ আসছে। আপনি কি মাগাফির খেয়েছেন? এরপর তিনি আমাদের একজনের গৃহে আসলে তিনি তাকে তা বললেন। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ না, বরং আমি যয়নব বিনতে জাহশের নিকট মধু পান করেছি। আমি আর কখনো তা পান করবো না; তখন অবতীর্ণ হয়ঃ (يَا أَيُّهَا النَّبِيُّ لِمَ تُحَرِّمُ مَا أَحَلَّ اللَّهُ لَكَ) অর্থঃ হে নবী! আল্লাহ্ আপনার জন্য যা হালাল করেছেন, আপনি তা হারাম করছেন কেন? (৬৬ : ১)। (إِنْ تَتُوبَا إِلَى اللَّهِ) অর্থঃ যদি তোমরা উভয়ে (আয়েশা ও হাফসা) অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে ফিরে এসো। (৬৬ : ২) (وَإِذْ أَسَرَّ النَّبِيُّ) অর্থঃ স্মরণ কর, নবী তাঁর স্ত্রীদের একজনকে গোপনে কিছু বলেছিলেন। ...... (৬৬ : ৩), এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উক্তিঃ “বরং আমি মধু পান করেছি”— সে সম্পর্কিত।

3796আমর ইবন আলী (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একবার রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে তাঁর ঘরে ঢুকে দেখলাম, রুটির টুকরা এবং সিরকা রাখা হয়েছে। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ খাও, সিরকা উত্তম তরকারি।

3797আবদুল্লাহ্ ইবন মুহাম্মদ ইবন আবদুর রহমান (রহঃ) ... কায়স ইবন আবু গারাযা (রাঃ) বলেনঃ লোক আমাদেরকে দালাল বলতো। একদিন আমরা বেচাকেনা করছিলাম। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট এসে আগের নামের চাইতে উত্তম নামে আমাদেরকে ডেকে বললেনঃ হে ব্যবসায়ীর দল! ক্রয়-বিক্রয়ে অনেক সময় শপথ এবং মিথ্যা কথনও হয়ে যায়, (যদিও তোমরা অন্তরের সাথে তা বলো না)। অতএব তোমরা ক্রয়-বিক্রয়ে কিছু সাদকা মিলিয়ে নেবে।

3798মুহাম্মদ ইবন আবদুল্লাহ্ ইবন ইয়াযীদ (রহঃ) ... কায়স ইবন আবু গারাযা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা বাকী নামক স্থানে ক্রয়-বিক্রয় করতাম। আমাদেরকে বলা হতো দালাল। এক সময় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট এসে বললেনঃ হে ব্যবসায়ীর দল! তিনি আমাদেরকে আমাদের পূর্ব নাম অপেক্ষা উত্তম নামে ডাকলেন। তিনি বললেনঃ এই ক্রয়-বিক্রয়ে শপথ ও মিথ্যা এসে যায়। অতএব তোমরা তাতে সাদকা মিলিয়ে নেবে।

3799মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ... কায়স ইবন আবূ গারযা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসেন, তখন আমরা ছিলাম বাজারে। তিনি আমাদেরকে বললেনঃ এটা বাজার, এখানে মিথ্যা ও অপ্রয়োজনীয় কথাও হয়ে থাকে। অতএব তোমরা এতে কিছু সাদকা মিলিয়ে নাও।

3800আলী ইবন হুজুর ও মুহাম্মদ ইবন কুদামা (রহঃ) ... কায়স ইবন আবু গারাযা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা মদীনায় ক্রয়-বিক্রয় করছিলাম। আমরা আমাদেরকে দালাল বলতাম এবং লোকেরাও আমাদেরকে দালাল বলতো। একদিন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট এসে আমাদের এমন নামে ডাকলেন, যা ছিল আমরা আমাদেরকে এবং লোকেরা আমাদেরকে যে নামে ডাকতো, তা থেকে উত্তম। তিনি বললেনঃ হে ব্যবসায়ীর দল! তোমাদের ব্যাবসায়ে মিথ্যা এবং শপথ মিশ্রিত হয়ে থাকে। অতএব তোমরা এতে সাদকা মিশিয়ে নাও।

3801ইসমাঈল ইবন মাসউদ (রহঃ) ... আবদুল্লাহ ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান্নত করতে নিষেধ করেছেন। আর তিনি বলেছেনঃ তাতে মানুষের কোন লাভ হয় না। এর দ্বারা কৃপণের থেকে কিছু বের করা হয় মাত্র।

3802আমর ইবন মানসূর (রহঃ) ... আবদুল্লাহ ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান্নত করতে নিষেধ করেছেন এবং তিনি বলেছেনঃ মান্নত কোন কিছুকে ঠেকিয়ে রাখতে পারে না। এর দ্বারা কেবল কৃপণ হতে কিছু মাল বের করা হয়।

3803আমর ইবন আলী (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মান্নত কোন কিছুকে আগে বা পরে করতে পারে না। তা এমন বিষয়, যদ্বারা কৃপণ হতে কিছু মাল বের করা হয় মাত্র।

3804আবদুল্লাহ্ ইবন মুহাম্মদ ইবন আবদুর রহমান (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মান্নত লোকের জন্য এমন কিছু আনতে পারে না, যা তার তাকদীরে নেই। তা এমন বিষয়, যা দ্বারা কৃপণের হাত হতে কিছু মাল বের করা হয় মাত্র।

3805কুতায়বা (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা মান্নত করো না। কেননা তা তাকদীরের বিপরীতে কোন কাজে আসে না। কিন্তু এর দ্বারা কৃপণ থেকে কিছু মাল বের হয়।

3806কুতায়বা (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যদি কেউ মান্নত করে যে, সে আল্লাহর আনুগত্য করবে, তবে সে যেন তাঁর আনুগত্য করে। আর যদি কেউ আল্লাহর নাফরমানী করার মান্নত করে, তবে সে যেন তাঁর নাফরমানী না করে।

3807আমর ইবন আলী (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ যদি কেউ আল্লাহর আনুগত্য করার মান্নত করে, তবে সে যেন তাঁর আনুগত্য করে। আর যদি কেউ আল্লাহর নাফরমানী করার মান্নত করে, তবে সে যেন তার নাফরমানী না করে।

3808মুহাম্মদ ইবন ‘আলা (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে কেউ আল্লাহর আনুগত্যের মান্নত করে, সে যেন তাঁর আনুগত্য করে। আর যে ব্যক্তি আল্লাহর নাফরমানী করার মান্নত করে, সে যেন তাঁর নাফরমানী না করে।

3809মুহাম্মদ ইন আবদুল আ'লা (রহঃ) ... ইমরান ইবন হুসায়ন (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মধ্যে আমার সময়ের লোকই উত্তম, এরপর তারা, যারা তাদের নিকটবর্তী। এরপর যারা তাদের পরবর্তী, তারপর তাদের পরবর্তী। বর্ণনাকারী বলেনঃ আমার স্মরণ নেই, তিনি তা দু’বার বলেছেন, না তিনবার। এরপর তিনি ঐসকল লোকের কথা বললেনঃ যারা খিয়ানত করে, আমানতদারী রক্ষা করে না। তারা সাক্ষ্য দেয়, অথচ তাদেরকে সাক্ষ্য দেয়ার জন্য ডাকা হয় না; মান্নত করে অথচ মান্নত পূর্ণ করে না। আর তারা মোটা-তাজা হবে।

3810মুহাম্মদ ইবন আবদুল আ'লা (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন লোকের নিকট দিয়ে যাচ্ছিলেন; যে অন্য একটি লোককে রশি দ্বারা বেঁধে টেনে নিয়ে যাচ্ছিল। তিনি তা ধরে কেটে ফেললেন। তখন সে ব্যক্তি বললোঃ সে ঐরূপ করার মান্নত করেছে।

3811ইবন জুরায়জ বলেন, সুলায়মান আমাকে জানান যে, তাউস তাকে ইবন আব্বাস (রাঃ) থেকে জানিয়েছেন যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট দিয়ে গেলেন, তখন তিনি কাবা তওয়াফ করছিলেন। আর এক ব্যক্তি নিজের হাত চামড়ার রশি, সুতলি বা অন্য কিছু দ্বারা অন্য ব্যক্তির সাথে বেঁধে রেখেছিল। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তা কেটে দিলেন এবং বললেনঃ তুমি তোমার হাত দিয়ে তাকে টেনে নাও।

3812মুহাম্মাদ ইবন মানসূর (রহঃ) ... ইমরান ইবন হুসায়ন (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহর নাফরমানীর কাজে মান্নত নেই। আর মানুষ যে বস্তুর মালিক নয়, তারও মান্নত করা যাবে না।

3813ইসহাক ইবন মানসূর (রহঃ) ... সাবিত ইবন যাহহাক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মের শপথ করবে অথচ সে এ ব্যাপারে মিথ্যাবাদী, তখন সে ঐরূপই হয়ে যাবে, যেমন সে বলবে। আর যে ব্যক্তি পৃথিবীতে কোন বস্তু দ্বারা আত্মহত্যা করবে, কিয়ামতের দিন তা দিয়েই তাকে আযাব দেয়া হবে। মানুষ যার মালিক নয়, তাতে তার মান্নত হয় না।

3814ইউসুফ ইন সাঈদ (রহঃ) ... উকবা ইবন আমির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার বােন পায়ে হেঁটে আল্লাহর ঘরে যাওয়ার মান্নত করে। এ ব্যাপারে সে আমাকে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যাওয়া জিজ্ঞাসা করতে বলে। আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বললেনঃ সে যতদূর পায়ে হেঁটে যেতে পারে যাবে, তারপর বাহনে আরোহণ করবে।

3815আমর ইবন আলী (রহঃ) ... উকবা ইবন আমির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার বোন মান্নত করলো যে, সে পায়ে হেঁটে বায়তুল্লাহ্ গমন করবে, খালি মাথায়; আমি একথা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বললে তিনি বললেনঃ তোমার বােনকে বলে দাও, সে যেন ওড়না মাথায় দিয়ে সওয়ার হয়ে যায় এবং তিনদিন রোযা রাখে।

3816বিশর ইবন খালিদ আসকারী (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক নারী নদী ভ্রমণে বের হলো। সে এক মাস রোযা রাখার মান্নত করলো। তারপর সে মান্নত আদায় করার পূর্বেই ইনতিকাল করলো। তার বােন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে এই ঘটনা বর্ণনা করলে, তিনি তাকে তার পক্ষ হতে রোযা রাখতে বললেন।

3817আলী ইবন হুজর ও হারিস ইবন মিসকীন (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, সা'দ ইবন উবাদা (রাঃ) তাঁর মাতার মান্নত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করলেন যে, তিনি তা আদায় করার পূর্বেই ইনতিকাল করেছেন। তিনি বললেনঃ তুমি তার পক্ষ হতে তা আদায় কর।

3818কুতায়বা (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সাদ ইবন উবাদা (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট তাঁর মাতার মান্নত সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে, তিনি তা আদায় করার পূর্বেই ইনতিকাল করেছেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি তার পক্ষ হতে তা আদায় কর।

3819মুহাম্মদ ইবন আদম ও হারূন ইবন ইসহাক হামাদানী (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সা'দ ইবন উবাদা (রাঃ) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললেনঃ আমার মা ইনতিকাল করেছেন। তার উপর মান্নত রয়েছে, যা তিনি আদায় করে যাননি। তিনি বললেনঃ তুমি তার পক্ষ হতে তা আদায় কর।

3820ইসহাক ইবন মূসা (রহঃ) ... ইবন উমর উমর (রাঃ) হতে বর্ণনা করেন, তিনি জাহিলী যুগে একরাত ই'তিকাফ করার মান্নত করেন। তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এ সম্বন্ধে প্রশ্ন করলে, তিনি তাকে ইতিকাফ করার নির্দেশ দেন।

3821মুহাম্মদ ইবন আবদুল্লাহ্ ইবন ইয়াযীদ (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, জাহিলী যুগে উমর (রাঃ) একরাত মসজিদে হারামে ই'তিকাফ করার মান্নত করেন। তিনি এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করলে তিনি তাঁকে ই'তিকাফ করতে বললেন।

3822আহমদ ইবন আবদুল্লাহ ইবন হাকাম (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, জাহিলী যুগে উমর (রাঃ) একদিন ই'তিকাফ করার মান্নত করলেন। তিনি এ ব্যাপারে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করলে তিনি তাকে ই'তিকাফ করার আদেশ করলেন।

3823ইউনুস ইবন আবদুল আ'লা (রহঃ) ... আবদুল্লাহ্ ইবন কা'ব ইবন মালিক (রহঃ) বলেন, তাঁর পিতার তওবা কবুল হলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমি আমার সমস্ত মাল থেকে মুক্ত হতে চাই যা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে সাদকা হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বললেনঃ তুমি, তোমার কিছু মাল রেখে দাও, এটা তোমার জন্য উত্তম।

3824সুলায়মান ইবন দাউদ (রহঃ) ... আবদুল্লাহ ইবন কা'ব (রহঃ) বলেন, আমি কা'ব ইবন মালিক (রাঃ)-কে তিনি যে তাবুক যুদ্ধে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সাথে না গিয়ে পেছনে থেকে গিয়েছিলেন, সে সম্পর্কে বলতে শুনেছি যে, তিনি বলেন, আমি যখন তার সামনে বসে বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! আমার তওবার মধ্যে এটাও যে, আমি আমার মাল হতে পৃথক হয়ে যাব এবং যা আল্লাহ্ ও আল্লাহর রাসূলের পথে সাদকা হয়ে যাবে। তিনি বললেনঃ তুমি তোমার মালের কিছু অংশ রেখে দাও; তা তোমার জন্য উত্তম হবে। তিনি বললেন, আমি বললামঃ তা হলে আমার খায়বরের সম্পত্তি রেখে দিচ্ছি।

3825ইউসুফ ইবন সাঈদ (রহঃ) ... আবদুল্লাহ ইবন কা'ব ইবন মালিক (রহঃ) বলেন, আমি কা'ব ইবন মালিক (রাঃ)-কে তিনি যে তাবুকের যুদ্ধে রাসূল্লালাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে না গিয়ে পেছনে থেকে গিয়েছিলেন, সে সম্পর্কে বলতে শুনেছি যে, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূল্লালাহ্! আমার তওবার একটা অংশ এই যে, আমি আমার অর্থ-সম্পদ হতে মুক্ত হয়ে যাব, যা আল্লাহ্ ও তাঁর রাসূলের পথে সাদকা হয়ে যাবে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমার কিছু সম্পদ রেখে দাও, সেটা তোমার পক্ষে শ্রেয়। আমি বললামঃ তা হলে আমি আমার খায়বরের অংশ রেখে দিচ্ছি।

3826মুহাম্মদ ইবন মা'দান ইবন ঈসা (রহঃ) ... উবায়দুল্লাহ্ ইবন কা'ব ইবন মালিক (রহঃ) বলেন, আমি আমার পিতা কা'ব ইবন মালিক (রাঃ)-কে বলতে শুনেছি, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আল্লাহ্ তা'আলা আমাকে আমার সত্যবাদিতার জন্য পরিত্রাণ দিয়েছেন। আর আমার তাওবায় এ-ও রয়েছে যে, আমি আল্লাহ্ এবং আল্লাহর রাসূলকে আমার মাল দান করে তা হতে মুক্ত হয়ে যাই। তিনি বললেনঃ তোমার কিছু মাল তুমি রেখে দাও, এটা তোমার জন্য উত্তম। তিনি বললেনঃ আমি আমার খায়বরের সম্পত্তি রাখলাম।

3827হারিস ইবন মিসকীন (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, খায়বরের বছর আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলাম। সেখানে আমরা গনীমত হিসাবে কেবল মাল (ভূ-সম্পদ) আসবাবপত্র ও বস্ত্রাদি পেলাম। যুবায়র গোত্রের রিফাআ ইবন যায়দ নামক এক ব্যক্তি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে একটি হাবশী, গোলাম দান করলো, যাকে লোকে মিদআম বলে ডাকতো। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান হতে ওয়াদীল কুরার দিকে রওয়ানা হলেন। আমরা যখন ওয়াদীল কুরায় পৌছলাম তখন হঠাৎ একটি তীর এসে তার গায়ে লাগলো এবং তাকে হত্যা করলো। তার গায়ে এমন সময় তীর লাগলো, যখন সে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামান নামাচ্ছিল। তখন লোক বলতে লাগলোঃ তোমার জন্য জান্নাত মুবারক হোক। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ কখনও নয়। আল্লাহর কাসম! যে মাল সে খায়বরের দিন গনীমতের মাল হতে বন্টনের পূর্বে নিয়েছিল, তা আগুন হয়ে তাকে গ্রাস করবে। লোকে যখন একথা শুনলো, তখন এক ব্যক্তি জুতার একটি অথবা দু’টি ফিতা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট নিয়ে আসলো। তিনি বললেনঃ একটি বা দুটি আগুনের ফিতা।

3828ইউনুস ইবন আবদুল আ'লা (রহঃ) ... আবদুল্লাহ ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি শপথ করে ইনশাআল্লাহ্ বললো, সে তা বাদ করে দিল (অর্থাৎ শপথ সংঘটিত হল না)।

3829মুহাম্মাদ ইবন মানসূর (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি শপথ করে ইনশাআল্লাহ্ বললো, সে তাকে বাদ করে দিল।

3830আহমদ ইবন সুলায়মান (রহঃ) ... ইবন উমর (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি কসম করার পর ইন্শাআল্লাহ বললো, তার অবকাশ রয়েছে, সে ইচ্ছা করলে তা পূর্ণ করবে, নতুবা ছেড়ে দেবে।

3831ইমরান ইবন বাক্কার (রহঃ) ... আব্দুর রহমান আ'রাজ হতে বর্ণিত। আবূ হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সুলায়মান ইবন দাউদ (আঃ) বললেনঃ অবশ্যই আমি আজ আমার নব্বইজন স্ত্রীর নিকট গমন করবে তাদের প্রত্যেকেই এক-একজন মুজাহিদ প্রসব করবে, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। তার সাথী তার জন্য ইনশাআল্লাহ্ বললেন কিন্তু তিনি ইনশাআল্লাহ্ বললেন না। পরে তিনি তাদের নিকট গমন করলেন কিন্তু তাদের একজন স্ত্রী ব্যতীত কেউ-ই গর্ভধারণ করলেন না; আর তাও এমন গর্ভ, যাতে অর্ধ বাচ্চা জন্ম নিল। আল্লাহর শপথ! যার হাতে মুহাম্মদের প্রাণ, যদি তিনি ইনশাআল্লাহ্ বলতেন, তবে তারা সকলেই এমন সন্তান প্রসব করতেন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতো।

3832আহমদ ইবন ইয়াহইয়া ইবনুল-ওয়াযীর ইবন সুলায়মান ও হারিস ইবন মিসকীন (রহঃ) ... উকবা ইবন আমির (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কসমের কাফফারাই মান্নতের কাফফারা।

3833কাসীর ইবন উবায়দ (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ গুনাহর কাজে কোন মান্নত নেই।

3834ইউনুস ইবন আবদুল আ'লা (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পাপের কাজে মান্নত নেই। আর কসমের কাফফারাই এর কাফফারা।

3835মুহাম্মদ ইবন আবদুল্লাহ্ ইবন মুবারক মুখাররামী (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পাপের কাজে কোন মান্নত নেই। আর কসমের কাফফারাই এর কাফফারা।

3836ইসহাক ইবন মানসূর (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপের কাজে কোন মান্নত নেই। আর এর কাফফারা হলো কসমের কাফফারা।

3837কুতায়বা (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পাপের কাজে মান্নত নেই। কসমের কাফফারাই এর কাফফারা।

3838হারূন ইবন মূসা ফারাবী (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ গুনাহর কাজে মান্নত নেই। আর কসমের কাফফারাই এর কাফফারা।

3839মুহাম্মাদ ইবন ইসমাঈল তিরমিযী (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ গুনাহর কাজে কোন মান্নত নেই। আর কসমের কাফফারাই এর কাফফারা।

3840হান্নাদ ইন সারী (রহঃ) ... ইমরান ইবন হুসায়ন (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ গুনাহর কাজে কোন মান্নত নেই। আর কসমের কাফফারাই এর কাফফারা।

3841আমর ইবন উসমান (রহঃ) ... ইমরান ইবন হুসায়ন (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ গুনাহর কাজে কোন মান্নত নেই। আর কসমের কাফফারাই এর কাফফারা।

3842আলী ইবন মায়মূন (রহঃ) ... ইমরান ইবন হুসায়ন (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ গযব (গুনাহ)-এর কাজে মান্নত নেই। আর কসমের কাফফারাই এর কাফফারা।

3843ইবরাহীম ইবন ইয়াকূব (রহঃ) ... ইমরান ইন হুসায়ন (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ গযবের কাজে কোন মান্নত নেই। আর কসমের কাফফারাই এর কাফফারা।

3844কুতায়বা (রহঃ) ... ইমরান ইবন হুসায়ন (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ গযবের কাজে কোন মান্নত নেই। আর কসমের কাফফারাই এর কাফফারা।

3845মুহাম্মদ ইবন ওহাব (রহঃ) ... ইমরান ইবন হুসায়ন (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ মান্নত দুই প্রকার। যেই মান্নত আল্লাহর আনুগত্যের জন্য করা হয়, তা আল্লাহর জন্য। আর তা পূর্ণ করতে হবে। আর আল্লাহর নাফরমানীতে যে মান্নত করা হয়, তা শয়তানের জন্য, আর তা পূর্ণ করার প্রয়োজন নেই। আর মান্নতের কাফফারা তা-ই, যা কসমের কাফফারা হয়ে থাকে।

3846ইবরাহীম ইবন ইয়াকূব (রহঃ) ... ইমরান ইবন হুসায়ন (রাঃ) বলেন, এক ব্যক্তি মান্নত করলো যে, সে তার কাওমের মসজিদে নামায পড়তে উপস্থিত হবে না। ইমরান (রাঃ) বললেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ আল্লাহর অসন্তুষ্টিতে মান্নত করা বৈধ নয়। আর এর কাফফারা হলো কসমের কাফফারা।

3847আহমাদ ইবন হারব (রহঃ) ... ইমরান ইবন হুসায়ন (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ গুনাহের কাজে এবং আল্লাহর গযবের কাজে কোন মান্নত নেই। আর কসমের কাফফারাই এর কাফফারা।

3848হিলাল ইবন 'আলা (রহঃ) ... ইমরান ইবন হুসায়ন (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পাপের কাজে মান্নত নেই। আর এর কাফফারা হলো কসমের কাফফারা।

3849ইয়াকূব ইবন ইবরাহীম (রহঃ) ... ইমরান ইবন হুসায়ন (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মানুষ যার মালিক নয় তাতে এবং আল্লাহর অবাধ্যতায় মান্নত করা বৈধ নয়।

3850আলী ইবন মুহাম্মদ ইবন আলী (রহঃ) ... আবদুর রহমান ইবন সামুরা (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর অবাধ্যতায় এবং মানুষ যার মালিক নয় তাতে মান্নত করা বৈধ নয়।

3851মুহাম্মদ ইবন মানসূর (রহঃ) ... ইমরান ইবন হুসায়ন (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহর নাফরমানীতে কোন মান্নত নেই। আর মানুষ যার মালিক নয় তাতেও কোন মান্নত নেই।

3852ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন যে, সে দুই ব্যক্তির কাঁধে ভর দিয়ে যাচ্ছে। তিনি জিজ্ঞেস করলেন, তার কী হয়েছে? লোকেরা বললেনঃ সে মান্নত করেছে যে, সে হেঁটে বায়তুল্লাহ্ গমন করবে। তিনি বললেনঃ তার প্রাণকে এভাবে কষ্ট দেওয়াতে আল্লাহর কোন প্রয়োজন নেই। তাকে বল, সে যেন সওয়ার হয়ে গমন করে।

3853মুহাম্মদ ইবন মুসান্না (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৃদ্ধকে দেখলেন যে, সে দুই ব্যক্তির কাঁধে ভর করে যাচ্ছে। তিনি জিজ্ঞেস করলেনঃ এই ব্যক্তির কী হয়েছে? লোকেরা বললেনঃ সে এভাবে চলার মান্নত করেছে। তিনি বললেনঃ তার প্রাণকে এভাবে শাস্তি দেওয়াতে আল্লাহ্ তা'আলার কোন দরকার নেই। তাকে সওয়ার হয়ে যেতে বল। তিনি তাকে সওয়ার হয়ে যেতে বললেন।

3854আহমদ ইবন হাফস (রহঃ) ... আনাস ইবন মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির নিকট দিয়ে যাওয়ার সময় দেখলেন, সে তার দুই ছেলের উপর ভর করে চলছে। তিনি জিজ্ঞেস করলেনঃ তার কী হয়েছে? বলা হলো, সে মান্নত করেছে যে, এভাবে হেঁটে কাবায় উপস্থিত হবে। তিনি বললেনঃ তার এ আত্মপীড়ন দ্বারা আল্লাহ্ কিছুই করবেন না। পরে তিনি তাকে সওয়ার হয়ে যাওয়ার আদেশ দিলেন।

3855নূহ ইবন হাবীব (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি কোন বিষয়ের উপর কসম খাওয়ার পর ইনশাআল্লাহ্ বললো, সে যেন তা বাদ দিল।

3856আব্বাস ইবন আবদুল আযীম (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) হতে মারফু রূপে বর্ণিত যে, তিনি বলেন, সুলায়মান (আঃ) বললেনঃ আজ রাতে আমি আমার নব্বইজন স্ত্রীর নিকট গমন করবো, তাদের প্রত্যেকে এক-একজন এমন সন্তান প্রসব করবে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। তাকে বলা হলোঃ ইনশাআল্লাহ্ বলুন, তিনি বললেন না। তারপর তিনি প্রত্যেক স্ত্রীর নিকট গমন করলেন, কিন্তু একজন ব্যতীত কেউই সন্তান প্রসব করলো না। ঐ একজনও অর্ধ অঙ্গবিশিষ্ট সন্তান প্রসব করলো। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যদি তিনি ইনশাআল্লাহ্ বলতেন, তবে কসম ভঙ্গ হতো না এবং তিনি কৃতকার্য হতেন।

উৎস: Sunan an Nasai

WEBREATH · 11:11

«Should I not be a thankful servant?» — Sahih al-Bukhari

Breath is one for all: everyone lives by it, whoever they are and whatever they believe. Every day at 11:11 local time people stop for sixty seconds, breathe, and thank GOD for the breath — each in their own words, each within themselves. In that minute we are One Breath.

WEBREATH — the Minute at 11:11, your own local time — we are One Breath